০৩:২২ পি.এম
খুলনা বিশেষায়িত হাসপাতালেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস চালু হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সব পক্ষ এ প্রস্তাবে ঐকমত্য প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামের নেতৃত্বে খুলনা আসা প্রতিনিধি দলকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়। প্রতিনিধি দলটি হাসপাতালটি পরিদর্শন করেন এবং দ্রুত প্রতিবেদন দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এ বিষয়ে মন্ত্রণালয়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। এ সময় খুলনা বিভাগের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও প্রবীণ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
সূত্র জানায়, ২০২১ সালে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও অস্থায়ী ক্যাম্পাসের অভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। গত জুন মাসে উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন অস্থায়ী ক্যাম্পাস চালুর প্রস্তাব পাঠিয়েছিলেন।
প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) এ এন এম মঈনুল ইসলাম বৃহস্পতিবার খুলনা বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি হাসপাতালের বহির্বিভাগ পরিদর্শন করেছেন, সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেছেন এবং সেবার মান পর্যবেক্ষণ করেছেন। এছাড়া, অস্থায়ী প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য সম্ভাব্য বিভিন্ন অবকাঠামো ও সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন খুমেবি'র উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। তিনি খুলনা বিশেষায়িত হাসপাতালকে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের পক্ষে বিস্তারিত যুক্তি উপস্থাপন করেন। উক্ত উদ্যোগ বাস্তবায়িত হলে, স্বাস্থ্যসেবার মান আরও গতিশীল হবে এবং চিকিৎসা শিক্ষা, উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
এরপর একই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে অংশীজনেরা তাদের মতামত তুলে ধরেন। তারা সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসা শিক্ষা ও গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করার জন্য এবং এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনা করার অনুরোধ জানান।
সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক, খুলনার সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন