ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যার পানিতে ঘরছাড়া, মেয়েকে পাতিলে নিয়ে আশ্রয় খুঁজছেন বাবা


বন্যার পানিতে ঘরছাড়া, মেয়েকে পাতিলে নিয়ে আশ্রয় খুঁজছেন বাবা

বসতভিটা, উঠান ও গ্রামের পথ সবই ডুবে গেছে। একটি বড় অ্যালুমিনিয়ামের পাতিল হাতে নিয়ে এক বাবা পানির বুকসমান উচ্চতায় ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন। পানির চলমান স্রোতকে সামলে নিয়েই তিনি চেষ্ট করছেন, তার হাতের পাতিলে বসে আছে ছোট্ট মেয়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তিনি। শুক্রবার (১০ জুলাই) মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের আদমপুর গ্রামে এমন একটি হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী হয়েছেন স্থানীয়রা।

বাবা আব্দুর রহিম তার শিশুকন্যা আসমাকে বন্যাকবলিত বাড়ি থেকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে ঘরের বড় অ্যালুমিনিয়ামের পাতিলকে অস্থায়ী ভেলার মতো ব্যবহার করেছেন।

এ বিষয়ে আব্দুর রহিম জানান, “হঠাৎ করে বাড়িতে পানি অনেক বেড়ে যায়। মেয়েটা ছোট, কোলে নিয়ে হাঁটলে পিছলে যাওয়ার ভয় ছিল। তাই ঘরের বড় হাঁড়িটার ভেতরে বসিয়ে মেয়েকে নিরাপদ জায়গায় নিয়ে যাই। বাবা হিসেবে তখন একটাই চিন্তা ছিল, মেয়েটাকে নিরাপদে পৌঁছে দিতে হবে। হাতে যা ছিল, তাই দিয়েই চেষ্টা করেছি।”

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এক স্থানীয় যুবক বলেন, “আমরা তখন নিজেদের ঘরবাড়ি বাঁচাতে ব্যস্ত ছিলাম। কিন্তু হঠাৎ দেখি রহিম হাঁড়ির মধ্যে মেয়েকে বসিয়ে পানি পার হচ্ছেন। দৃশ্যটি দেখে সবাই আবেগাপ্লুত হয়ে পড়ে। এটা সত্যিই একজন বাবার অসাধারণ উপস্থিত বুদ্ধির পরিচয়।”

ভারী বৃষ্টি এবং ভারত থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ার কারণে রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও সদর উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ১৭ ইউনিয়নে অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদের মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকটে দিন কাটাচ্ছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, চার হাজার ১৭৫ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের জন্য ১৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ত্রাণ বিতরণও চলছে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানালেন, “জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে। দুর্ভোগে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, ত্রাণ বিতরণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।”

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বহুল আলোচিত দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


বহুল আলোচিত দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ

গাজীপুরের টঙ্গীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি ও এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে আদালতের মাধ্যমে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামাল হোসেন ওরফে ‘চাপাতি কামাল’ (২৮) এবং জাহিদ দেওয়ান (২৬)। জাহিদ দেওয়ান টঙ্গীর এরশাদনগর ৩ নম্বর ব্লকের বাসিন্দা। অপর আসামি কামাল হোসেন ওরফে ‘চাপাতি কামাল’ গাজীপুরা কাজীবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসপট্টি এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশার গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে ছিনতাই করে কামাল, জাহিদ, সোহাগসহ একটি সংঘবদ্ধ চক্র। ঘটনা ঘটে যাওয়ার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।

এরপর টঙ্গী পূর্ব থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই চিহ্নিত আসামি চাপাতি কামাল ও তার সহযোগী জাহিদ দেওয়ানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


আমেরিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মির্জা ফাহিম আহমেদ (২৭) নামের এক বাংলাদেশির মৃত্যু ঘটেছে।

এটি ঘটেছে বুধবার (৮ জুলাই) সকাল ৭টা ৫৩ মিনিটে ভ্যালি এলাকার ল্যাসেন স্ট্রিট ও রেসিডা বুলেভার্ড ইন্টারসেকশনে।

সিসিটিভির ভিডিও পর্যবেক্ষণ করে লস এঞ্জেলেস পুলিশ জানিয়েছে, দুটি গাড়ির ধাক্কায় ফাহিমের গাড়িটি সড়ক থেকে ছিটকে গিয়ে লাইট পোলে আঘাত করে। এর ফলে গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। ভেতরে আটকে থাকা ফাহিমকে উদ্ধার করতে পুলিশ ও দমকল বাহিনীকে বেশ বেগ পেতে হয়। দুর্ঘটনাস্থলের একেবারে স্থানেই তার মৃত্যু ঘটে।

অন্যদিকে, অপর দুই গাড়ির চালকও আহত হয়েছেন। তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাত্র ২৭ বছর বয়সি ফাহিম প্রায় দেড় বছর আগে মা, বাবা ও ভাইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তাদের স্থায়ী বাসস্থান ঢাকার জিগাতলা এলাকায়। ফাহিম গত কোরবানির ঈদের সময় দেশে গিয়ে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করার স্বপ্ন দেখছিলেন। লস এঞ্জেলেসে ফিরে নববধূকে নিজের কাছে আনার পরিকল্পনা ছিল তার।

এই উদ্দেশ্যে স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য দেশটির অভিবাসন দপ্তরে আবেদনও জমা দিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নপূরণের পূর্বেই এক আকস্মিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে।

ফাহিমের ছোটভাই মির্জা তামিম গণমাধ্যমকে জানান, ফাহিমের লাশ শনিবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপরই জানাজা ও দাফনের কর্মসূচি জানানো হবে।

মির্জা তামিম বলেন, দুর্ঘটনার জন্য দায়ীদের বিচারে তারা একটি আইনজীবী নিয়োগ করেছেন। পাশাপাশি পুলিশও প্রকৃত তদন্ত শুরু করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইসরাইলের জন্য সোমালিল্যান্ডে গোপন সামরিক ঘাঁটি গড়ছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


যুক্তরাষ্ট্র-ইসরাইলের জন্য সোমালিল্যান্ডে গোপন সামরিক ঘাঁটি গড়ছে আমিরাত

ফরাসি সংবাদমাধ্যম লা মঁদ এর খবর অনুসারে, বারবেরা বিমানবন্দরকে কেন্দ্র করে গোপনে বড় ধরনের সামরিক ঘাঁটি নির্মাণের কাজ চলছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, স্বঘোষিত সোমালিল্যান্ডের বারবেরা শহরের উপকণ্ঠে অবস্থিত বিমানবন্দরটিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য যৌথ সামরিক ঘাঁটিতে রূপান্তর করা হচ্ছে।

৬ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২৬ ডিসেম্বর ইসরাইল সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই এই প্রকল্পের কাজ গতিশীল হয়ে উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, এর উদ্দেশ্য হলো ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছাকাছি অবস্থান নিয়ে এডেন উপসাগর ও বাব-এল-মান্দেব প্রণালিতে সামরিক উপস্থিতি স্থাপন করা।

লা মঁদ এর রিপোর্ট অনুসারে, স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে যে, বিমানবন্দরের রানওয়ের দক্ষিণ পাশে অন্তত তিনটি অঞ্চলে বড় ধরনের খননকাজ চলছে। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সেখানে অন্তত ১৮টি বড় পরিখা খোঁড়া হয়।

ইউরোপীয় নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, এগুলো ভূগর্ভস্থ গোলাবারুদ সংরক্ষণাগার বা জ্বালানি ডিপো হিসেবে ব্যবহৃত হতে পারে। ছবিতে দেখা যায়, পরিখাগুলো প্রথমে কনটেইনার দিয়ে পূরণ করার পর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক বিশেষজ্ঞ জানিয়েছেন যে, এসব স্থাপনা নির্মাণের দায়িত্বে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০১৭ সালে সোমালিল্যান্ডের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বারবেরা বিমানবন্দর সামরিক কাজে ব্যবহারের অধিকার পায় আমিরাত।

এক বিমানবন্দর কর্মীও নাম গোপন রেখে জানিয়েছেন, আবুধাবি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে এই ঘাঁটি নির্মাণ কাজে যুক্ত রয়েছে।

এদিকে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজ (আইআইএসএস) এর গত ২৭ জানুয়ারির বিশ্লেষণে দেখা যায়, স্যাটেলাইট চিত্রে উঁচু মাটির প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রস্তুতির বিষয়ে ধারণা করা যাচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে উত্তর সোমালিয়ার পুন্টল্যান্ড অঞ্চলের বোসাসো বিমানবন্দরে আমিরাতের নিয়ন্ত্রণে থাকা সামরিক স্থাপনায় ২০২৫ সালের মার্চে ইসরায়েলের তৈরি এএল/এম-২০৯৪ রাডার মোতায়েন করা হয়েছিল। বারবেরার উন্নয়ন সেই কৌশলের ধারাবাহিকতা হতে পারে।

যদিও ইসরাইল ও সোমালিল্যান্ড আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিরক্ষা চুক্তির বিষয়টি অস্বীকার করেছে, তথাপি উভয় পক্ষের মধ্যে নিরাপত্তা সহযোগিতার কার্যক্রম চলছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। উল্লেখ করা হয়েছে, সোমালিল্যান্ডের গোয়েন্দা কর্মকর্তারা প্রশিক্ষণের জন্য গোপনে তেল আবিব সফর করেছেন এবং ইসরাইলি সামরিক প্রতিনিধিরা হারগেইসা ও বারবেরা পরিদর্শন করেছেন।

লোহিত সাগরের দক্ষিণ প্রবেশমুখে অবস্থিত বারবেরা বিমানবন্দরটির রানওয়ে প্রায় চার কিলোমিটার দীর্ঘ, যা আফ্রিকার অন্যতম বড় রানওয়ে। এটি ১৯৭০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন নির্মাণ করে। ২০১৭ সালে আমিরাত এর নিয়ন্ত্রণ গ্রহণ করার পর রানওয়ে সংস্কার, সামরিক হ্যাঙ্গার ও নৌ-জেটি নির্মাণের কাজ শুরু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিমানবন্দরটিতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানকার সংযোগ সড়ক বন্ধ রাখা হয়েছে। পূর্ব আফ্রিকাভিত্তিক একটি নিরাপত্তা সূত্র বলছে, ইসরাইলি সামরিক দল ইতোমধ্যে ঘাঁটি পরিদর্শন করেছে এবং ভবিষ্যতে ইয়েমেনে সামরিক অভিযানের জন্য এটি ব্যবহার করা হতে পারে।

এছাড়া মার্কিন আফ্রিকা কমান্ড (আফ্রিকম)-এর প্রতিনিধিরা নিয়মিত বারবেরা সফর করছেন বলেও উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ১ ডিসেম্বর আফ্রিকম প্রধান জেনারেল ড্যাগভিন অ্যান্ডারসনকে বারবেরা বিমানবন্দরে দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জিবুতির বিকল্প সামরিক ঘাঁটির সন্ধানে রয়েছে। কারণ বাজারে মার্কিন ঘাঁটির নিকটেই চীনের প্রথম বিদেশি সামরিক ঘাঁটি রয়েছে। পাশাপাশি, হুথিদের হামলার আশঙ্কায় জিবুতি ইয়েমেনে মার্কিন হামলার জন্য নিজের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিতে চায় না। অন্যদিকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আশায় সোমালিল্যান্ড এ ধরনের সহযোগিতায় আগ্রহ প্রকাশ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালকেল্লাকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


লালকেল্লাকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি

লালকেল্লা, দিল্লির সচিবালয় এবং দু’টি স্কুলে ‘বোমা রাখা আছে’ বলে অজ্ঞাতপরিচয়ে এক দুষ্কৃতীর তরফ থেকে হুমকির পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে পুরো এলাকা তল্লাশি শেষে অবশেষে পুলিশ জানায়, এটি ছিল ভুয়া হুমকি।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) এক ব্যক্তি মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে লাল কেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এর পরই মুম্বাই পুলিশ বিষয়টি দ্রুত দিল্লি পুলিশকে জানায়।

খবর পেয়ে উত্তর দিল্লি জেলা পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা তল্লাশি চালায়। কিন্তু কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু না পাওয়ায়, পুলিশ হুমকিটি ভুয়া বলে ঘোষণা করে।

এছাড়া, উল্লেখ্য, প্রায় আট মাস আগে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছিল এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছিল। ওই ঘটনায় কাশ্মীরভিত্তিক একটি জঙ্গি চক্রের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তদন্তে আল-কায়েদা-ঘনিষ্ঠ সংগঠন আনসার গাজওয়াতুল হিন্দের সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।

এছাড়া, চলতি বছরের মে মাসে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পলাতক ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

তদন্তকারীদের দাবি, তারা দিল্লি, মুম্বাইসহ ভারতের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। তাদের সম্ভাব্য লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, বিমানবন্দর, রেলস্টেশন এবং বিদ্যুৎকেন্দ্র।

সূত্র: এনডিটিভি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%