০৪:২৩ এম
বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছেন তার স্বজনেরা। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় নিখোঁজ হওয়া স্থানের প্রায় ৯ কিলোমিটার দূরে উপজেলার আড়িয়াল খাঁ নদীর নন্দীরবাজার এলাকায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার বেলা ১টার দিকে চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর লঞ্চঘাট এলাকায় গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। জামিলা (১৪) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্রামের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে। তিনি ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার তিনি মায়ের সঙ্গে দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে তার নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। স্কুলছাত্রীর খালাতো ভাই মো. আসাদুল্লাহ জানান যে, শুক্রবার দুপুরে জামিলা নদীতে নিখোঁজ হওয়ার পর স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে খুঁজতে নদীতে অভিযান শুরু করেন। শনিবার বিকালে ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে গেলে তার স্বজনেরা মাইকিং ও ট্রলার নিয়ে নদীতে খোঁজ চালাতে থাকেন। রোববার সকালে বালুবাহী একটি ট্রলারের শ্রমিকেরা নন্দীরবাজার এলাকায় জামিলার লাশ ভাসতে দেখে বিষয়টি তাদের জানান। পরে সেখান থেকে জামিলাকে শনাক্ত করে লাশ উদ্ধার করা হয়। মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা জানান, নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন