০৩:০৫ এম
ব্যান্ড ‘অ্যাশেজ’-এর গানে তরুণদের অনেকেই বুঁদ হয়ে থাকে। জীবনের নানা ধরনের ব্যর্থতা ও হতাশায় জুনায়েদ ইভানের কথা, সুর ও কণ্ঠ যেন তাদের সঙ্গ দেয়। এসবের মধ্যে মানবিক কাজেও ব্যান্ডটি সক্রিয়। দেশজুড়ে তাদের ব্লাড ব্যাংক আছে। সেখান থেকে স্বেচ্ছায় রক্তদান সেবা অব্যাহত রয়েছে। এছাড়া প্রায়ই অসুস্থ মানুষের চিকিৎসায় তারা এগিয়ে আসছে। এবার তাঁদের দায়িত্ব নিলো ‘অ্যাশেজ’ এক দৃষ্টিহীন তরুণকে সুস্থ করার। এ বিষয়ে জানান ব্যান্ডটির প্রধান জুনায়েদ ইভান। ফেসবুক বার্তায় ইভান লেখেন, ‘এবার একজন অন্ধ ছেলের জন্য কাজ করব। আমি তার সাথে দেখা করতে গিয়েছি। তাকে সুস্থ করতে চাই। গান লিখছি। কনসার্ট করব। প্রস্তুতি চলছে। সবার সহযোগিতা চাই।’ ইভানের আহ্বানে সাড়া দিচ্ছেন অনেকে। ভক্তদের পাশাপাশি অভিনেতা-নির্মাতা জিয়াউল হক পলাশও বলেছেন, ‘ইভান ভাই, আমি আছি আপনার সাথে। যে কোনো প্রয়োজনে আমাদের ডাকবাক্স ফাউন্ডেশন (পলাশের সংগঠন) থাকবে আপনার সঙ্গে।’
এদিকে, দৃষ্টিহীন ওই তরুণের বিষয়ে ইভান জানান, সে একটি দরিদ্র পরিবারের সন্তান। কিছু বছর আগে অসুস্থতার কারণে চোখের আলো হারিয়েছে। তার বাবা রিকশাচালক। তাই চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না। ইভান বলেন, ‘ছেলেটি এবং তার মায়ের সাথে আমি কথা বলেছি। তাদের চিকিৎসকের সঙ্গে দেখা করতে বলেছি। চিকিৎসার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে বলেছি। এরপর আমাদের একজন প্রতিনিধি চিকিৎসকের সাথে কথা বলবেন এবং আমরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চাই।’ শিল্পী আরও জানান, তারা চান এক মাসের মধ্যে ওই তরুণের চিকিৎসার প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে। সরাসরি অর্থের জোগান না হলে কনসার্টের পরিকল্পনাও তাদের রয়েছে। উল্লেখ্য, এ পর্যন্ত শতাধিক ক্যানসার ও কিডনি রোগে আক্রান্ত মানুষের সহায়তা করেছে ‘অ্যাশেজ’, যা দেশের ব্যান্ড এবং গোটা শিল্পী সমাজের মধ্যে বিরল একটি ঘটনা। গানের পাশাপাশি ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন ইভান ও তার সতীর্থরা।
আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন