ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় বৃদ্ধ বাবাকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক


খুলনায় বৃদ্ধ বাবাকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

খুলনায়, ছেলে জয় ঢালীকে গুলি করে ও কুপিয়ে হত্যার মাত্র দেড় মাসের মাথায়, বাবা আক্তার ঢালীকে (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ অক্টোবর) রাতে রূপসার দুর্জনীমহল শহীদের মোড়ের ঢালী বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের শহীদের মোড় সংলগ্ন নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন আক্তার ঢালী। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিকভাবে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এর আগে, গত ১৫ আগস্ট রাত সোয়া ৯টার দিকে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) দুর্জনীমহল শহীদের মোড়ের একটি চায়ের দোকানের সামনে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে একদল যুবক। ওই ঘটনায় জয়ের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারনামীয় প্রধান আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল।

এদিকে, ছেলে জয় ঢালীকে (২৭) গত ১৫ আগস্ট গুলি করে ও কুপিয়ে হত্যার মাত্র একমাস ২০দিন পর বাবাকে গুলি করে হত্যার ঘটনায় দুর্জনীমহল গ্রামের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মী মুরাদ জানান, আক্তার ঢালীর ডান পাশের কাঁধের গোড়ার দিকে গুলির আঘাত রয়েছে। একটি মূল গুলির আঘাতের পাশাপাশি শরীরে ছররা গুলির আঘাতও থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় কোথায় তার গুলি লেগেছে তা নিশ্চিত করে তিনি বলতে পারেননি।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ওসি বলেন, কী কারণে কারা তাকে হত্যা করেছে, প্রাথমিকভাবে তা বলা সম্ভব হচ্ছে না। হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত তা উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে। হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে বলে ওসি উল্লেখ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, তরুণের বিপদে পরিণতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, তরুণের বিপদে পরিণতি

অচেনা নম্বর থেকে ভিডিও কল আসার পর, তরুণটি কল রিসিভ করতেই তার ফোনের পর্দায় একটি নগ্ন নারীর ছবি ভেসে ওঠে। এরপর ওই তরুণের ‘নগ্ন ভিডিও’ ধারণ করার দাবি করে শুরু হয় ভয় দেখানো। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি প্রতারক চক্র দফায় দফায় টাকা আদায় করে। শেষ পর্যন্ত ওই তরুণের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫০ লাখ রুপি।

এই চাঞ্চল্যকর ঘটনা ভারতের আহমেদাবাদে ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী ২৫ বছর বয়সী একজন তরুণ, যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। প্রতারণার শিকার হওয়ার পর তিনি সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ৩ সেপ্টেম্বর অজ্ঞাত একটি নম্বর থেকে ওই তরুণের হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে। কলটি ধরার পর তিনি হঠাৎ পর্দায় নগ্ন নারীকে দেখতে পান। বিষয়টি দেখে তিনি ভয় পেয়ে দ্রুত কল কেটে দেন এবং নম্বরটি ব্লক করে দেন।

কিছুক্ষণ পর অন্য একটি নম্বর থেকে তার কাছে ফোন আসে। ফোনকারী দাবি করেন, ওই তরুণের একটি ‘নগ্ন ভিডিও’ ধারণ করা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করা হয়। এ সময় তাকে একটি ভিডিওও পাঠানো হয়, যা পরে ভয়ে তিনি মুছে ফেলেন।

এরপর ২৭ সেপ্টেম্বর অন্য একটি নম্বর থেকে আবার ফোন আসে। ফোনকারী নিজেকে ‘সঞ্জয় অরোরা’ নামে পরিচয় দিয়ে দিল্লি সাইবার ক্রাইম শাখার কর্মকর্তা বলে দাবি করেন। তিনি জানান, ওই তরুণের নামে একটি ‘নগ্ন ভিডিও’ ছড়িয়ে পড়েছে। এ ধরনের অপরাধে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলেও ভয় দেখানো হয়। এমনকি আহমেদাবাদ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে বলেও হুমকি দেওয়া হয়।

পুলিশের অভিযোগ অনুযায়ী, এরপর প্রতারকেরা তাকে কথিত এক ‘ইউটিউব কর্মকর্তার’ সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। ওই ব্যক্তি দাবি করেন, তরুণের নামে দুটি ‘নগ্ন ভিডিও’ পাওয়া গেছে। সেগুলো সরিয়ে ফেলতে ‘আইনি প্রক্রিয়ার’ জন্য ৭১ হাজার ২৫০ রুপি দিতে হবে।

গ্রেপ্তার ও ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে ওই তরুণ টাকা দিতে রাজি হন। কিন্তু টাকা দেওয়ার পরও প্রতারণা থামেনি। একের পর এক অজুহাতে তার কাছে আরও অর্থ দাবি করতে থাকে চক্রটি। টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেওয়ার পাশাপাশি তার পেশাগত জীবন নষ্ট করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, এভাবে দফায় দফায় বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৪৯ লাখ ৭৮ হাজার রুপি পাঠান ওই তরুণ। বিপুল অঙ্কের টাকা দেওয়ার পরও প্রতারকেরা আরও অর্থ দাবি করতে থাকলে একপর্যায়ে তিনি বুঝতে পারেন, সাইবার প্রতারণার শিকার হয়েছেন।

পরে তিনি সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, টাকা পাঠানো ব্যাংক হিসাবগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই প্রতারণার সঙ্গে কতজন জড়িত এবং অর্থের গতিপথ কোথায় তা তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের দুই দিনের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের দুই দিনের নিষেধাজ্ঞা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সেখানে উপস্থিত সাংবাদিকদের নিরাপত্তাকর্মীরা ফিরিয়ে দিচ্ছেন। বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

মহিউদ্দিন আহমেদ বলেন, "এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই।" তিনি সাংবাদিকদের দুই দিন অপেক্ষা করার অনুরোধ করেছেন।

সকাল থেকে বলাকার ফটকে উপস্থিত কয়েকজন সাংবাদিক জানান, তথ্য সংগ্রহের জন্য ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাদের প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানান। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা না করেই তাদের ফিরে আসতে বাধ্য হতে হয়।

সাংবাদিকদের প্রবেশে এই নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ায় এর কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব বলে মনে করেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।

কেন সাংবাদিকদের জন্য দুই দিনের এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সে বিষয়ে বিমানের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের শৈশব নিরাপদ ও সুরক্ষিত হওয়া উচিত: ডা. জুবাইদা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


শিশুদের শৈশব নিরাপদ ও সুরক্ষিত হওয়া উচিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান মন্তব্য করেছেন যে, শিশুদের শৈশব নিরাপদ হতে হবে। তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হওয়া প্রয়োজন। এইভাবে শিশুরা নতুন উদ্যমে তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সফল হতে পারবে।

তিনি উল্লেখ করেন, প্রত্যেক শিশুর মধ্যে অপার সম্ভাবনা ও প্রতিভা লুকিয়ে রয়েছে। সেই প্রতিভা বিকাশের জন্য শিশুদের উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করা জরুরি।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মহিলা, শিশু ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডা. জুবাইদা রহমান বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা-কর্মচারী এবং শিশু-কিশোরদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫০ বছর আগে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। শিশুদের সম্ভাবনা ও ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠার পর থেকে নানা বাধা-বিপত্তি সত্ত্বেও প্রতিষ্ঠানটি গত পাঁচ দশক ধরে নিরলসভাবে কাজ করে আসছে।

তিনি আরও বলেন, শিশু একাডেমির আঙিনায় ছবি আঁকা, সংগীত, নৃত্য, আবৃত্তি ও সাহিত্যচর্চার মাধ্যমে অগণিত শিশু-কিশোরের প্রতিভা বিকশিত হয়েছে। শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

শিশুদের অধিকার ও শিক্ষার সুযোগ সম্প্রসারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা এবং মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন।

ডা. জুবাইদা রহমান বলেন, শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর এই শুভক্ষণে নতুন উদ্যোগের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সাহায্যে বাংলাদেশ শিশু একাডেমিকে দেশের প্রতিটি প্রান্তের সকল শিশুর কাছে পৌঁছে দিতে হবে। আগামী দিনেও শিশু একাডেমি শিশুদের স্বপ্ন ও প্রতিভা বিকাশের একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে থাকবে।

তিনি শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, স্নেহের ছোট্ট বন্ধুরা, সকল বাধা-বিপত্তি ছিন্ন করে তোমরা প্রস্ফুটিত হবে। আশা-আকাঙ্ক্ষার সার্থকতার আলোকরশ্মি দু’হাতে বরণ করবে।

প্রত্যেক শিশুর মধ্যে অপার সম্ভাবনা ঘুমিয়ে আছে উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, সেই প্রতিভাকে প্রকাশের সুযোগ দিতে হবে। নতুন উদ্যম ও নতুন উদ্যোগে শিশুরা ইনশাআল্লাহ সফল হবে।

তিনি আরও বলেন, প্রতিটি শৈশব হোক নিরাপদ, প্রতিটি শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত-এই আমাদের কামনা।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমান বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ শিশু তাদের স্বাগত জানায়। অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনী ও আলোকচিত্র গ্যালারিও তারা পরিদর্শন করেন। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রলির জন্য টাকা না দেওয়ায় ফরিদপুরে হাসপাতালে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


ট্রলির জন্য টাকা না দেওয়ায় ফরিদপুরে হাসপাতালে শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য চার বছরের একটি অসুস্থ শিশুকে নেওয়ার পর ট্রলির জন্য টাকা চাওয়া হয়। টাকা দিতে না পারায় অভিযোগ উঠেছে যে, সময়মতো ট্রলি পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩২ সেকেন্ডের একটি ভিডিওর কারণে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু ঘটে।

মৃত শিশুটির নাম রুহুল আমিন (৪)। তিনি ফরিদপুর সদর উপজেলার পুরদিয়া গ্রামের মাফুজুরের ছেলে।

স্বজনদের অভিযোগ, শিশুটিকে জরুরি বিভাগে দ্রুত নেওয়ার জন্য স্ট্রেচার বা ট্রলি চাওয়া হলে কর্মচারীরা টাকার দাবি করেন। টাকা দিতে না পারায় ট্রলি মেলেনি। ফলে, স্বজনদের বাধ্য হয়ে শিশুটিকে কোলে নিয়েই ওয়ার্ডের দিকে ছুটতে হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু ঘটে।

এ সময় শিশুটির মুখে অক্সিজেনের মাস্ক ছিল। একজন স্বজন কোলে শিশুটিকে নিয়ে দৌড়াচ্ছিলেন, অন্যরা অক্সিজেন সিলিন্ডার ও স্যালাইনের বোতল বহন করছিলেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাসপাতালের সেবাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

তবে ট্রলি না পাওয়ার কারণে শিশুটির অবস্থার অবনতি বা মৃত্যু হয়েছে কি না, সেটি নিশ্চিত নয়। স্বজন ও সচেতন মহলের অনেকেই বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বে থাকা নার্স ও ওয়ার্ডবয়দের সঙ্গে কথা বলেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, রোগীর স্বজনদের অভিযোগ সঠিক নয়। শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। এ অবস্থায় ট্রলিতে করে তাকে নেওয়া হলে আরও বেশি ঝুঁকি তৈরি হতে পারে—এমন আশঙ্কায় নার্সরা শিশুটিকে ট্রলিতে নিতে নিষেধ করেছিলেন।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%