শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৪০ পি.এম
ইসলামী শরিয়তে পবিত্রতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুসলমানদের জন্য বিভিন্ন কারণে ফরজ গোসল আবশ্যক হতে পারে। তবে অনেকেই গোসলের সঠিক নিয়ম না জানার কারণে অনিচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বাদ দিয়ে ফেলেন।
ফরজ গোসলের সময় নাকের ভেতরে পানি পৌঁছানো নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইসলামী স্কলার মুফতি রেজাউল করীম আবরার। সম্প্রতি তিনি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক আলোচনায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মুফতি রেজাউল করীম আবরারের বক্তব্য অনুযায়ী, ফরজ গোসলের ক্ষেত্রে নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো অত্যন্ত জরুরি। অনেকেই শাওয়ারের নিচে গোসল করেন কিংবা পুকুরে নেমে সরাসরি গোসল করেন। এ সময় নাকের ভেতরে পানি যথাযথভাবে পৌঁছেছে কি না, তা অনেকেরই খেয়াল থাকে না।
আঙুল দিয়ে নাক মাসাহ করলেই কি গোসল হবে?
মুফতি আবরার বলেন, সমাজে প্রচলিত একটি ভুল ধারণা হলো আঙুল ভিজিয়ে নাকের নরম অংশে মাসাহ করলেই নাক ধোয়া হয়ে যায়। তবে শুধু এভাবে মাসাহ করলে ফরজ গোসলের ক্ষেত্রে প্রয়োজনীয় পানি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হয় না।
নাক ধোয়ার সঠিক পদ্ধতি কী?
তিনি বলেন, নাক ধোয়ার ক্ষেত্রে হাতে পানি নিয়ে তা শ্বাসের মাধ্যমে নাকের ভেতরে পৌঁছাতে হবে। এরপর নাকের ভেতরের অংশ ভালোভাবে পরিষ্কার করতে হবে, যাতে কোনো অংশ শুকনো না থাকে।
তার বক্তব্য অনুযায়ী, পানি দিয়ে নাক ধোয়ার সময় ডান হাত দিয়ে পানি নেওয়া এবং বাম হাত দিয়ে নাক পরিষ্কার করা যেতে পারে। তিনি এভাবে তিনবার নাক ধোয়ার কথা উল্লেখ করেন।
গোসল সঠিক না হলে কী হবে?
ফরজ গোসলের কোনো আবশ্যকীয় অংশ বাদ পড়ে গেলে পবিত্রতা অর্জন সম্পন্ন হয়েছে কি না, তা নিয়ে শরিয়তি বিধান প্রযোজ্য হয়। তাই গোসলের নিয়ম সঠিকভাবে জানা এবং তা যথাযথভাবে পালন করা গুরুত্বপূর্ণ।
মুফতি রেজাউল করীম আবরার বলেন, অপবিত্র অবস্থায় নামাজ আদায় করা শরিয়তসম্মত নয়। তাই ফরজ গোসলের ক্ষেত্রে অবহেলা না করে এর সঠিক নিয়ম জেনে সতর্কতার সঙ্গে গোসল করা উচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহীর বাগমারায় একই বাড়ি থেকে নিখোঁজ দুই গৃহবধূর সন্ধান ১০ দিন পার হলেও মেলেনি।
গত ৮ সেপ্টেম্বর সকালে নিখোঁজ হন তারা। এ ঘটনায় উদ্বেগে থাকা পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ দুই গৃহবধূ হলেন বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। পারিবারিক সম্পর্কের কারণে তারা পরস্পর জা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ওই দুই গৃহবধূ একসঙ্গে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও তারা আর ঘরে ফিরে আসেননি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো বন্ধ পাওয়ায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য সব স্থান ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। কোনো উপায় না পেয়ে পরবর্তীতে বাগমারা থানায় জিডি করেন স্বজনরা।
এদিকে নিখোঁজদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা অব্যাহত রেখেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডায়েরিভুক্ত হওয়ার পর থেকেই নিখোঁজ দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের অবস্থান শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির সহায়তার পাশাপাশি মাঠপর্যায়েও জোরদার অনুসন্ধান চালানো হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের প্রথম পারমাণবিক স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্ব পারমাণবিক পরিবারের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছে।
১৬ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এর ‘মিডিয়া স্ট্রিম’ কর্মসূচির অধীনে ‘আন্তর্জাতিক গণমাধ্যমে রাশিয়ার ভাবমূর্তি’ শীর্ষক এক অধিবেশনে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের যোগাযোগ বিভাগের পরিচালক আন্দ্রে তিমোনভ এই তথ্য জানান।
তিমোনভ উল্লেখ করেন, বাংলাদেশি অংশীদারদের সহযোগিতায় রোসাটম এই বছর রূপপুরের প্রথম ইউনিটের নির্মাণকাজ শেষ করেছে। ইউনিটটির কমিশনিং কার্যক্রমও এই গ্রীষ্মে শুরু হয়েছে। বাংলাদেশে একটি নতুন পারমাণবিক শক্তির উত্থান ঘটছে। রূপপুর প্রকল্প দেশের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রেও গতি আনবে। এর ফলে কয়েক দশকের পরিবর্তে কয়েক বছরের মধ্যে প্রযুক্তিগত উন্নয়নের যাত্রা সম্পন্ন করা সম্ভব হতে পারে।
বাংলাদেশে তার একাধিক সফরের অভিজ্ঞতা শেয়ার করে তিমোনভ বলেন, দেশটির প্রকৃতি ও জনগণ তাকে মুগ্ধ করেছে। তিনি জানান, মাত্র ১০ বছর আগে বাংলাদেশে পারমাণবিক শক্তির ধারণা ভাবা সম্ভব ছিল না। এখন দেশটি নতুন পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
তিমোনভ বলেন, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ধারণা কয়েক দশক পুরোনো। সোভিয়েত ইউনিয়নের সময়ই এ বিষয়ে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল।
তার মতে, রূপপুরের মাধ্যমে বাংলাদেশ শুধু জ্বালানি ঘাটতি পূরণের চেষ্টা করছে না, বরং এমন প্রযুক্তিগত অগ্রগতির দিকে এগোচ্ছে, যা অর্জন করতে অন্যান্য দেশগুলোর ৬০ থেকে ৮০ বছর লেগেছে।
রূপপুরকে বাংলাদেশের জাতীয় গর্বের প্রতীক হিসেবে উল্লেখ করে তিমোনভ বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি এমন একটি স্থাপনা তৈরি হয়েছে, যা নিয়ে পুরো দেশ গর্বিত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ থেকে ১৭ সেপ্টেম্বর ইয়েকাতেরিনবার্গে ‘ফলো ইওর ড্রিম’ স্লোগানে আন্তর্জাতিক যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ লাখ ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। ১৯১টি দেশের ১০,০০০ অংশগ্রহণকারী উৎসবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে প্রায় ৯০ জন প্রতিনিধি এতে অংশ নেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিরা আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: সিনিয়র প্রজেক্ট অফিসার
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল, ভাসান চার, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন, তবে টেক্সটাইল বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা এবং এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: নোয়াখালী (হাতিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধাসমূহ: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিনামূল্যে আবাসন সুবিধা, উৎসবকালীন বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বহুভাষিক সিনেমায় কাজ করার সময় উচ্চারণ ও ভাষার ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়শই ট্রলের শিকার হন রাশমিকা মান্দানা। এবার ভারতীয় এই অভিনেত্রী সরাসরি সেই সমালোচনার বিষয়ে কথা বলেছেন।
রাশমিকা নিয়মিত তেলেগু, কন্নড়, তামিল ও হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করছেন। দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউডে তার অবস্থানও প্রতিষ্ঠিত হয়েছে। তবে এক ভাষা থেকে অন্য ভাষায় কাজ করার ফলে বিভিন্ন সময়ে নেটিজেনদের একাংশ তার উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছে।
তিনি জানিয়েছেন, তিনি কোনো একটি ভাষার বিশেষজ্ঞ নন। বরং কাজের প্রয়োজনে বিভিন্ন ভাষা শিখেছেন এবং প্রতিটি ভাষার সঙ্গে তার আলাদা সম্পর্ক তৈরি হয়েছে।
অভিনেত্রীর মাতৃভাষা কোদাভা টাক। কর্ণাটকের কুর্গ অঞ্চলে এই ভাষার প্রচলন থাকলেও বড় কোনো চলচ্চিত্রশিল্প গড়ে ওঠেনি। ফলে অভিনয়জীবনের শুরু থেকেই রাশমিকাকে অন্য ভাষায় কাজ করতে হয়েছে।
২০১৬ সালে কন্নড় সিনেমার মাধ্যমে তার অভিনয়ে অভিষেক ঘটে, পরে তেলেগু ছবিতে জনপ্রিয়তা অর্জন করেন। ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নিক্কেভারু’ ও ‘পুষ্পা: দ্য রাইজ’-এর মতো সিনেমা তাকে দক্ষিণ ভারতের পরিচিত মুখে পরিণত করেছে। এরপর ‘গুডবাই’ দিয়ে বলিউডে অভিষেক ঘটে। ‘অ্যানিমেল’-এর পর হিন্দি সিনেমাতেও তার পরিচিতি বৃদ্ধি পায়।
বিভিন্ন ভাষায় কাজের অভিজ্ঞতা সম্পর্কে রাশমিকা বলেন, তার ক্যারিয়ার কোনো একটি ভাষার ওপর নির্ভরশীল নয়। কাজের সুযোগ এবং দর্শকের ভালোবাসা তাকে এক ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে গেছে। তিনি সব ভাষাকেই নিজের ভাষা হিসেবে দেখেন এবং দর্শকের সঙ্গে তাদের ভাষায় কথা বলার চেষ্টা করেন।
উচ্চারণ নিয়ে সমালোচনার প্রসঙ্গে নিজের সীমাবদ্ধতাও স্বীকার করেছেন তিনি। তার বক্তব্য হলো, তিনি অনেক ভাষায় কথা বলেন ও কাজ করেন, তবে কোনো একটি ভাষায় নিজেকে বিশেষজ্ঞ মনে করেন না।
রাশমিকার মতে, ভিন্ন ভাষায় কাজ করার সময় প্রতিটি উচ্চারণ শতভাগ নিখুঁত হওয়া সবসময় সম্ভব নয়। শেখার চেষ্টা এবং দর্শকের সঙ্গে যোগাযোগ তৈরি করাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল নিয়ে তিনি খুব বেশি ভাবতে চান না। তার কাছে সিনেমা একটি দলগত কাজ। একটি ছবির সাফল্য বা ব্যর্থতার পেছনে অভিনেতার পাশাপাশি পরিচালক, চিত্রগ্রাহক, সংগীতশিল্পীসহ অনেক মানুষের অবদান থাকে। তাই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিটি মন্তব্যকে গুরুত্ব দিয়ে চলতে চান না।
এদিকে, রাশমিকার হাতে বর্তমানে বেশ কয়েকটি বড় প্রজেক্ট রয়েছে। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। পাশাপাশি ‘মাইসা’ ছবিতে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে তাকে। এম এস সুব্বুলক্ষ্মীর জীবনভিত্তিক একটি সিনেমার সঙ্গেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ