০১:১৪ এম
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি পাগলা কুকুরের অতর্কিত হামলার ফলে নারী এবং শিশুসহ মোট অন্তত ২৭ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রথখোলা বাসস্ট্যান্ডের নিকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা এবং আহতদের স্বজনরা জানান, বিকেলের দিকে একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে। এরপর কুকুরটি সামনে যাদের পেয়েছে, তাদেরকে কামড়ে আহত করে।
পরে স্থানীয় লোকজন মিলে কুকুরটিকে ধাওয়া করে হত্যা করেন। আহতদের মধ্যে রয়েছে রাবেয়া আক্তার (১০), মনিরা বেগম (৪৫), বেল্লাল (১০), সাহেব আলী (৬৫), আতাই (২), আরাফাত (৬), আয়ান (৫), আল আমিন (৪৩), মিনারা বেগম (৬০), জিদনী (২৫), তাওহীদ (২৪), সোহাগ মোল্লা (৪০), প্রত্যয় (২), বিউটি (৪০), রুনু বেগম (৪৫), শাহানুর (৩৭), জান্নাত (৪), মিলন (২৪), নুপুর (৪২), সালমা (৩৫), সেলিনা (৩০), মনজুহালদার (৪৮), হাফিজুল (৩৬), সরোয়া হোসেন (৩৮), মাসুমা (৫৫) এবং পারুল বেগম (৬০)।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. মাহামুদুল হাসান জানিয়েছেন, কুকুরের কামড়ে আহত ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আহত আরও দুজনের অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মো. মাহামুদুল হাসান আরও জানান, জলাতঙ্ক রোগের ঝুঁকি থাকায় তাদের সবাইকে দ্রুত প্রতিষেধক টিকা বা ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন