০৩:৩২ পি.এম
উত্তর প্রদেশের ঝাঁসি আদালত ২০১০ সালের একটি পুরোনো মৃত্যুর মামলায় বলিউডের ড্রামা কুইন খ্যাত রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা (NBW) জারি করেছে। দীর্ঘ ১৬ বছর আগে ঘটে যাওয়া এক বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হলো।
২০১০ সালে ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক যুবক তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের কারণে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন। অভিযোগ রয়েছে, ওই শো-এর মঞ্চে রাখি লক্ষ্মণের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন।
অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার পর লক্ষ্মণ ভয়াবহ মানসিক অবসাদ ও সামাজিক হেনস্তার শিকার হন। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ার ফলে তিনি সেই বছরই মারা যান।
আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা
লক্ষ্মণের মৃত্যুর পর, তার মা রাখি সহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। পরে মামলায় আত্মহত্যার প্ররোচনার পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার ধারাও যুক্ত করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও চার্জশিট দাখিলের পর অবশেষে আদালত এই পরোয়ানা জারি করেছে।
ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব জানিয়েছেন, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খুব দ্রুত রাখি সাওয়ান্তকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে। ১৬ বছর আগের এই মর্মান্তিক ঘটনার কারণে এখন এই অভিনেত্রীর মাথার ওপর গ্রেপ্তারির খাঁড়া ঝুলছে।
সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে চরম হেনস্তার শিকার ইমন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন