০৪:২৬ পি.এম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার আগে আবেগময় বার্তা প্রদান করেছেন বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। বিদায়ী ম্যাচের ২৪ ঘণ্টারও কম সময় আগে অনুশীলন সেশনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে রোজারিওর এই ফুটবল জাদুকর তার অনুভূতি প্রকাশ করেন।
অনুশীলন শেষ করার পর মেসি লিখেছেন, "বিশেষ কিছু মুহূর্ত, যা আমি জানি যে আমি মিস করব।" তার এই বার্তায় আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়ের আবেগ স্পষ্ট হয়ে উঠেছে।
এজাইজা অনুশীলন কমপ্লেক্সে জাতীয় দলের হয়ে মেসি তার শেষ অনুশীলন সেশন সম্পন্ন করেন। সেশন শেষে তিনি দলের সঙ্গে রাতের খাবার গ্রহণ করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল
ছবিগুলোর মধ্যে একটি ছবিতে সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় মেসিকে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে পুরো দলের একটি ছবি। সেখানে জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, মাঠকর্মী, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মী এবং সভাপতি ক্লদিও তাপিয়াকেও দেখা যায়।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি মেসির জাতীয় দলের জার্সিতে বিদায়ী ম্যাচ হওয়ায় এরই মধ্যে তৈরি হয়েছে বাড়তি আবেগ ও উত্তেজনা।
শুধু মেসিই নন, আর্জেন্টিনা দলে রয়েছেন আরও কয়েকজন অভিজ্ঞ তারকা, যাদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাদের মধ্যে নিকোলাস ওতামেন্দি ইতোমধ্যে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দলে রয়েছেন রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও।
বেনিনের বিপক্ষে মেসি ও অন্যান্য অভিজ্ঞদের মাঠে কতটা সময় দেখা যাবে, সেটিই এখন দেখার বিষয়। তবে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি না হলে মেসিকে পুরো ৯০ মিনিট মাঠে রাখার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ ঘিরে মনুমেন্টালে তৈরি হয়েছে অন্যরকম আবেগ। বিশ্বকাপ, কোপা আমেরিকা সহ অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী সেই জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন