ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ছুরিকাঘাতে নিহত ২


নিউইয়র্কের টাইমস স্কয়ারে ছুরিকাঘাতে নিহত ২

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ :  সোমবার নিউইয়র্কের পর্যটকসমৃদ্ধ টাইমস স্কয়ারে এক নারীর ছুরিকাঘাতে একজন নিহত এবং অপর একজন আহত হওয়ার পর পুলিশের গুলিতে ওই নারী মারা যান।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আহত দ্বিতীয় ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

এএফপি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানায়, হামলাকারী ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোস, যিনি কুইন্সের বাসিন্দা। তার মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ বলেন, সিসনেরোস একটি সুপরিচিত সুপারমার্কেট চেইনের লোগোযুক্ত ব্যাগ থেকে দুটি বড় ছুরি বের করে দিনের বেলায় পথচারীদের হুমকি দিতে শুরু করেন।

এরপর তিনি ৬৮ বছর বয়সী এক পুরুষের কাছে গিয়ে তার পেটে ছুরিকাঘাত করেন। প্রায় ২০ সেকেন্ড পর তিনি ৩২ বছর বয়সী এক নারীকে আক্রমণ করে তার পেটেও ছুরিকাঘাত করেন। পরে ওই নারী আহত অবস্থায় মারা যান।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিসনেরোসকে অস্ত্র ফেলে দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে। টিশ বলেন, ‘কর্মকর্তারা চার মিনিট ধরে ওই নারীর সঙ্গে কথা বলেন এবং ছুরি ফেলে দিতে তাকে বারবার নির্দেশ দেন। কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানান।’

স্থানীয় টেলিভিশন চ্যানেল পিক্স ১১-কে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সন্দেহভাজন নারীর দুই হাতে দুটি ছুরি ছিল।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘তারা তাকে দুবার গুলি করে।’ পুলিশ নিশ্চিত করেছে, গুলি চালানোর আগে তারা ওই নারীকে থামাতে স্টান গান (বিদ্যুৎ শক দেওয়ার অস্ত্র) ব্যবহার করেছিল, কিন্তু তা কার্যকর হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহত অবস্থায় সিসনেরোসকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কমিশনার টিশ বলেন, এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র রয়েছে বলে তারা মনে করছেন না। তিনি বলেন, ‘টাইমস স্কয়ারের প্রাণকেন্দ্রে এটি ছিল অত্যন্ত বিপজ্জনক একটি পরিস্থিতি। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।’

তিনি আরও বলেন, ‘যেকোনো সময় এই সড়কগুলো দিয়ে হাজার হাজার নিউইয়র্কবাসী, যাত্রী, পর্যটক, পরিবার ও কর্মজীবী মানুষ চলাচল করেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম আক্রান্ত সন্দেহে ৬ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


হাম আক্রান্ত সন্দেহে ৬ শিশুর মৃত্যু

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : সারাদেশে গত ২৪ ঘণ্টার মধ্যে হাম আক্রান্ত সন্দেহে ছয়শিশুর মৃত্যু ঘটেছে। ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত হাম এবং হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ৯৭৯ জনে পৌঁছেছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ হাজার ১৫৯ জন এবং ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ১৫০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭২ জন এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৮৪ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম রোগে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে মোট ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩৭৭ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩৭৭ মামলা

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩৭৭টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে মোট ৮১টি মামলা, ট্রাফিক-লালবাগ বিভাগে ২০৫টি মামলা, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৮২টি মামলা, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৩৩টি মামলা, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫২টি মামলা, ট্রাফিক-মিরপুর বিভাগে ২৯৭টি মামলা, ট্রাফিক-উত্তরা বিভাগে ৫০৬টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৩২১টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের সময় মোট ৫৫৭টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ২১১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের দুর্যোগে হুমায়ুন কবিরের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


নেপালের দুর্যোগে হুমায়ুন কবিরের শোক প্রকাশ

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ঘটে যাওয়া প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোক ও সংহতি প্রদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে গিয়ে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন। এই সময় তিনি গত ২৬ আগস্ট নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের মৃত্যুর পাশাপাশি ব্যাপক সম্পদ ও অবকাঠামোর ক্ষতির জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

শোক বইয়ে হুমায়ুন কবির লিখেছেন, "গভীর শোকের এ সময়ে এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের জন্য বাংলাদেশ প্রার্থনা করছে।"

তিনি উল্লেখ করেন, বন্ধুরাষ্ট্র নেপালের জনগণের প্রতি বাংলাদেশ সংহতি প্রকাশ করছে এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, নেপালের জনগণ এ দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবে। তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, নেপালের জনগণ তাদের দৃঢ়তা ও শক্তির মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন চলবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন চলবে

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করেছে সমাজসেবা অধিদপ্তর।

এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভাতা ও উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করা সম্ভব হবে।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে সোমবার (৩১ আগস্ট) এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দকৃত সংখ্যার বিপরীতে পর্যাপ্ত আবেদন জমা পড়েনি।

এ কারণে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন এবং প্রকৃত সুবিধাভোগীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগে এ বছরের ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছিল।

নির্ধারিত সময় শেষ হওয়ার পর লক্ষ্যমাত্রা অনুযায়ী আবেদন না পাওয়ায় নতুন করে সময়সীমা নির্ধারণ না করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবেদন গ্রহণ চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর।

আগ্রহী আবেদনকারীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ঠিকানা dss.bhata.gov.bd/online-application। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও অন্যান্য শর্তের ক্ষেত্রে আগের নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের অন্তর্ভুক্তির মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

চিঠিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সমাজসেবা কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে আবেদন গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%