১২:৫৭ এম
হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচলে ইরান ও ওমানের সম্ভাব্য ফি আরোপকে এখন ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশ কার্যত অনিবার্য হিসেবে মেনে নিতে শুরু করেছে। তারা মনে করছে, যদি কোনো ফি আরোপ করা হয়, তবে তা যেন সব দেশের জাহাজের জন্য সমানভাবে প্রযোজ্য হয় এবং জাতীয়তার ভিত্তিতে কোনো বৈষম্য না হয়।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। এতে বিভিন্ন আলোচনা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধের পর, হরমুজ প্রণালিতে সেবা-ভিত্তিক ফি চালু হওয়ার সম্ভাবনাকে ইউরোপীয় দেশগুলো এখন বাস্তবতা হিসেবে বিবেচনা করছে।
তবে, এই সম্ভাব্য ফি ঠিক কী ধরনের হবে, কত টাকা নেওয়া হবে, অথবা কোন প্রক্রিয়ায় তা আদায় করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় দেশ তেহরান ও মাসকাটকে জানিয়েছে যে, যদি নতুন কোনো ফি ব্যবস্থা চালু হয়, তবে তা অবশ্যই বৈষম্যহীন হতে হবে। কোন নির্দিষ্ট দেশের জাহাজকে আলাদা করে বেশি বা কম সুবিধা দেওয়া যাবে না।
একই সময়ে, ইউরোপীয় দেশগুলো হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠনের জন্য কাজ করছে। তবে, এই উদ্যোগের বাস্তবায়ন অনেকটা নির্ভর করবে ইরানকে ঘিরে চলমান শান্তি আলোচনার অগ্রগতির উপর।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় কয়েকটি আরব দেশ এখনও মনে করছেন যে, আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী ইরান ও ওমানের হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বাধ্যতামূলক ফি আরোপের আইনি অধিকার নেই। তাদের উদ্বেগ হল, যদি এমন নজির তৈরি হয়, অর্থাৎ কোনও ধরনের ফি আরোপ হতে শুরু করে, তাহলে বিশ্বে অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথেও একই ধরনের দাবি উঠতে পারে।
হরমুজ প্রণালি বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এখান দিয়ে সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশ পরিবহন করা হয়। এর ফলে, এই নৌপথে যেকোনো নতুন নীতিমালা বা বিধিনিষেধ বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন