১১:২৯ পি.এম
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের বেতন থেকে ‘লিন্দোং ২৪/৭’ নামে একটি সামাজিক নিরাপত্তা স্কিমের জন্য অর্থ কাটা আগের মতোই বাধ্যতামূলক থাকবে। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান আইন অনুযায়ী বিদেশি কর্মীদের এই স্কিমে অংশ নেওয়া বাধ্যতামূলক।
এর আগে যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বলেছিলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এই স্কিমে অংশগ্রহণ সবার জন্য ঐচ্ছিক হবে। তবে মানবসম্পদ মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত শুধু মালয়েশিয়ার স্থানীয় কর্মীদের জন্য প্রযোজ্য। বিদেশি কর্মীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
মানবসম্পদমন্ত্রী আর. রামানান জানিয়েছেন, স্থানীয় কর্মীরা চাইলে এই স্কিমে যোগ দেবেন, না চাইলে যোগ দেবেন না। কীভাবে তারা নিবন্ধন করবেন, সে বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাবে দেশটির সামাজিক নিরাপত্তা সংস্থা (প্যারকেসো)।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি আরও জানান, চলতি বছরের শেষ দিকে সরকার পুরো স্কিমটি পর্যালোচনা করবে। প্রয়োজনে ১৯৬৯ সালের কর্মচারী সামাজিক নিরাপত্তা আইন সংশোধনের প্রস্তাবও সংসদে আনা হতে পারে।
গত মাসে চালু হওয়া ‘লিন্দোং ২৪/৭’ স্কিমে সম্পূর্ণ অর্থ দেবেন কর্মীরাই। শুরুতে মাসিক বেতনের ০.৭৫ শতাংশ কাটা হবে। তৃতীয় বছর থেকে তা ১ শতাংশ এবং ষষ্ঠ বছর থেকে ১.২৫ শতাংশ হবে।
অর্থাৎ, কোনো বিদেশি কর্মীর মাসিক বেতন ৩ হাজার থেকে ৫ হাজার রিঙ্গিত হলে, তার বেতন থেকে প্রতি মাসে ২২.৫০ থেকে ৩৭.৫০ রিঙ্গিত কেটে নেওয়া হবে। নিয়োগকর্তা অন্যান্য সামাজিক নিরাপত্তা অবদানের সঙ্গে এই অর্থও প্যারকেসোতে জমা দেবেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন