মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:১৬ পি.এম
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়ক দিয়ে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যা করার ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে সলঙ্গা থানার পুলিশ পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর কাটাবাড়ী এলাকা থেকে তাদের আটক করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর কাটাবাড়ী গ্রামের আব্দুল ওহাব আলী এবং তার ছেলে মো. জাকির হোসেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৫ সালের ২৪ মার্চ, মো. রোকনুজ্জামান ও মো. নাসির উদ্দীন মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ আদালতে যাচ্ছিলেন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেল চাপা দেয়, ফলে রোকনুজ্জামান ও নাসির উদ্দীন নিহত হন।
পরবর্তীতে নিহতদের পরিবারের পক্ষ থেকে আদালতে নামীয় ৫ জনসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাদের নিজ বাড়ি থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার দুপুরে (২৮ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের পক্ষ থেকে পাঠানো ১১ সদস্যের শিক্ষক প্রতিনিধি তালিকা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে। এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
বিশ্ববিদ্যালয় রেজিস্টার স্বাক্ষরিত একটি চিঠি থেকে জানা যায়, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সাথে মতবিনিময়ের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) শিক্ষক সমাজের প্রতিনিধিদের তালিকা চেয়েছিল। এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ১১ সদস্যের তালিকা ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ গোলাম মোস্তফার কাছে পাঠানো হয়।
তবে তালিকাটি প্রকাশিত হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রবল সমালোচনা শুরু হয়েছে। জুলাই আন্দোলনের সক্রিয় সমন্বয়ক ও প্রতিনিধিরা এই তালিকার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য আরমান হোসেন বলেন, "এখানে যাদের নাম দেখতেছি ২/১জন ছাড়া তাদের কোনো অবদান ছিলো না এই জুলাইয়ে, থাকলে প্রমাণ দেখাক। বরং এই লিস্টে সেই সকল শিক্ষকদের নাম নেই যাদের থেকে আমরা অনেক সাপোর্ট পেয়েছি।"
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পরিষ্কারভাবে জানাতে বলেন কিসের ভিত্তিতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
শামসুর রহমান সুমন মন্তব্য করেন, "নিজের চোখে দেখা, নেতৃত্ব দেয়া জুলাইয়ের এত বড় বিকৃতি কখনোই মেনে নিতে পারবো না! ধিক্কার জানাই! বিশ্ববিদ্যালয় প্রশাসন এতটাও নিচে নামবেন ভাবতে পারি নাই।" তিনি আরও বলেন, "এই তালিকায় অধিকাংশ ব্যক্তি আছেন যারা আওয়ামী খোলস পাল্টিয়ে নব্য বিএনপি হয়ে গেছেন। প্রশাসনিক পদ পদবি নিতে নিয়েছেন, সংবিধান সংশোধন কমিটি সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নিতে পারেন, কোন আপত্তি নাই। কিন্তু 'জুলাই গণঅভ্যুত্থানে' অবদান রেখেছেন এটা মানতে পারব না। অনতিবিলম্বে এই তালিকা প্রত্যাহার ও সংশোধন করুন।"
ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি বলেন, "আজ জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু কী মানদণ্ডে, কী প্রক্রিয়ায় এই তালিকা করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি ছাত্র-জনতার আত্মত্যাগের ইতিহাস। তাই প্রকৃত অবদানকারীদেরই স্বীকৃতি দেওয়া হোক।"
বেরোবি শিবির সভাপতি রাকিব মুরাদ বলেন, "জুলাই গনঅভ্যুত্থান নিয়ে বিকৃতি কোনভাবেই কাম্য নয়। জুলাইয়ে অবদান ছিল না এমন শিক্ষকের সংখ্যায় তালিকায় বেশি। এটাও প্রকাশ করুণ- জুলাইয়ে তাদের কি কি অবদান ছিলো নতুবা এই তালিকা আগে সংশোধন করতে হবে।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
প্রেরিত তালিকায় ১১ শিক্ষক অন্তর্ভুক্ত আছেন: অধ্যাপক হিসেবে ড. মো. মতিউর রহমান, ড. মো. ফেরদৌস রহমান, ড. মো. ইলিয়াছ প্রামানিক। সহযোগী অধ্যাপকদের মধ্যে ড. মো. তানজিউল ইসলাম, মাসুদ রানা, ড. মনিরুজ্জামান, মাসুদ উল হাসান। সহকারী অধ্যাপকদের মধ্যে মোঃ ইউসুফ, ফারজানা জান্নাত তসি, ইফ্ফাত আরা বাধঁন, শরিফা আক্তার নিপা নামও রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য একটি সমন্বিত প্যাকেজ চালুর সিদ্ধান্ত নিয়েছে।
এই প্যাকেজের আওতায় হজযাত্রার জন্য প্রয়োজনীয় সেবাগুলো একটি ইলেকট্রনিক চুক্তির মাধ্যমে প্রদান করা হবে। সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে দেশে ফিরে যাওয়ার সময় পর্যন্ত যাত্রাপথের বিভিন্ন সেবা এতে অন্তর্ভুক্ত থাকবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই প্যাকেজটি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে সরবরাহ করা হবে। এতে চারটি প্রধান সেবা অন্তর্ভুক্ত থাকবে—পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবারের ব্যবস্থা। পাশাপাশি অতিরিক্ত কিছু সুবিধা গ্রহণের সুযোগও থাকবে।
এই নতুন ব্যবস্থার মাধ্যমে বিদেশি হজবিষয়ক দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন শ্রেণির হজযাত্রীদের জন্য নিজেদের মতো করে কর্মসূচি সাজানোর সুযোগ পাবে। এজন্য একটি নির্দিষ্ট, তবে নমনীয় চুক্তি কাঠামো রাখা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
সৌদি আরবের ১৪৪৮ হিজরি সালের হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশটির ‘ভিশন ২০৩০’ এবং হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নয়নের কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ।
মন্ত্রণালয় ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সালের হজের প্রস্তুতি শুরু করেছে। এ লক্ষ্যে ৭৫টির বেশি দেশের হজবিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরিচালন পরিকল্পনা, বিধিবিধান ও প্রয়োজনীয় শর্তাবলি পর্যালোচনা করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল অবকাঠামোও সম্প্রসারণ করেছে সৌদি আরব। মন্ত্রণালয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্মগুলোতে চুক্তি, কার্যক্রম পরিচালনা ও ভিসা-সংক্রান্ত প্রক্রিয়াগুলো এক ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে হজযাত্রী ও সেবাদানকারী সংস্থাগুলোর কাজ সমন্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সূত্র: গালফ নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ সামান্য হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩৬ হাজার ১৪৫ দশমিক ৪৮ মিলিয়ন বা প্রায় ৩৬ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেইন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসী স্বাক্ষরিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের হালনাগাদ তথ্যে এই তথ্য প্রকাশিত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ ম্যানুয়াল অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ২৯৮ দশমিক ২৩ মিলিয়ন বা প্রায় ৩১ দশমিক ৩০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এর আগে ২০ সেপ্টেম্বর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার ছিল। সেই সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর— এই ৩ দিনেই প্রবাসীরা ১৩ কোটি ডলার পাঠিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরের ১৯ দিনে দেশে ১৮৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’।
এই তথ্য প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ