০৩:০৩ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় তিন বছর বয়সী হালিমা আক্তার নামে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকায় একটি প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট বাড়ির তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। নিহত হালিমা আক্তার নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির কন্যা।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে হালিমা নিখোঁজ হয়। তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। পরে মসজিদের মাইকে শিশুটির নিখোঁজের খবর প্রচার করা হয়। বিকেল ৫টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায় পরিবার।
খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করেন। এরপর রাত ৯টার দিকে প্রতিবেশী আবদুল আউয়ালের বাড়ির একটি আলনার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আবদুল আউয়াল, তার স্ত্রী আসমা বেগম এবং ছেলে রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।
শিশুটির মা রাশেদা আক্তার অভিযোগ করেছেন, তার মেয়েকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানিয়েছেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন