১০:২৮ পি.এম
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের মাত্র সাড়ে তিন মাস পর, তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন যে, তার দল খুব শিগগিরই রাজ্যে ক্ষমতায় ফিরে আসবে। শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে অনুষ্ঠিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও রাখিবন্ধন উৎসবের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি অভিযোগ করেন যে, বিজেপি ‘চোরদের নিয়ে ক্ষমতা দখল করেছে’ এবং এ বিষয়ে তিনি তীব্র সমালোচনা করেন।
অনুষ্ঠানে, সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন যে, যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। তিনি বলেন, "কারাগারে যেতে হলে যাবেন, কিন্তু বিজেপিতে কেউ যাবেন না।" তিনি আরও বলেন, "সামনে কাউকে গ্রেপ্তার করে নিয়ে গেলে ঝাঁপিয়ে পড়বেন।" তিনি দৃঢ়তার সঙ্গে জানান যে, "খুব শিগগিরই তৃণমূল ক্ষমতায় ফিরবে।" এ সময় তিনি সতর্ক করে বলেন, বিজেপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করা পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না।
মমতা ব্যানার্জি অভিযোগ করেন যে, নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ১৪ হাজার মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, "এর বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে যাব, দরকার হলে আন্তর্জাতিক আদালতে যাব। তখন সরকার ও গ্রেপ্তারকারীরাও ফাঁসবে।" তিনি পুলিশের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে বলেন, "বিজেপির অত কর্মী নেই, পুলিশকে দিয়ে তারা সন্ত্রাস করছে। আমরা এই পুলিশি সন্ত্রাস বন্ধ করবই।"
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
তৃণমূল নেতাদের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা জানান, শিগগিরই তিনি জেলা সফর শুরু করবেন। তিনি বলেন, "অনুমতি না পেলে রাস্তায় রাস্তায় হাঁটবেন।" বিজেপিকে নিশানা করে তিনি বলেন, "বাংলায় অত্যাচার করতে গিয়ে দিল্লিও টলমল। খুব শিগগিরই দিল্লির সরকারও পড়বে, আর দিল্লি চলে গেলে বিজেপিও অস্তিত্ব হারাবে।"
বিডিপ্রতিদিন/কেকে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন