১০:০৬ পি.এম
সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ প্রদানের জন্য দেশব্যাপী কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ, যাচাই ও হালনাগাদের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) দিয়েছে। এই জরুরি নির্দেশনায় সব উপজেলা কৃষি কর্মকর্তাকে সুষ্ঠু ও নির্ভুলভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি ডিএই’র মহাপরিচালক মো. আব্দুর রহিমের সই করা একটি চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন স্থানে কৃষক কার্ড প্রদানের অংশ হিসেবে কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে। সংগৃহীত তথ্যের নিয়মিত যাচাই ও অনুমোদনের পাশাপাশি তথ্যের সঠিকতা ও পূর্ণতা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নির্দেশনায় সংশ্লিষ্ট ব্লকগুলোতে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখতে এবং সংগৃহীত তথ্য নিয়মিতভাবে যাচাই ও অনুমোদন করতে হবে। সেই সঙ্গে সার ডিলারদের তথ্য বিদ্যমান অ্যাপের মাধ্যমে সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে যে দু’টি ব্লকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে, সেগুলো বাদে বাকি দু’টি ব্লকের তথ্য আগামী রবিবার (২৩ আগস্ট) এর মধ্যে সংগ্রহ শেষ করতে বলা হয়েছে। আগামী বুধবার (২৬ আগস্ট) এর মধ্যে অবশিষ্ট সব ব্লকের তথ্য সংগ্রহ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ক্ষেত্রে আপাতত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিলারদের তথ্য সংগ্রহ করা হবে। প্রতিটি ইউনিয়নের আওতাধীন সব বিদ্যমান ব্লকের নাম সিস্টেমে সংযুক্ত করতে হবে। তবে কোনো ব্লক বাদ না পড়ার বিষয়টি চিঠিতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্লকের আওতাধীন সব মৌজা ও গ্রামের তথ্য যথাযথভাবে ওই ব্লকের সঙ্গে সংযুক্ত করতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চিঠিতে আরও বলা হয়, তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদনের প্রতিটি ধাপে তথ্যের নির্ভুলতা ও পূর্ণতা নিশ্চিত করতে হবে। কৃষক কার্ড কার্যক্রমের অংশ হিসেবে কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ, যাচাই ও হালনাগাদের কাজ অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করে তথ্যভান্ডার সঠিক ও হালনাগাদ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন