বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:২১ পি.এম
কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে একটি বড় আকৃতির ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। মাছটির মোট ওজন ২ কেজি ৭৫০ গ্রাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলে ফারুক মাঝি এই মাছটি বিক্রি করেন।
মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহীম খোকন জানান, ফারুক মাঝি সাগর থেকে ফিরে আসার পর এক সপ্তাহের মধ্যে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেন। এ মাছটি এর মধ্যে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়।
ঢাকার মাছ ব্যবসায়ী মো. বাহার মিয়া মাছটি কিনে নেন। বাহার মিয়া জানান, তিনি এ মাছটিসহ অন্যান্য মাছগুলো ঢাকার বাজারে নিয়ে যাবেন। সেখানে গিয়ে এ মাছটির দাম কত হবে, জানতে চাইলে তিনি বলেন, "আমরা কমপক্ষে ১ থেকে ২ হাজার লাভে বিক্রি করবো।" এরপর ঢাকার ব্যবসায়ীরা আরও এক-দুই হাজার লাভ করতে পারে। সব মিলিয়ে, এ রকম বড় সাইজের ইলিশটির দাম ঢাকার বাজারে প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হবে।
বাহার মিয়া আরও বলেন, "ছোট মাছে কেজি প্রতি লাভ হয় ৫০ থেকে ১০০ টাকা। কিন্ত বড় ইলিশে ভালো লাভ করা যায়।"
এদিকে, স্থানীয় আড়তদার আনোয়ার জানান, নদীতে ইলিশের সংখ্যা কমে গেছে। অন্যদিকে, তেলের দাম বৃদ্ধি পাওয়াতে জেলেদের জন্য মাছ শিকার করা এখন কঠিন হয়ে পড়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চলতি বছর শেষ হওয়া ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন ব্রুনো গ্রিমারায়েস। সেই ম্যাচের পর নেইমার অবসর নেন। ফলে নতুন করে একজন দক্ষ পেনাল্টি টেকার খুঁজতে শুরু করেছেন আনচেলত্তি। এই প্রেক্ষাপটে রাফিনিয়া সবার থেকে এগিয়ে রয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, পেনাল্টিতে ব্রাজিলের সবচেয়ে নির্ভরযোগ্য ও সফল ফুটবলার রাফিনিয়া। তার পেশাদার ক্যারিয়ারে ২৪টি স্পট কিকের মধ্যে ২৩টি গোলে পরিণত করেছেন এই তারকা ফরোয়ার্ড। প্রায় এক দশক ধরে তিনি কোনো পেনাল্টি মিস করেননি। ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে রাফিনিয়া ৫টি পেনাল্টি নিয়ে ৫টিই গোল করেছেন। এই মৌসুমেও এখন পর্যন্ত ৩টি পেনাল্টি নিয়ে সবগুলোকে গোলে রূপান্তরিত করেছেন। বিশ্বকাপ পরবর্তী ব্রাজিল দলে রাফিনিয়াকেই পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে প্রথম পছন্দ হিসেবে ভাবা হচ্ছে।
গত জুলাইয়ে বিশ্বকাপের পর এবারই প্রথম আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এতে স্বাভাবিকভাবেই পেনাল্টি শট নেওয়ার বিষয়টি সামনে আসছে।
আনচেলত্তি বলেন, "আমরা খেলোয়াড়দের এবং প্রতিপক্ষের গত এক বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করেছি। জাতীয় দলে সবচেয়ে ভালো ছিল রাফিনিয়া। ওই মুহূর্তে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে প্রথমে নেইমার, এরপর ইগোর থিয়াগো, তারপর রাফিনিয়া, এরপর ব্রুনো গিমারায়েস এবং তারপর মার্তিনেল্লি।"
অর্থাৎ, গিমারায়েসের আগে রাফিনিয়াকেই রেখেছিলেন আনচেলত্তি। তবে নরওয়ের বিপক্ষে চোটের কারণে তিনি খেলতে পারেননি। কিন্তু এখন যেহেতু রাফিনিয়া শতভাগ ফিট, তাই আনচেলত্তি তাকেই পেনাল্টি নেওয়ার দায়িত্ব দিতে পারেন।
রাফিনিয়ার পেনাল্টি নেওয়ার দক্ষতা তুলে ধরেছে কাতালান সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো। গণমাধ্যমটি জানিয়েছে, রাফিনিয়া সবশেষ ১৬ পেনাল্টির মধ্যে (বার্সেলোনার হয়ে ১৩টি ও ব্রাজিলের হয়ে ৩টি) ৯টি শট গোলকিপারের ডান দিকে, ৬টি বাঁ দিক দিয়ে চিপ করে এবং ১টি পোস্টের মাঝ বরাবর দিয়ে মিস করেছেন।
ফলে, স্পট কিকে রাফিনিয়া কোন দিক দিয়ে শট নেবেন, তা প্রতিপক্ষ গোলকিপারের জন্য অনুমান করা খুব কঠিন। তাই নেইমারের পর পেনাল্টি নেওয়ার দায়িত্ব রাফিনিয়ার কাঁধে উঠতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মানিকগঞ্জে ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে একটি ফ্ল্যাটে প্রবেশ করে হাজেরা বেগম (৭০) নামের এক নারীর উপর হাতুড়ি দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলার পর তার গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার উত্তর সেওতা এলাকার বায়তুল আমান ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
আহত হাজেরা বেগমের মেয়ে আলেয়া বেগম জানান, বেলা আনুমানিক ১২টার দিকে বোরকা পরা এক ব্যক্তি বাসার গেটে এসে দরজায় কড়া নাড়েন। তার মা দরজা খুলে দিলে ওই ব্যক্তি তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এরপর ওই ব্যক্তি তার গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের সোনার চেইন নিয়ে পালিয়ে যান। হামলাকারীর হাতে একটি চালের ব্যাগ ছিল।
তিনি আরও বলেন, মায়ের চিৎকার শুনে পাশের বাসার লোকজন এগিয়ে গিয়ে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনি বাসায় ফিরে মাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মানিকগঞ্জ শহরের পাশে উত্তর সেওতা এলাকায় একটি ফ্ল্যাটে ঢুকে এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে আহত হাজেরা বেগম মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফ্রান্সের সর্বোচ্চ আদালত আপিল খারিজ করার ফলে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমিকে ধর্ষণের মামলায় বিচারের সম্মুখীন হতে হচ্ছে।
এই খবর সম্প্রতি ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘দি অ্যাথলেটিক’ দ্বারা নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্যারিসের পশ্চিমে ও-দে-সেন বিভাগের একটি অপরাধ আদালতে এই মামলার বিচার কার্যক্রম পরিচালিত হবে। যদিও এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে আগামী বছরেই মামলাটির বিচার শুরু হতে পারে।
মামলাটি ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বুলোন-বিলঁকুরে হাকিমির নিজ বাসভবনে ঘটে যাওয়া একটি ঘটনার সূত্রপাত। ওই তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হাকিমির সঙ্গে যোগাযোগ করার পর তার বাড়িতে যান।
পরে তিনি হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। ঘটনার পাঁচ দিন পর হাকিমির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠিত হয়।
তবে এই তারকা ফুটবলার শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে হাকিমির আইনজীবী দল প্রথমে মামলাটি খারিজের জন্য আবেদন করেছিলেন।
কিন্তু গত বছরের ১৯ জুন ভার্সাইয়ের আপিল আদালত সেই আবেদনটি খারিজ করে দেয়। এরপর হাকিমি উচ্চ আদালত ‘কোর্ট অব ক্যাসেশন’-এ যান, যা সম্প্রতি চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন সিরিয়ার দখলকৃত গোলান মালভূমি ইসরায়েলকে লিখে দেওয়ার পরিবর্তে তার নিজ দেশের নিউ জার্সি অঙ্গরাজ্য তাদের দিয়ে দেন—এমন একটি কৌতুকের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আল-শারা এই মন্তব্যটি করেন।
সিরিয়ার প্রেসিডেন্ট জানান, হোয়াইট হাউসে তার সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট যখন গোলান মালভূমির ওপর ইসরায়েলি সার্বভৌমত্বের স্বীকৃতির প্রসঙ্গ উত্থাপন করেন, তখন তিনি ট্রাম্পকে এই কৌতুকটি বলেন। তিনি ট্রাম্পকে বলেছিলেন, "ইসরায়েলকে জমি দিতে আপনার যদি এতই আগ্রহ থাকে, তবে নিউ জার্সি দিয়ে দিচ্ছেন না কেন? নিউ জার্সি তো ডেমোক্র্যাটদের অধীনে এবং তারা আপনাকে ভোটও দেয় না।"
আল-শারা আরও বলেন, নিউ জার্সির ওপর ট্রাম্পের রাজনৈতিক এখতিয়ার থাকতে পারে, তবে গোলান মালভূমির মালিকানা তার নেই। তিনি উল্লেখ করেন, সিরিয়া বা আমেরিকার কোনো প্রেসিডেন্টের এই ভূখণ্ড অন্য কাউকে দিয়ে দেওয়ার অধিকার নেই; গোলান মালভূমি কেবল সেখানকার জনগণের।
কৌতুকের বাইরে ট্রাম্পের প্রশংসা করে আল-শারা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার পাশে দাঁড়িয়েছেন এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ট্রাম্পের সঙ্গে নিজের বিশেষ ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখল করে রেখেছে এবং ১৯৮১ সালে তারা এটি নিজেদের সঙ্গে যুক্ত করে, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবে অবৈধ ঘোষণা করা হয়। বিশ্বের অধিকাংশ দেশ গোলানকে সিরিয়ার ভূখণ্ড মনে করলেও যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া এই অঞ্চলে ইসরায়েলি সার্বভৌমত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ