০৪:২৬ পি.এম
মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ হওয়া জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানা গেছে।
রোববার (১১ অক্টোবর) সকাল থেকে চাঁদপুরের আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লা ঘাট, চাঁদপুর মোহনা, গাজীর টেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জাল বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জাল এবং অন্যান্য ২২টি জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
চাঁদপুর নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ফায়িজ কাফী জানিয়েছেন, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষার জন্য সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে নৌবাহিনীর সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।
চাঁদপুর সদর উপজেলার মৎস্য কর্মকর্তা ওমর ফারুক জানিয়েছেন, মৎস্য বিভাগও পালাক্রমে নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ১০ হাজার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইলিশ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ইলিশও জব্দ করা হয়েছে।
গত ৮ অক্টোবর শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে নৌবাহিনী।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন