বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৩১ পি.এম
মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনের জন্য চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দাখিল করা দর প্রস্তাব সরকার অনুমোদন করেছে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভা আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটির আনুমানিক ব্যয় ১৫ বছরের জন্য ১২ হাজার ৩২৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ২০ বছরের মেয়াদে ব্যয়ের পরিমাণ ১৩ হাজার ১৬১ কোটি টাকা হিসেবে ধরা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে সিএনইইর দাখিল করা দর প্রস্তাব অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করা হয়।
মহেশখালীর কুতুবজোমে প্রস্তাবিত এই স্থাপনা চালু হলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এবং পুনঃগ্যাসীকরণের কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে পুলিশ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে। চার দিনের মধ্যে প্রায় ২ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ার এলাকায় অভিযানটি অনুষ্ঠিত হয়। এই অভিযানের সময় হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন ও বাড়ি থেকে ৫০০ বস্তারও বেশি অবৈধ সার জব্দ করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত চার দিন ধরে অবৈধভাবে মজুদ করা সার উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে প্রায় ২ হাজার বস্তা বিভিন্ন ধরনের রাসায়নিক সার জব্দ করা হয়েছে।
এর আগে গত তিন দিনে একই উপজেলার ভাংবাড়িয়া গ্রামে মিনারুল স্টোর ও মারফুল ট্রেডার্সের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৪০৮ বস্তা সরকারি রাসায়নিক সার উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানিয়েছেন, সার উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পেতে পারেন, সেজন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ময়মনসিংহের তারাকান্দা থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি লিমন দেবনাথকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরের দিকে আনুমানিক ১ টা ৩০ মিনিটে উপজেলার শান্তিনগর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া লিমন দেবনাথ বালিখাঁ ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের নিখিল দেবনাথ ও শেফালী দেবনাথের ছেলে। তিনি তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবে পরিচিত। বর্তমানে তিনি তারাকান্দা স্কুল রোডসংলগ্ন শান্তিনগর এলাকায় বসবাস করছিলেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রাশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার মামলায় এজাহার নামীয় আসামী লিমন দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চিরিরবন্দরে নকল কীটনাশক বিক্রি ও সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অফিসের সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বুধবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে আব্দুলপুর ইউনিয়নের বাকি বাজারে উপজেলা আওয়ামী নেতা মোশাররফ হোসেনের শাহ ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং নকল কীটনাশক বিক্রি ও সরবরাহের অপরাধে জরিমানা আদায় করেন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত শাহ ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং কোম্পানি প্রতিনিধিকে ৭৫ হাজার টাকা জরিমানা করে। অভিযানে নকল কীটনাশকগুলোও জব্দ করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
‘উসকানিমূলক ও বিভেদ সৃষ্টিকারী’ খুতবা (বক্তব্য) প্রচারের অভিযোগে যুক্তরাজ্যের দাতব্য সংস্থা নিয়ন্ত্রক কমিশন (চ্যারিটি কমিশন) কর্তৃক আনুষ্ঠানিক সতর্কবার্তা পাওয়ার পর লন্ডনের একটি ইসলামিক সেন্টার আইনি পরামর্শ গ্রহণ করছে। দক্ষিণ-পূর্ব লন্ডনের ‘লুইশাম ইসলামিক সেন্টার’-কে তাদের প্রাঙ্গণে বক্তা নির্বাচন ও অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আরও সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেছে সংস্থাটি।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর মসজিদটিতে দেওয়া এক খুতবায় ইমাম শাকিল বেগ "নিপীড়ক এবং জায়নবাদীদের হাতে সাধারণ মানুষের দুর্ভোগের" বিষয়টি তুলে ধরেন। ওই বক্তব্যে তিনি ইসরায়েলের প্রতি সমর্থন জানানোয় পপ তারকা জাস্টিন বিবার এবং মডেল কাইলি জেনারের মতো তারকাদের ‘অসুস্থ’ (sick) বলেও মন্তব্য করেন।
এছাড়া ২০২৪ সালের আগস্টে যুক্তরাজ্যের সাউথপোর্টে ঘটে যাওয়া দাঙ্গার প্রসঙ্গ টেনে মসজিদটির আরেক ইমাম আশরাফ দাবুস তার খুতবায় দাঙ্গাকারীদের নেপথ্যে ‘জায়নবাদী ও ইসরায়েল সমর্থকদের হাত রয়েছে’ বলে মন্তব্য করেন এবং ‘জায়নবাদী এজেন্ডার’ কথা উল্লেখ করেন।
সাম্প্রতিক বছরগুলোতে মসজিদটির এসব খুতবা নিয়ে অভিযোগ ওঠার পর তদন্তে নামে চ্যারিটি কমিশন। তদন্ত শেষে কমিশন জানায়, প্রতিষ্ঠানটিতে ‘অসদাচরণ ও অব্যবস্থাপনার’ প্রমাণ পাওয়া গেছে। কমিশনের ভাষ্যমতে, দাতব্য প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী এবং উসকানিমূলক ও বিভেদ সৃষ্টিকারী দুটি খুতবা আয়োজনের মাধ্যমে তারা ‘বিশ্বাসভঙ্গ’ করেছে। তবে ঠিক কোন মন্তব্যগুলোর কারণে এই সতর্কতা জারি করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি কমিশন। সুপারিশ অনুযায়ী ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এদিকে চ্যারিটি কমিশনের এই পদক্ষেপের বিপরীতে লুইশাম ইসলামিক সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী করণীয় ঠিক করতে তারা আইনি পরামর্শ নিচ্ছে।
বিবৃতিতে বলা হয়, "বিষয়টি কেবল একটি মসজিদ বা একটি দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন—মুসলিম প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ, ইসলামের প্রচলিত ইবাদত পরিচালনা কিংবা ইসরায়েলি রাষ্ট্রের যুদ্ধাপরাধ ও গণহত্যার নিন্দা জানানোর মতো বিষয়গুলো নিয়ে কথা বললে তাদের শাস্তির মুখে পড়তে হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। নিপীড়িতদের প্রতি সংহতি প্রকাশ কোনোভাবেই দাতব্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কারণ হতে পারে না।"
বিবৃতিতে আরও বলা হয়, "যদি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়, তবে ধর্মীয় স্বাধীনতা রক্ষায় একটি কর্তৃত্বপরায়ণ কমিশনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ জানাতে আমরা অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানাব।"
লুইশাম ইসলামিক সেন্টার তাদের ওয়েবসাইটে নিজেদের এমন একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দেয়, যারা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের ভবিষ্যৎ গঠনে কাজ করে। সূত্র: স্কাই নিউজ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ