ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইনিংস ব্যবধানে টেস্ট হারলো বাংলাদেশ


ইনিংস ব্যবধানে টেস্ট হারলো বাংলাদেশ

ম্যাকাই টেস্টে বাংলাদেশ ইনিংস ও ৫১ রানে হারলো মাত্র দুই দিনের মধ্যেই। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হলো ৯৫ রানে। এটি বাংলাদেশের জন্য প্রথম টেস্টের দুই ইনিংসেই এক শর নিচে অলআউট হওয়ার ঘটনা।

টস জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং বেছে নেওয়ার পর থেকে বাংলাদেশ কখনোই স্বাগতিকদের চ্যালেঞ্জ জানাতে পারেনি। দুই ইনিংস জুড়ে হতাশার ব্যাটিং দেখানোর পর একমাত্র স্বস্তি ছিল শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেট পাওয়ার ক্ষেত্রে।

এই টেস্টে টস জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং বেছে নেওয়ার পর বাংলাদেশ স্বাগতিকদের চ্যালেঞ্জ জানাতে পারেনি বলেই মনে হচ্ছে। দুই ইনিংসে হতাশার ব্যাটিংয়ের মাঝে একমাত্র প্রাপ্তি ছিল শরীফুল ইসলামের ৭ উইকেট।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

আজ সকালে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ২ উইকেট তুলে নিতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। এই সময়ের মধ্যেই প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এগিয়ে যায় ১৪৬ রানে।

উইকেটে বোলারদের জন্য খুব বেশি সুবিধা না থাকলেও, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশী ব্যাটসম্যানরা প্রথম ইনিংসের মতোই হতাশ করেছেন। তাদের আউট হওয়ার ধরন প্রশ্নবিদ্ধ।

ডাউন দ্য উইকেটে চলে আসার পর অধিনায়ক নাজমুল লং অফে ক্যাচ তুলে দিয়েছেন, তানজিদ হুক করতে গিয়ে আউট হয়েছেন, লিটন ১০ বল খেলেও কোনো রান পাননি। অপরপ্রান্তে মুশফিক ৮০ বল খেলে ২৯ রানে অপরাজিত ছিলেন।

শেষের দিকের হতাশা সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এই সিরিজটি গুরুত্বপূর্ণ জায়গা রাখবে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে নেমে ডারউইন টেস্টের জয়টি ক্রিকেটারদের স্মৃতিতে সবসময় থেকে যাবে। দীর্ঘ অপেক্ষার দুই টেস্টের সিরিজ শেষ হলো ১–১ সমতায়।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের পক্ষে একদিনেই ১৫০টি পোস্ট, ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পকে ঘিরে নতুন বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


ট্রাম্পের পক্ষে একদিনেই ১৫০টি পোস্ট, ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পকে ঘিরে নতুন বিতর্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের ২০২১ সালের ৬ জানুয়ারির সামাজিক যোগাযোগমাধ্যমে করা পুরোনো পোস্ট নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ওই দিন ট্রাম্পের জন্য তার প্রবল সমর্থন প্রকাশের বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএনের পর্যালোচনা অনুযায়ী, ২০২১ সালের ৬ জানুয়ারি হার্প এক দিনে ১৫০টির বেশি বার্তা প্রকাশ করেছিলেন। তিনি এসব বার্তায় রিপাবলিকানদের ট্রাম্পের পক্ষে লড়াই করার আহ্বান জানান এবং ২০২০ সালের নির্বাচনে কারচুপির ট্রাম্পের অভিযোগকেও সমর্থন করেছেন।

ওই সময় হার্পের বয়স ছিল ২৯ বছর। তিনি ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের উপস্থাপক ছিলেন এবং তার পরিচয়ে ট্রাম্পের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে উল্লেখ করেছিলেন।

সিএনএনের পর্যালোচনাতে দেখা যায়, ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকদের তিনি ‘দেশপ্রেমিক’ বলে উল্লেখ করেছিলেন। ট্রাম্পের ভাষণের সময় তিনি একাধিকবার পক্ষে লড়াই করার আহ্বান জানান। ট্রাম্পের বক্তব্য সরাসরি অনুসরণ করে বিভিন্ন বার্তাও প্রকাশ করেন।

ট্রাম্পের মিত্র রুডি জুলিয়ানির বক্তব্যও প্রচার করেছিলেন হার্প। জুলিয়ানি ওই দিনের ঘটনায় ‘যুদ্ধের মাধ্যমে বিচার’ করার কথা বলেছিলেন। পরে তার আইনজীবীরা দাবি করেন, এই বক্তব্য অতিরঞ্জিত এবং সহিংসতার আহ্বান নয়।

ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার পরেও হার্প বিভিন্ন বার্তা প্রকাশ করে যান। তিনি হামলাকারীদের ট্রাম্পের সমর্থক নয় বলেও দাবী করেন এবং হামলাকারীদের মধ্যে অ্যান্টিফা সদস্যদের উপস্থিত থাকার ভিত্তিহীন দাবিও ছড়িয়ে দেন। পরে তিনি ট্রাম্পের হামলাকারীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বানও প্রচার করেন।

যখন কংগ্রেসে ২০২০ সালের নির্বাচনের ফল অনুমোদনের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, তখনও হার্প ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের বিভিন্ন বক্তব্য প্রচার করেন। তিনি নির্বাচনের ফল নিয়ে আপত্তি জানানো কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতার প্রশংসাও করেন।

ট্রাম্পের নতুন প্রশাসন ক্ষমতায় আসবে বলে প্রকাশ্যে স্বীকার করার পরও হার্প তার বার্তা প্রচার করে যেতে থাকেন। এর কিছুক্ষণ পর তিনি ট্রাম্পের প্রতি নিজের ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করেন।

সিএনএনের পর্যালোচনা অনুযায়ী, হার্পের ট্রাম্পের নির্বাচনে পরাজয় না মানার বক্তব্যের প্রতি সমর্থন ৬ জানুয়ারির আগেও প্রকাশ্যে ছিল। ২০২০ সালের নির্বাচনের পর তিনি জো বাইডেনের জয়কে ‘অভ্যুত্থান’ বলে আখ্যা দিয়েছিলেন এবং ৬ জানুয়ারিকে সামনে রেখে সমর্থকদের ট্রাম্পের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বর্তমানে নাটালি হার্প ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন। এতদিন তিনি অনেকটা আড়ালে থাকলেও সম্প্রতি ডেমোক্র্যাট সিনেটর জন অসফ ট্রাম্পকে আক্রমণ করে দেওয়া এক বক্তব্যে হার্পের নাম উল্লেখ করেন।

এছাড়া ট্রাম্পের প্রতি হার্পের আনুগত্য প্রকাশ করার পুরোনো কিছু চিঠিও প্রকাশ্যে আসে। সিএনএনের পর্যালোচনায় দেখা গেছে, ট্রাম্পের প্রতি তার প্রকাশ্য সমর্থনের ইতিহাস অন্তত ২০১৬ সাল থেকে দেখা যাচ্ছে। এমনকি ২০১৯ সালে ট্রাম্পের অভিশংসনের সময় তিনি বাইবেলের উদ্ধৃতি দিয়ে তার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

হার্পের এসব পুরোনো বার্তা নিয়ে মন্তব্য জানতে সিএনএন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তবে তিনি এবং হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি স্কুলে প্রবেশ প্রসঙ্গে তেলাপোকা পার্টির অভিজিতকে বিপাকে ফেললেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


সরকারি স্কুলে প্রবেশ প্রসঙ্গে তেলাপোকা পার্টির অভিজিতকে বিপাকে ফেললেন মোদী

মহারাষ্ট্রের লাতুরে সরকারি স্কুলে অনুমতি ছাড়া প্রবেশ, শিক্ষকগণের কাজে বাধা সৃষ্টি এবং হুমকি দেওয়ার অভিযোগে ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির আহ্বায়ক অভিজিৎ দীপকে এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্যটি প্রকাশিত হয়েছে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, লাতুর জেলার আওসা থানায় জেলা পরিষদের একটি উর্দু স্কুলের শিক্ষক সৈয়দ শামশাদবানোর অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিজিৎ দীপ এবং তার সহযোগীরা আওসার সংলগ্ন জাওয়ালি এলাকার সরকারি স্কুলে অনুমতি ছাড়াই প্রবেশ করেন। এরপর তারা শিক্ষার্থীদের সঙ্গে বসে নানা ধরনের প্রশ্ন করেন। এই কারণে স্কুলের শিক্ষা কার্যক্রম এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, দীপ স্কুলের কার্যক্রমের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এবং সেখানে স্কুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তোলেন। এমনকি তিনি দাবি করেন, অন্য একটি স্কুলের শিক্ষার্থীদের ওই শ্রেণিকক্ষে বসানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।

শিক্ষকদের অভিযোগ করেছেন যে, দীপ তাদের বরখাস্ত করার হুমকি দেন এবং মানহানিকর বক্তব্য প্রচার করারও ভয় দেখান।

অভিজিৎ দীপ কেন্দ্রীয় মহারাষ্ট্রের লাতুর জেলার বিভিন্ন সরকারি স্কুল পরিদর্শন করে সেগুলোর সমস্যাগুলি তুলে ধরছিলেন। সরকারি স্কুলের পরিস্থিতি উন্নত করার দাবিতে তার দল ‘স্কুল ঠিক করো’ নামে একটি কর্মসূচিও চালিয়ে আসছে।

পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ভারতীয় ন্যায় সংহিতার সরকারি কর্মচারীর দায়িত্ব পালন করতে বাধা দেওয়া, অনধিকার প্রবেশ, অপরাধমূলক ভয় দেখানো এবং মানহানির ধারায় মামলা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখাবে বঙ্গ ও মাইকো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


বাংলাদেশে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখাবে বঙ্গ ও মাইকো

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আবারও রোমাঞ্চকর ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন সিজন নিয়ে এসেছে। ২০২৬/২৭ মৌসুমের জন্য পুরো ৩৮০টি ম্যাচ সরাসরি লাইভ স্ট্রিম দেখার সুযোগ উপলব্ধ রয়েছে বঙ্গ প্ল্যাটফর্মে, আর এতে সার্বিক সহযোগিতা করছে মাইকো।

বঙ্গ-এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমী ও সমর্থকরা ২০২৬/২৭ প্রিমিয়ার লিগ মৌসুমের সমস্ত ম্যাচ—শিরোপার লড়াই, ঐতিহাসিক দ্বৈরথ থেকে শুরু করে প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ের শেষ মুহূর্তের নাটকীয়তা—এগুলো সবকিছুই সরাসরি এবং এইচডি কোয়ালিটিতে উপভোগ করতে পারবেন। আন্তর্জাতিক প্রিমিয়াম স্পোর্টসকে ডিজিটাল স্ট্রিমিংয়ের মাধ্যমে বাংলাদেশি দর্শকদের নাগালের মধ্যে নিয়ে আসা এবং খেলাকে ঘিরে একটি উপভোগ্য অভিজ্ঞতা তৈরি করাই বঙ্গ ও মাইকোর প্রধান লক্ষ্য।

নতুন সিজন সূচনার উদযাপন উপলক্ষে ২২শে আগস্ট, শনিবার বঙ্গ এক জাঁকজমকপূর্ণ প্রেস ইভেন্ট ও ওয়াচ পার্টির আয়োজন করেছে; যেখানে এই ইভেন্টের অফিশিয়াল হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা।

বঙ্গ ইপিএল সিজন পাস হোল্ডার, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা বড় পর্দায় রোমাঞ্চকর ম্যানচেস্টার ইউনাইটেড-হাল সিটির ম্যাচটি সরাসরি উপভোগ করেছেন, যে ম্যাচে মৌসুমের শুরুতেই অঘটনের শিকার হয়েছে রেড ডেভিলরা।

বঙ্গ-এর চিফ অব বিজনেস অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স মামুন আতিক বলেছেন, "মাইকোর সঙ্গে মিলে আমরা আসলে চেয়েছি ফ্যানদের খেলা দেখার এক্সপেরিয়েন্সটাকে একদম নতুন একটা লেভেলে নিয়ে যেতে। একইসাথে ব্র্যান্ড, আমাদের পার্টনার এবং পুরো স্পোর্টস কমিউনিটির জন্য নতুন কিছু সুযোগ তৈরি করাটাও আমাদের অন্যতম লক্ষ্য। আমরা খুবই এক্সাইটেড এবং আশা করছি পুরো মৌসুমজুড়েই এই দারুণ ধারাটা আমরা ধরে রাখতে পারব।"

সফল প্রেস ইভেন্ট ও ওয়াচ পার্টির পাশাপাশি দেশের বিশাল ফ্যান্টাসি ফুটবল কমিউনিটির জন্য অফিশিয়াল বঙ্গ ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ক্যাম্পেইন শুরু করেছে প্ল্যাটফর্মটি।

শুধু বঙ্গ ইপিএল সিজন পাস সাবস্ক্রাইবারদের জন্য নির্ধারিত এই এক্সক্লুসিভ লিগে সেরা ম্যানেজারদের জন্য রয়েছে প্লেস্টেশন ৫, ম্যাকবুক এবং আইফোন-এর মতো মেগা পুরস্কার। পাশাপাশি পুরো মৌসুমজুড়ে অংশগ্রহণকারীদের জন্য প্রতি মাসেই থাকছে সারপ্রাইজ গিফট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের শুল্ককে ‘হামলা’ বলে কানাডার পাল্টা জবাবের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


ট্রাম্পের শুল্ককে ‘হামলা’ বলে কানাডার পাল্টা জবাবের ঘোষণা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ভুল হিসাব এবং হামলা হিসেবে আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার (২১ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার (২২ আগস্ট) তিনি বলেছেন, দুইদেশ এখন বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে।

কার্নি বলেন, ‘তারা অনেক বেশি চেয়েছে, কিন্তু বিনিময়ে খুব কম প্রস্তাব দিয়েছে।’ কানাডার ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ককে আক্রমণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আক্রমণ করা হলে সেটি যুদ্ধ। আমাদের ওপর আক্রমণ করা হয়েছে।’

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের সমপরিমাণ শুল্ক ‘ডলার বিনিময়ে ডলার’ ভিত্তিতে পাল্টা আরোপের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি জানান, ইস্পাত, দুগ্ধজাত পণ্য, বৈদ্যুতিক সরঞ্জাম ও বিভিন্ন ধরনের পণ্যের ওপর এই পাল্টা শুল্ক কার্যকর হবে।

বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডার বিভিন্ন পণ্যের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর বাইরেও কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি ও কাঠের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক রয়েছে।

তবে নতুন ৫০ শতাংশ শুল্কের আওতা তুলনামূলকভাবে সীমিত। এর ফলে প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের কানাডীয় পণ্য অন্তর্ভুক্ত হয়েছে, যা দেশের যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির প্রায় ৫ শতাংশ। এসব পণ্যের মধ্যে রয়েছে মদ, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক ও হকি সরঞ্জাম।

কার্নি জানিয়েছেন, নিজেদের স্বার্থ রক্ষার জন্য অনিচ্ছা সত্ত্বেও কানাডা পাল্টা ব্যবস্থা নিচ্ছে। তবে পাল্টা শুল্কের বিস্তারিত তালিকা আগামী কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে।

গত শুক্রবার (২১ আগস্ট) আলোচনা ভেঙে যাওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদ ছিল, কিন্তু শেষ মুহূর্তে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে নতুন শর্ত যোগ করার অভিযোগ তোলে। কানাডার দাবি, যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে এমন কিছু পরিবর্তন এনেছে, যা তাদের কাছে অন্যায্য ও অর্থনৈতিকভাবে অগ্রহণযোগ্য।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার অভিযোগ করেছেন, কানাডা আগে সম্মত হওয়া বিষয়গুলোর থেকে সরে গিয়ে নতুন দাবি তুলেছে। তিনি জানিয়েছেন, আপাতত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন আলোচনা শুরু করার কোনো পরিকল্পনা নেই।

কার্নি এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, কানাডা নতুন কোনো দাবি তোলেনি। বরং আলোচনায় প্রস্তাব দেওয়া হচ্ছে, সেটি পরিষ্কার করার পরও যুক্তরাষ্ট্রের কাছ থেকে হতাশাজনক উত্তর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের বিরুদ্ধে কার্নির অবস্থানকে কানাডার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বেশ কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রী সমর্থন করেছেন। কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিওর মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। ব্রিটিশ কলাম্বিয়ার মুখ্যমন্ত্রী ডেভিড ইবি বলেছেন, কানাডার অন্য দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করার ক্ষমতা সীমিত করার মার্কিন দাবি মেনে নেওয়া সম্ভব নয়।

কনজারভেটিভ দলের নেতা পিয়ের পয়লিয়েভও নতুন মার্কিন শুল্ককে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তবে তেলসমৃদ্ধ আলবার্টা প্রদেশের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথ দুই পক্ষকেই আবার আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। কুইবেকের মুখ্যমন্ত্রী ক্রিস্টিন ফ্রেশেত বলেছেন, নতুন শুল্কের কারণে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তা দিতে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

উত্তর আমেরিকার বাণিজ্য চুক্তির পরিস্থিতি নিয়েও বাণিজ্য আলোচনা ভাঙ্গার কারণে শঙ্কা দেখা দিয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা চলছিল, সম্প্রতি নতুন শুল্ক আরোপের সময়সীমা ঘনিয়ে আসায় আলোচনা আরও জোরদার হয়েছিল।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির বাধ্যতামূলক পর্যালোচনাও চলছিল। ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় পুরোনো চুক্তির পরিবর্তে বর্তমান চুক্তিটি করেছেন, যার আওতায় তিন দেশের মধ্যে বছরে প্রায় ১.৬ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়। কানাডা ও মেক্সিকো চলতি বছরের শুরুতে চুক্তিটি আরও ১৬ বছরের জন্য নবায়নের অনুরোধ জানিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র বর্তমান কাঠামোয় চুক্তিটি নবায়নে রাজি হয়নি।

শুক্রবারের (২১ আগস্ট) বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার প্রভাব উত্তর আমেরিকার এই বাণিজ্য চুক্তিতে পড়বে কি না, জানতে চাইলে কার্নি বলেন, বিষয়টি নিশ্চিতভাবেই ভালো খবর নয়।

সূত্র: বিবিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%