০২:৫৩ পি.এম
ফরিদপুরের সালথা এলাকায় তিন মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন এই সংঘর্ষে। সংঘর্ষের সময় দুটি দোকান ভাঙচুর এবং একটি খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ চলতে থাকে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম ও পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের তিন শিক্ষার্থী রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের একটি মহিলা মাদরাসায় পড়াশোনা করেন। মঙ্গলবার বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার সময় রামকান্তপুর গ্রামের তিন যুবক তাদের উত্ত্যক্ত করেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এই ঘটনার প্রতিবাদে বিভাগদী গ্রামের কয়েকজন যুবক ওই তিন যুবকের পথরোধ করে মারধর করেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় দুটি দোকান ভাঙচুর হয় এবং একটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি শান্ত হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন