ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন পে-স্কেলের মধ্যেই প্রধান শিক্ষকদের বেতন বাড়াল সরকার


নতুন পে-স্কেলের মধ্যেই প্রধান শিক্ষকদের বেতন বাড়াল সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নতুন পে-স্কেল কার্যকরের মধ্যে সুখবর পেয়েছেন। দীর্ঘ অপেক্ষার পর, ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি ইনটিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম (আইবাস++) পোর্টালে যুক্ত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। আদেশটিতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা।

আদেশে উল্লেখ করা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি আইবাস++ সফটওয়্যারে যুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ (জিও) জারির তারিখের পূর্বের কোনো আর্থিক বকেয়া তাদের প্রাপ্য হবে না।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

গত বছরের ১৫ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছিল। আদালতের রায়ের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে এতদিন ১০ম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

অর্থ বিভাগের সর্বশেষ আদেশের ফলে ১১তম গ্রেডে থাকা প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের পদ্ধতি এখন আইবাস++-এ যুক্ত হবে। তবে জিও জারির পূর্বের সময়ের বকেয়া বেতন-ভাতা পাওয়ার সুযোগ থাকবে না।

নতুন বেতন কাঠামো অনুযায়ী ১০ম গ্রেডে মূল বেতন ৩২ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত রয়েছে। ফলে ১০ম গ্রেডে বেতন নির্ধারণের সুযোগ পাওয়ার ফলে প্রধান শিক্ষকদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

পূর্বে ১১তম ও ১২তম গ্রেডে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন নির্ধারণ করা হতো। পুরোনো পে স্কেলে ১১তম গ্রেডে মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা এবং ১২তম গ্রেডে ১১ হাজার ৩০০ টাকা থেকে শুরু হতো।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নতুন পে স্কেলে ১১তম গ্রেডে মূল বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬০ হাজার ৫০০ টাকা এবং ১২তম গ্রেডে ২৪ হাজার ৩০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৫৮ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল ২০২৬ গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন এ বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে স্কেল অনুমোদনের পর ১৯ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


নাটোরে যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার

নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে পুলিশ মো. জাহাঙ্গীর আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) এই গ্রেপ্তারটি সম্পন্ন হয়।

থানায় দায়ের করা লিখিত অভিযোগের সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানার বাসুদেবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পাশে অবস্থিত ‘নয়ন খাবার হোটেল’-এর মালিকানা থাকা ওই নারীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন একই এলাকার মো. জাহাঙ্গীর আলম (৪০)।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৪ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে ওই নারী তার হোটেলের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করছিলেন। এ সময় জাহাঙ্গীর আলম পিছন থেকে এসে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। ভুক্তভোগী বাধা দিলে অভিযুক্ত দ্রুত দোকান থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে একই দিন বিকেল ৪টার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়স্বজনরা এ ঘটনার প্রতিবাদ জানালে জাহাঙ্গীর আলম তাদের গালিগালাজ করে এবং হোটেল উচ্ছেদ করে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনার পর ভুক্তভোগী নারী নলডাঙ্গা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, বাদী কর্তৃক এজাহার গ্রহণ করা হয়েছে এবং এজাহারের প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু হওয়ার পর তদন্তের সময় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ৩০ ব্যাংকের বন্ধ ডিজিটাল সেবা দ্রুত চালু করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ৩০ ব্যাংকের বন্ধ ডিজিটাল সেবা দ্রুত চালু করতে হবে

বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে যে, কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ বা ব্যাহত থাকা প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও সংশ্লিষ্ট ডিজিটাল সেবা দ্রুত চালু করতে হবে।

এ নির্দেশনার মাধ্যমে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসির পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এর ফলে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-সংশ্লিষ্ট ডিজিটাল সেবা ব্যাহত হচ্ছে। ফলে গ্রাহকদের ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং আর্থিক লেনদেনের স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে ডেকে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, যত দ্রুত সম্ভব কিউ-ক্যাশের সুইচিং কার্যক্রম এবং সংশ্লিষ্ট সব কার্ডভিত্তিক সেবা চালু করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে যেসব ব্যাংক সরাসরি এনপিএসবির সঙ্গে যুক্ত, সেসব ব্যাংকের লেনদেন স্বাভাবিক রয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের লেনদেনও স্বাভাবিকভাবে চলছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সহ অন্যান্য পেমেন্ট সিস্টেমও স্বাভাবিক রয়েছে।

সম্প্রতি কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের কার্ডসহ বিভিন্ন ডিজিটাল সেবা বন্ধ বা সীমিত হয়ে পড়েছে। ব্যাংকভেদে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেলস (পিওএস), কার্ড লেনদেন, আন্তব্যাংক অর্থ স্থানান্তর ও কিউআর পেমেন্টসহ বিভিন্ন সেবা ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের দেওয়া নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। প্রয়োজন হলে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের কথাও বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনা জারি

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলোতে একাধিক কার্যক্রম শুরু করা হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় মশার লার্ভা ধ্বংসের জন্য লার্ভিসাইড রাসায়নিক প্রয়োগের পরিকল্পনা করেছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে ১১টি হলের চারপাশে এবং পুরো ক্যাম্পাসে ফগিং মেশিন ব্যবহার করে মশা নিধনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে, যেসব স্থানে পানি জমে মশার লার্ভা জন্মানোর সুযোগ রয়েছে, সেসব স্থানে লার্ভিসাইড প্রয়োগ করে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে সব আবাসিক হলে সম্পন্ন হবে এবং নিয়মিতভাবে চলতে থাকবে।

দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে রুয়েট প্রশাসন শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ড্যাশবোর্ড সূত্রে জানা যায়, আজ ৬ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ঘটেছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৯৬ জন। চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৮১ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৭ জন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত মাসের তুলনায় অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক বৃষ্টিপাত এবং আবহাওয়ার পরিবর্তন এডিস মশার প্রজনন ও ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস এবং মশার কামড় থেকে সুরক্ষা—দুই দিকেই গুরুত্ব দেওয়া প্রয়োজন। এডিস মশা সাধারণত দিনের বেলায় বেশি সক্রিয় থাকে এবং বাড়ি ও আশপাশের জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই পানি জমে থাকতে পারে এমন পাত্র নিয়মিত পরিষ্কার করা, পানি অপসারণ করা এবং পানির পাত্র ঢেকে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, মশার লার্ভা নিয়ন্ত্রণে লার্ভিসাইড ব্যবহারের পাশাপাশি জমে থাকা পানি অপসারণকে কার্যকর ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। তাদের মতে, যেখানে পানি ফেলে দেওয়া বা সরানো সম্ভব নয়, সেখানে উপযুক্ত লার্ভিসাইড ব্যবহার করা যেতে পারে। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক মশা নিয়ন্ত্রণে ফগিং বা প্রাপ্তবয়স্ক মশা নিধনকারী কীটনাশক ব্যবহার করা হলেও সমন্বিতভাবে মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি।

এ বিষয়ে রুয়েট শিক্ষার্থীদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। আবাসিক হলের কক্ষ, বারান্দা, ছাদ, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, বোতল, বালতি কিংবা অন্য কোনো স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে বলা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগতভাবে মশারি ব্যবহার, শরীরের অধিকাংশ অংশ ঢেকে রাখে এমন পোশাক পরা এবং প্রয়োজন অনুযায়ী মশা প্রতিরোধক ব্যবহার করার ক্ষেত্রে ডব্লিউএইচও এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শ গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব এবং শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে জরুরি ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হতে পরামর্শ দেওয়া হচ্ছে।

চলমান পরিস্থিতিতে মোকাবেলায় প্রশাসনের কর্মযজ্ঞের পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ আবাসিক কক্ষ ও আশপাশ পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার সম্মিলিত সচেতনতাই মশার প্রজনন নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সুরক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান

দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, মানুষ মনে করে যুক্তরাষ্ট্র আধুনিক অস্ত্র গোলাবারুদ দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেব পরিচিত। তবে বাস্তবে, তাদের শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ফলেই তারা বিশ্বে এক নম্বর শক্তিশালী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।

তিনি আরও বলেন, দেশকে শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে হলে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের তরুণ সমাজকে সঠিক পথে শিক্ষা দিয়ে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কঠিন চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান ড. মঈন খান।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন এডভোকেট রোখসানা খন্দকার। এছাড়া বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%