বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
০৯:১৩ পি.এম
পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে অবৈধভাবে পাঁতা হয়েছে শত শত চায়না দুয়ারি জাল। এর ফলে মা ও পোনা মাছ, এমনকি দেশি প্রজাতির মাছও ছেঁকে তোলা হচ্ছে। এতে মাছের প্রজনন প্রক্রিয়ায় একাধিক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, পানি নরবরাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় ক্ষতির মুখে পড়ছে ফসলি জমিগুলি। পুরো চলনবিল বর্তমানে চায়না দুয়ারি জালের দখলে।
চাটমোহর উপজেলার ডিকসি বিল, বিল কুড়ালিয়া, বগা বিল, খলিশাগাড়ি বিল, আফরার বিলসহ নিমাইচড়া, হান্ডিয়াল, ছাইকোলা, ডিবিগ্রাম, বিলচলন ইউনিয়নের বিভিন্ন বিল ও জলাশয়ে খোঁজ নিয়ে জানা গেছে। প্রতিটি বিল ও জলাশয়ে শত শত চায়না দুয়ারি জালের মাধ্যমে পেঁতে মাছ ধরা হচ্ছে। মাছের প্রजनন মৌসুমে দেদারছে মা মাছ নিধন করায় দেশি মাছের উৎপাদন হুমকির মুখে রয়েছে। একই সঙ্গে বিলের ঝলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্যও বিনষ্ট হচ্ছে। কৃষকেরা অভিযোগ করেছেন যে, চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহারের কারণে বিভিন্ন বিলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে ফসল ক্ষতির মুখে পড়েছে। এই অঞ্চলে প্রতিদিন চায়না দুয়ারি জালের মাধ্যমে প্রচুর পরিমাণ দেশি প্রজাতির মাছ নিধন করা হচ্ছে। স্বল্প পানি থেকে শুরু করে গভীর পানিতেও পেঁতে রাখা হচ্ছে এই জাল। ফলে, চাটমোহরসহ চলনবিল অঞ্চল মাছ শুন্য হয়ে পড়ছে।
এ ব্যাপারে চাটমোহরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন বলেছেন, “ইতোমধ্যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা শুরু করেছি। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে গত ১১ জুলাই বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, দেড় লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল জব্দ করে প্রকাশ্যে পোড়ানো হয়েছে।” এই কর্মকর্তা জানান, চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাকা দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে লুডু খেলায় ঝুঁকছে পাবনার সুজানগরের যুবসমাজ। এদিকে, একশ্রেণির স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও এই খেলায় আসক্ত হয়ে পড়ছে।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, এক সময় এলাকার বেকার ভবঘুরে যুবকদের পাশাপাশি স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্ররা শখেরবসে বাসা-বাড়িতে আ্যন্ড্রয়েড ফোনে লুডু খেলতো। কিন্তু বর্তমানে এই যুবক এবং শিক্ষার্থীরা শখের বিজয় নয়, টাকা দিয়ে জুয়ার মতো আ্যন্ড্রয়েড ফোনে লুডু খেলছে। নাজিরগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, ওই যুবক এবং শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে, বাড়ির আশপাশের বাগানে এবং বৈঠকখানায় বসে আ্যন্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলে থাকে।
তারা ১‘শ টাকা থেকে শুরু করে মোটা অংকের টাকা বাজি ধরে মোবাইল ফোনে লুডু খেলছে। বিশেষ করে আ্যন্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলার বিষয়টি সুজানগর থানা পুলিশের নজরে না আসার সুযোগে তারা কখনও রাতে আবার কখনও দিনে নির্বিঘ্নে ওই খেলা খেলে থাকে।
উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দিন মোল্লা মত প্রকাশ করে জানান, টাকা দিয়ে লুডু খেলাকে কেন্দ্র করে উপজেলায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। বিশেষ করে তাদের খেলার টাকা যোগাড় করতে গিয়ে চুরিসহ অন্যান্য আইনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ লালবুর রহমান বলেন, জুয়া খেলা যেভাবেই খেলা হোক না কেন, সেটি অপরাধ। কাজেই জুয়াড়িদের ধরতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এনসিপির সদস্যসচিব এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, গণভোটের রায় অনুযায়ী যদি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হতো, তাহলে এতদিনে সংস্কারের কাজ সম্পন্ন হয়ে যেত। নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই সংবিধান সংস্কার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিএনপি দুই-তৃতীয়াংশ আসনের অধিকারের পর থেকেই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে।
আজ বুধবার রাতে কালীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে স্থানীয় বানিনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন আরও বলেন, বাংলাদেশের মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। প্রশ্ন হচ্ছে, বিএনপির মতামত কি জনগণের মতামতের চেয়ে বড়? জনগণের মতামতই সবচেয়ে বড়। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় আসে তখন জনগণের রায়কে তারা গুরুত্ব দিচ্ছে না। তারা নিজেদের মত দিয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করছে এবং জনগণের রায়কে উপেক্ষা করেছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম চলাকালে বিএনপি দ্রুত নির্বাচন আদায় করে নিলেও এখন ক্ষমতা গ্রহণের ছয় মাস পেরিয়ে গেলেও স্থানীয় সরকার নির্বাচন দিতে ভয় পাচ্ছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সমালোচনা করে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেয়ার কথা বলা হলেও এখন আগামী বছরের প্রথম দিকে নির্বাচন আয়োজনের কথা বলা হচ্ছে।
গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ঘোষণা কৃত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জে জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবস্থিত আল কাওছার মেরিট মাদরাসার ১১ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পেয়েছে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে। গতকাল বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় সংবর্ধনার অনুষ্ঠানটি। বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এবং উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক ও ইবতেদায়ী মিলিয়ে মোট ২৪৩ জন শিক্ষার্থী ট্যালেন্ট এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়ে সংবর্ধনা লাভ করেছেন। এর মধ্যে আল-কাওছার মেরিট মাদরাসার ১১ জন কৃতি শিক্ষার্থী ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট এবং সাধারণ গ্রেডে তিনটি ক্রেস্ট গ্রহণ করেছেন।
উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল মান্নান। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ৪৮ বছর বয়সী অজিত পাত্র নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত বুধবার রাতের ঘটনাটি ঘটে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগান এলাকায়, যেখানে তার নিজ বসতঘরে অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে অভিযানে গিয়ে অজিত পাত্রের বসতঘরের দক্ষিণ কক্ষ থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানিয়েছেন যে, পুলিশের সিডিএমএস যাচাইয়ের সময় গ্রেফতারকৃত অজিত পাত্রের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলার তথ্যও প্রমাণিত হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ