বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
১০:০৯ পি.এম
ফরিদপুর, ২৭ আগস্ট, ২০২৬ : জেলার ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে রয়েছেন, ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের শাহাদাত সর্দারের ছেলে রাতুল সর্দার (১৭) এবং পাশের নুরুল্লাগন্জ্ঞ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (২০)।
স্বজনদের কাছ থেকে জানা গেছে, মাত্র তিন দিন আগে কাউছারের মা-বাবা তাকে নতুন একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, গোল্ডেন লাইন-এর একটি বাস যাত্রাপথে কাউছারের চলন্ত মোটরসাইকেলটিকে চাপা দেয়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী কাউছার এবং তার বন্ধু রাজু গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে জানান, গোল্ডেন লাইন-এর একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) একাদশ চতুর্থ জয় অর্জন করেছে আরিফুল ইসলাম ও সাব্বির রহমানের জোড়া হাফ-সেঞ্চুরির মাধ্যমে।
আজ বাংলাদেশ তাদের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৩ রানে পরাজিত করেছে। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে বাংলাদেশ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। ভিক্টোরিয়া সিএ একাদশেরও ৫ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে, কিন্তু রান রেটে এগিয়ে থেকে শীর্ষ স্থানটি ধরে রেখেছে বাংলাদেশ।
ডারউইনের মারারা ক্রিকেট মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং শুরু করে বাংলাদেশ এইচপি একাদশ। ইনিংসের তৃতীয় বলে জিশান আলম রান খাতা না খুলেই আউট হন। আগের ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিরুদ্ধে গোল্ডেন ডাক পেয়েছিলেন জিশান।
শুরুর ধাক্কা সামাল দিতে দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন ওপেনার হাবিবুর রহমান সোহান ও আরিফুল। সোহান ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান করে সাজঘরে ফিরে যান।
চার নম্বরে নেমে অধিনায়ক ইরফান শুক্কুর ৩ রানের বেশি করতে পারেননি। এর ফলে বাংলাদেশ ৫১ রানে ৩ উইকেট হারায়। এরপর চতুর্থ উইকেটে জুটি বেঁধে আরিফুল ও সাব্বির বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। তারা ৫৩ বল খেলে ৯০ রান যোগ করে বিচ্ছিন্ন হন। আরিফুল ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭১ রান করে আউট হন।
সাব্বির ইনিংসের শেষ পর্যন্ত খেলে বাংলাদেশকে ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রানের বড় পুঁজি এনে দেন। তিনি ৩৬ বলে ৬ চার ও ২ ছক্কায় অনবদ্য ৬২ রান করেন।
নিউজিল্যান্ড ‘এ’ দলের ম্যাথু ফিশার ২ উইকেট নেন। ১৮২ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ‘এ’ দল ১২ ওভারে ২ উইকেটে ১১৪ রান তুলে জয়লাভের পথে ছিল। তবে দলীয় ১১৪ রানে তৃতীয় উইকেট পতনের পর তারা পথ হারায়। নিউজিল্যান্ড ৪৪ রানে ৬ উইকেট হারায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।
দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ম্যাক্স চু। এছাড়া ম্যাথু বোয়েল ৩১ ও কাটেনি ক্লার্ক ২৪ রান করেন।
পেসার রিপন মন্ডল ২৭ রানে এবং স্পিনার রাকিবুল হাসান ২৩ রানে ৩টি করে উইকেট নেন। মোহাম্মদ রুবেল ও আব্দুল গাফফার সাকলাইন ১টি করে উইকেট নিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২৬ : দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার পাশাপাশি প্রতিরক্ষা শিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী শিল্প হিসেবে গড়ে তুলে রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে হবে, বলেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ভাটিয়ারীতে জলিল টেক্সটাইল মিল মিলনায়তনে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি)-এর নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেডকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিরক্ষা শিল্পের পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতার কথা উল্লেখ করে খন্দকার মুক্তাদির বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ এবং প্রতিরক্ষা সক্ষমতার প্রকৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। গত দুই-তিন দশক ধরে প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার যে পরিবর্তন শুরু হয়েছে, সাম্প্রতিক বিভিন্ন বৈশ্বিক সংঘাত তা আরও স্পষ্ট করে দিয়েছে। বিশেষত তুলনামূলক কম ব্যয়ে উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার একটি দেশের সামরিক সক্ষমতাকে কতটুকু প্রভাবিত করতে পারে, সাম্প্রতিক ঘটনাবলি তার গুরুত্বপূর্ণ উদাহরণ।
তিনি বলেন, ড্রোনসহ আধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা সরঞ্জাম এখন যুদ্ধের গতি-প্রকৃতি পরিবর্তন করে দিচ্ছে। সেইসঙ্গে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম মজুদ রাখার প্রচলিত ধারণার ক্ষেত্রেও নতুন বাস্তবতা তৈরি হয়েছে। ফলে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর এবং উদ্ভাবনমুখী করতে হবে।
প্রতিরক্ষা শিল্পে গবেষণা এবং উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ড্রোন এবং অন্যান্য আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। ইতোমধ্যে তারা তুলনামূলক কম ব্যয়ে বিভিন্ন ধরনের ড্রোন এবং প্রযুক্তিনির্ভর সরঞ্জাম উৎপাদন করছে। বাংলাদেশের জন্যও এক্ষেত্রে বড় সুযোগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্জিত জ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে দ্রুত সক্ষমতা অর্জন করা সম্ভব। পাশাপাশি নিজস্ব গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির সম্প্রসারণ শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের প্রকল্প হিসেবে বিবেচনা করা উচিত নয়, এর মধ্যে উল্লেখযোগ্য রপ্তানি সম্ভাবনাও রয়েছে। যথাযথ পরিকল্পনা, গবেষণা, প্রযুক্তি এবং দক্ষ জনবল নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা পণ্য আন্তর্জাতিক বাজারে স্থান করে নিতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, দেশের বন্ধ শিল্প-কারখানাগুলো পুনরায় চালু করার মাধ্যমে শিল্প খাতকে সমৃদ্ধ করতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের আগেই দেশের বন্ধ শিল্প-কারখানাগুলোকে পুনরায় চালুর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের অবস্থান এবং সম্ভাবনা বিবেচনা করে সেগুলোকে নতুনভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের মানুষের গর্ব এবং আস্থার প্রতীক নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই বাহিনীর সুনাম রয়েছে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বিওএফ সম্প্রসারণ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান বক্তব্য দেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের পক্ষে বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মিলিটারী এস্টেট অফিসার মিসেস সাজিয়ে তাহের চুক্তিতে স্বাক্ষর করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
এরপর কবির সমাধি প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. তারিক মনজুর স্মারক বক্তৃতা প্রদান করেন। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, "তাঁর জীবন ও সাহিত্যকর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়। সমাজের বৈষম্য, অনাচার, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। সাম্য, সৌহার্দ্য ও শান্তি বজায় রেখে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার শিক্ষাও আমরা নজরুলের সাহিত্যকর্ম থেকেই পাই।" তিনি বহুমাত্রিক গুণের অধিকারী ছিলেন।
কবির জীবন ও সাহিত্যকর্ম থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম ও মানুষের প্রতি মমত্ববোধ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন করেন। এছাড়া, জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় কোরানখানি অনুষ্ঠিত হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : বিতর্কের মধ্যে থাকা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রকাশ করেছে সৌদি আরবের ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, “যেখানেই সহায়ক হবে, সেখানে গঠনমূলক আলোচনায় সমর্থন দিতে আমরা প্রস্তুত।”
ফিফার পরিকল্পিত একটি উদ্যোগ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলা বিরোধ বিশ্ব ফুটবল অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে। যদিও বিভিন্ন বিতর্কের কারণে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করা হয়। ইনফান্তিনোর প্রস্তাবিত ওই পরিকল্পনায় বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে বেসরকারি অর্থায়ন আনার কথা ছিল।
২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরব গত ৫ আগস্ট ইনফান্তিনো ও ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রমের দেওয়া যৌথ বিবৃতিকে স্বাগত জানিয়েছে।
বৃহস্পতিবারের বিবৃতিতে সৌদি ফুটবল ফেডারেশন জানায়, “ফিফা সভাপতি ও মহাসচিবের সাম্প্রতিক যৌথ খোলা চিঠিতে ভুল স্বীকার, ক্ষমা প্রার্থনা, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রস্তাবটি বাস্তবায়ন না করার সিদ্ধান্ত এবং পুরো প্রক্রিয়াটি পর্যালোচনার প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানাই।”
ফেডারেশন আরও উল্লেখ করে, “এগুলো ছিল গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।”
বিবৃতির শেষাংশে সৌদি ফেডারেশন জানায়, “ফুটবল পরিবারের মধ্যে ঐক্য পুনরুদ্ধার এবং সবার কল্যাণে খেলাটির আরও বিকাশ অব্যাহত রাখার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ফিফার নেতৃত্বের চলমান প্রচেষ্টাকে আমরা সমর্থন করি।”
২০২২ সালের বিশ্বকাপের আয়োজক কাতার এবং এশিয়ার আরও কয়েকটি সদস্য সংস্থাও সৌদি আরবের মতো ভিন্ন অবস্থান নিয়েছে। এর ফলে আঞ্চলিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর অবস্থানের সঙ্গে তাদের পার্থক্য স্পষ্ট হয়েছে। এএফসি ইনফান্তিনোর ব্যাপারে কঠোর সমালোচনা করেছে।
বিশ্ব ফুটবলের অর্থনীতিতে যেসব দেশের ক্লাব ও জাতীয় দল সবচেয়ে প্রভাবশালী, তাদের মধ্যে ইউরোপ অন্যতম। জুলাইয়ের শেষ দিকে যখন জানা যায়, ফিফা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো নিজেদের সবচেয়ে বড় আয়োজন পরিচালনার জন্য একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করছে, তখন ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তীব্র প্রতিক্রিয়া জানায়।
ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) উদ্যোগের অধীনে গঠিত ওই প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীরা অংশীদারিত্ব কিনতে পারতেন।
যদিও প্রকল্পটি বাতিল করা হয়েছে, ইনফান্তিনোর ওপর চাপ অব্যাহত রয়েছে। ১০ আগস্ট এশিয়া, ইউরোপ এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো (কনকাকাফ) যৌথ চিঠি প্রকাশ করে নতুন করে সমালোচনা করে।
আগামী মার্চে রাবাতে অনুষ্ঠেয় নির্বাচনে ফিফা সভাপতি হিসেবে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রার্থী হতে চান ইনফান্তিনো। তবে পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ