১০:২৭ পি.এম
ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বাঁশখালীবাসী যাতে প্রতিবছর বন্যার কবলে না পড়েন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। মন্ত্রী আরও বলেন, পাহাড়ি ঢলের পানি যেন মানুষের বসতবাড়িতে প্রবেশ করতে না পারে, সে জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আজ এসব কথা বলেন। তিনি বলেন, এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। এর ফলে স্বাভাবিক বৃষ্টিতেই খালগুলো উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহকে স্বাভাবিক করা হবে, যাতে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হয়।
মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী আগামীকাল চট্টগ্রামে বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন