ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দিনাজপুরে আটক ১


বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দিনাজপুরে আটক ১

জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন এবং ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বার্তায় এই তথ্য বাসসকে নিশ্চিত করা হয়।

বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার দামোদরপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

অভিযানে প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন এবং ট্যাবলেট উদ্ধারসহ মো. রিপন হোসেন (৩৫) নামে একজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

রিপন হোসেন উপজেলার সীমান্তবর্তী ২নং কাটলা ইউনিয়নের দামোদরপুর গ্রামের মো. আব্দুস সোবহানের ছেলে।

দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. তাহমুদার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সার্কেলের একটি রেইডিং টিম রিপন হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় অভিযানের বিষয় টের পেয়ে পালানোর চেষ্টাকালে রিপনকে গ্রেফতার করে পুলিশ।

পরে তার বাসা তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩ হাজার ৫শ’ পিস ভারতীয় নেশা জাতীয় ব্রোপিন লুপিজেসিক ও ২ হাজার ৫৫০ পিস স্ট্রিপে ইনজেকশন এবং ২৫ হাজার ৫শ’ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

উদ্ধারকৃত ইনজেকশনগুলোর পরিমাণ প্রায় ৭ লিটার এবং ট্যাবলেটগুলোর ওজন প্রায় ১০ কেজি ২শ’ গ্রাম। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৫৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেন।

বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. সাইফুল ইসলাম সরকার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের যৌথ অভিযান বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ রিপন হোসেনকে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু

উগান্ডায় একটি শিক্ষা সফর শেষে ফিরে আসার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী এবং একজন প্রাপ্তবয়স্কসহ মোট ২১ জনের প্রাণহানি ঘটেছে।

এ তথ্য শুক্রবার পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, রাজধানী কাম্পালার কিং ডেভিড জুনিয়র স্কুলের বাসটি কাপচোরওয়া জেলার সিপি ফলস থেকে শিক্ষা সফর শেষে ফিরছিল। ঠিক সেই সময়, বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে যায়।

বার্তা সংস্থা এএফপি নাইরোবি থেকে খবরটি জানায়। পুলিশ এক্স নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে জানিয়েছে, ‘বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।’ এ বিবৃতিতে তারা আরও উল্লেখ করেছে, ‘দুর্ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং ২০ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া, এ ঘটনায় তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও কয়েকজন অপ্রাপ্তবয়স্ক আহত হয়েছেন।’

পুলিশ দুর্ঘটনাকবলিত দুমড়ে যাওয়া ও উল্টানো বাসটির একটি ছবি প্রকাশ করেছে। তারা আরও জানিয়েছে, দুর্ঘটনাটির তদন্ত চলছে এবং আহত কিছু শিশু ও প্রাপ্তবয়স্ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পূর্ব আফ্রিকার এই দেশটিতে প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। এর আগে, গত অক্টোবরে দেশের একটি প্রধান মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৬ জন প্রাণ হারান। ২০২৪ সালের একটি প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ওই বছরে উগান্ডায় ৪ হাজার ৪৩৪টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জনের মৃত্যু ঘটেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

মন্ত্রী আজ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী ও খামারীদের মাঝে ধান বীজ ও উপকরণ বিতরণ এবং গবাদি পশুকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে সংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

মন্ত্রী আরও বলেন, চলমান বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা। বন্যার পানি আসার আগেই কৃষকরা বীজতলা প্রস্তুত করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের বেশি পানির নিচে থাকায় চারার উপযোগিতা নষ্ট হয়ে গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় ইউনিয়ন ও ব্লক পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী বীজের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, যেসব কৃষকের বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তাদের হাতে দ্রুত বীজ পৌঁছে দেওয়া হচ্ছে। আর যাদের জমি এখনও পানির নিচে রয়েছে এবং এখনই বীজ বোনার সুযোগ নেই, তাদের জন্য সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে বিকল্প বীজতলা তৈরি করা হয়েছে। সেখানে উৎপাদিত চারা ১৫ থেকে ২০ দিন পর ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে, যাতে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা রোপণ করতে পারেন।

গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, বন্যার পর সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয় খুরা রোগ ও অন্যান্য সংক্রামক রোগের। তাই আজ থেকেই বন্যাকবলিত পাঁচ জেলায় ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিশেষ টিম গঠন করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশুকে টিকার আওতায় আনা হবে।

পাশাপাশি বন্যার কারণে সৃষ্ট গোখাদ্যের সংকট মোকাবিলায় প্রথম ধাপে ৩৫ লাখ টাকার গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতেও সহায়তা বাড়ানো হবে হবে মন্ত্রী জানান।

মন্ত্রী বলেন, মাছ চাষেও কয়েকশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে মাঠ পর্যায়ে জরিপ চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষক যাতে উৎপাদিত পণ্য সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রি করতে পারেন, সে জন্য সারা দেশে পর্যায়ক্রমে প্রায় ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। উৎপাদন এলাকার কাছেই এসব সংরক্ষণাগার স্থাপন করা হবে, যাতে কৃষক অতিরিক্ত পরিবহন ব্যয় ছাড়াই ফসল সংরক্ষণ করতে পারেন এবং বাজারে ভালো দাম পেলে বিক্রি করতে পারেন।

তিনি আরও বলেন, বন্যা ও জলাবদ্ধতা কমাতে অবৈধভাবে দখল হওয়া সরকারি খাল উদ্ধার এবং প্রয়োজনীয় খনন কার্যক্রম অব্যাহত থাকবে। যেখানে সরকারি খাল দখল হয়েছে, সেগুলো দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।

এর আগে মন্ত্রী বীজতলায় নিজ হাতে ধানবীজ বপন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানবীজ বিতরণ, মৎস্যচাষীদের মধ্যে পুকুর পুনর্বাসনের উপকরণ, খামারীদের মাঝে গোখাদ্য বিতরণ এবং গবাদী পশুকে এফএমডি ও পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

এর আগে মন্ত্রী চট্টগ্রাম জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কে বর্জ্য ফেলায় পরিচ্ছন্নতাকর্মীদের বরখাস্ত করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কে বর্জ্য ফেলায় পরিচ্ছন্নতাকর্মীদের বরখাস্ত করা হয়েছে

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে হাতে-হাতে ধরা পড়েছেন কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনে। ঘটনাস্থলে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মহাসড়কের পাশে বর্জ্য ফেলা পুরোপুরি বন্ধ করার এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়ক সংলগ্ন পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শনে গেলে এ ঘটনার উদ্ভব ঘটে। এর আগে মহাসড়কের পাশে কোনো অবস্থাতেই বর্জ্য না ফেলার বিষয়ে সংশ্লিষ্টদের একাধিক বার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল, তবে তা অমান্য করে বর্জ্য ফেলতে দেখা যায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে।

যারা অভিযুক্ত তাদের ঘটনাস্থলেই জেলা প্রশাসক তীব্র ভর্ৎসনা করেছেন এবং তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘মহাসড়কের পাশে কোনোভাবেই বর্জ্য ফেলা যাবে না। এ বিষয়ে আগেই স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও যারা নির্দেশ অমান্য করেছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ, জনস্বাস্থ্য ও জনস্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।’

জেলা প্রশাসন জানাচ্ছে, পরিবেশ দূষণ প্রতিরোধ, দুর্গন্ধমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে মহাসড়ক ও জনবহুল এলাকায় অবৈধভাবে বর্জ্য ফেলা বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় দুই দশক ধরে অব্যবস্থাপনা, দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে ভোগান্তিতে থাকা আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়ককে পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও দৃষ্টিনন্দন করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

এই কর্মসূচির আওতায় মহাসড়কের দুই পাশে বছরের পর বছর ধরে জমে থাকা ও অবৈধভাবে ফেলা বর্জ্য অপসারণ করে নির্ধারিত ল্যান্ডফিলে স্থানান্তর করা হচ্ছে। পাশাপাশি রাস্তার দুই পাশে বালি ও মাটি দিয়ে ভরাট করে স্লোপ নির্মাণ করা হচ্ছে, যাতে বর্ষায় মাটি ক্ষয় রোধ করা যায়। সবুজায়নের অংশ হিসেবে রাস্তার দুই পাশে নিম, সুপারি ও নারিকেল গাছ রোপণ করা হবে। এছাড়া ভবিষ্যতে যাতে কেউ মহাসড়কের পাশে বর্জ্য ফেলতে না পারে, সে জন্য দুই পাশে উচু সুরক্ষা বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, মহাসড়ককে স্থায়ীভাবে পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব রাখতে নজরদারি আরও জোরদার করা হবে। এ ধরনের অনিয়মে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল জিম্বাবুয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল জিম্বাবুয়ে

ঢাকা, ১৭ জুলাই ২০২৬ : বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩২ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ডান-হাতি লেগ স্পিনার রিশাদ হোসেন।

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট-বল হাতে সুবিধা করতে পারেননি নাসুম। বল হাতে ৩ ওভারে ৩২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। ব্যাট হাতে ৩ বলে ২ রান করেন নাসুম।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছে জিম্বাবুয়ে।

টি-টোয়েন্টিতে জয়ের দিক দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। ২৫ ম্যাচ খেলে ১৭টিতে জয় ও ৯টিতে হেরেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ : তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, টাডিওয়ানাশে মারুমানি, ডিওন মেয়ার্স, রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাডান্ডে, তাশিঙ্গা মুসেকিয়া, ব্রাড ইভান্স, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%