ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

তামিলনাড়ুতে সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলে ২২ ক্যারেটের সোনার আংটি


তামিলনাড়ুতে সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলে ২২ ক্যারেটের সোনার আংটি

ভারতের তামিলনাড়ু সরকার সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলে নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়ার প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের নাম ‘থাই মামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ বা ‘মাতুলের সোনার আংটি প্রকল্প’। নির্ধারিত শর্ত পূরণকারী নবজাতকেরা ২২ ক্যারেটের সোনার আংটি পাবেন।

মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে সোমবার (২৮ সেপ্টেম্বর) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় প্রকল্পটির উদ্বোধন করেন। নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে শুরু হওয়া এই প্রকল্পের প্রথম ধাপে ১ লাখ ২৮ হাজার সোনার আংটি প্রস্তুত করা হয়েছে। রাজ্য সরকার এ জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দের পরিকল্পনা করেছে।

এই প্রকল্পের আওতায় তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকেরা সুবিধা পাবেন। তবে, কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, শিশুর মাকে তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, তাঁকে ‘প্রেগন্যান্সি অ্যান্ড ইনফ্যান্ট কোহর্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন’ (PICME) ব্যবস্থায় নিবন্ধিত থাকতে হবে। মায়ের ‘রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ’ (RCH) আইডি থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

২০২৬ সালের ২২ জুন বা এর পর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুরা এই সুবিধার আওতায় আসবে। প্রকল্প উদ্বোধনের আগেই জন্ম নেওয়া যোগ্য শিশুদের জন্য বিশেষ বিতরণব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি সোনার আংটিতে আলাদা সিরিয়াল নম্বর থাকবে এবং আংটিগুলো বিশেষ প্যাকেটে সরবরাহ করা হবে, যাতে প্যাকেট খোলা হয়েছে কি না, তা শনাক্ত করা যায়।

তামিলনাড়ুর ১০৭টি হাব বা বিতরণকেন্দ্র ব্যবহার করে প্রকল্প উদ্বোধনের আগে জন্ম নেওয়া শিশুদের আংটি বিতরণ করা হবে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ১০০ শিশুকে আংটি দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, প্রকল্প চালুর পর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া যোগ্য শিশুদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময়ই আংটি দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার।

তামিলনাড়ু সরকারের মতে, এই উদ্যোগের উদ্দেশ্য নবজাতককে সোনার আংটি উপহার দেওয়া নয়। বরং, মাতৃত্বকে সম্মান জানানো, গর্ভবতী নারী ও মায়েদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা এবং সরকারি হাসপাতালে সন্তান জন্মদানে পরিবারগুলোকে উৎসাহিত করা।

তামিল সংস্কৃতিতে শিশুর জন্মের পর মায়ের ভাইয়ের বিশেষ ভূমিকা রয়েছে। সেই পারিবারিক সম্পর্কের প্রতীক হিসেবেই প্রকল্পটির নাম রাখা হয়েছে ‘থাই মামান থাঙ্গা মোথিরাম’ বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অরুণ রাজ। তিনি বলেন, সন্তান জন্মের পর একজন মামা তাঁর বোন ও নবজাতকের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এই প্রকল্পের মাধ্যমে সরকার সেই সম্পর্কের প্রতি সম্মান জানাচ্ছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

তবে বিরোধী শিবির প্রকল্পটি নিয়ে আপত্তি তুলেছে। ডিএমকের নেতা টিকে এস এলাঙ্গোভান বলেছেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন বাড়ছে, তখন বিনা মূল্যে সোনার আংটি দেওয়া তাঁদের দৈনন্দিন সমস্যার সমাধান করবে না। তিনি কৃষকদের দুর্ভোগ ও মূল্যবৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন। তাছাড়া, সোনার আংটি কেনার কাজে তামিলনাড়ু মেডিকেল সার্ভিসেস করপোরেশনকে ব্যবহার করা নিয়েও প্রশ্ন উঠেছে।

এই সংস্থাটি সাধারণত ওষুধ ও চিকিৎসাসামগ্রী কেনার দায়িত্ব পালন করে। নবজাতকদের জন্য সোনার আংটি কেনার ক্ষেত্রে এই সংস্থাকে ব্যবহারের যৌক্তিকতা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রকল্পটিকে মাতৃত্বের সম্মান ও জনস্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির উদ্যোগ হিসেবে তুলে ধরা হলেও এর ব্যয়, বাস্তবায়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর এর প্রভাব নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারক হিসেবে প্রতিষ্ঠিত হতে চান আরিফুল হক সিয়াম, পেয়েছেন প্রথম স্থান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


বিচারক হিসেবে প্রতিষ্ঠিত হতে চান আরিফুল হক সিয়াম, পেয়েছেন প্রথম স্থান

বিচারকের আসনে বসার স্বপ্ন ছিল। সেই স্বপ্নের বাস্তবায়নে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে এগিয়ে গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আরিফুল হক সিয়াম। নানা চ্যালেঞ্জ অতিক্রম করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় তিনি এবার প্রথম স্থান অর্জন করেছেন। তার এই সাফল্যের পেছনে রয়েছে পরিকল্পিত প্রস্তুতি, নিরলস পরিশ্রম এবং পরিবারের অনুপ্রেরণা।

জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ার অভিজ্ঞতা নিয়ে আরটিভির মুখোমুখি হয়েছেন আরিফুল হক সিয়াম। সাক্ষাৎকারটি নিয়েছেন আরটিভির রাবি সংবাদদাতা সায়েম চৌধুরী।

আরটিভি: বিচারক হওয়ার স্বপ্নটি কখন এবং কিভাবে তৈরি হয়েছিল?

আরিফুল হক সিয়াম: জজ হওয়ার ইচ্ছাটা হঠাৎ করে তৈরি হয়নি। আইন পড়া শুরু করার পর থেকেই বিচার বিভাগ আমাকে বিশেষভাবে আকর্ষণ করত। একজন বিচারক আইন, যুক্তি, ন্যায়বোধ এবং মানুষের প্রতি দায়িত্ববোধ, এই চারটি বিষয়কে ধারণ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিভিন্ন মামলার রায়, বিচারিক সিদ্ধান্ত এবং বিচারকদের ভূমিকা নিয়ে পড়তে গিয়ে ধীরে ধীরে মনে হয়েছে, বিচারক হিসেবে নিরপেক্ষভাবে ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্বটি আমার ব্যক্তিত্ব ও চিন্তার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

আরটিভি: প্রথম হওয়ার অনুভূতি এবং ফল প্রকাশের মুহূর্তটি কেমন ছিল?

আরিফুল হক সিয়াম: যখন জানতে পারলাম যে আমি দেশব্যাপী প্রথম হয়েছি, প্রথমে কয়েক মুহূর্তের জন্য যেন বিশ্বাসই হচ্ছিল না। এরপর আনন্দের পাশাপাশি আল্লাহর প্রতি একটি গভীর কৃতজ্ঞতা অনুভব করেছি। মনে হয়েছে, এই ফল শুধু আমার একার নয়। আমার পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এবং যারা পুরো যাত্রায় আমাকে সহযোগিতা করেছেন, সবার সম্মিলিত অবদান এর সঙ্গে জড়িয়ে আছে।

আরটিভি: প্রথম হয়েছেন—এটা জানার পর প্রথম কাকে জানিয়েছেন?

আরিফুল হক সিয়াম: আমার কাছে এই মুহূর্তটার সবচেয়ে সুন্দর দিক ছিল সাফল্যের খবরটা নিজের মধ্যে আটকে না রেখে প্রিয় মানুষগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া। পাশের রুমে মা ছিলেন। সবার আগে তাকেই জানিয়েছি। বাবা বাইরে কাজে ছিলেন, মাকে জানানোর পর তাকে ফোন করে জানিয়েছি।

আরটিভি: প্রস্তুতিতে সবচেয়ে কঠিন সময় কোনটি ছিল?

আরিফুল হক সিয়াম: আমার কাছে সবচেয়ে কঠিন ছিল দীর্ঘ সময় ধরে একই লক্ষ্য ধরে রাখা। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি কয়েক মাসের বিষয় নয়; দীর্ঘ সময় নিয়মিত পড়াশোনা, নিজের দুর্বলতা নিয়ে কাজ করা এবং বারবার নিজেকে যাচাই করার বিষয়।

বিশেষ করে এমন সময় এসেছে, যখন পড়াশোনা করেও মনে হয়েছে হয়তো যথেষ্ট হচ্ছে না। আবার কখনো কোনো বিষয় প্রত্যাশা মতো ভালো হয়নি। তখন হতাশ না হয়ে কোথায় ঘাটতি আছে সেটা চিহ্নিত করে আবার শুরু করতে হয়েছে। আমি মনে করি, প্রস্তুতির সবচেয়ে কঠিন অংশ ছিল শুধু পড়াশোনা নয়, বরং নিজের ওপর বিশ্বাসটা ধরে রাখা।

আরটিভি: আপনার জীবনে এমন কোনো মানুষ আছে, যাকে এই সাফল্যের বিশেষ কৃতিত্ব দিতে চান?

আরিফুল হক সিয়াম: একজনকে আলাদা করে কৃতিত্ব দেওয়া আমার জন্য কঠিন। কারণ, এই সাফল্যের পেছনে আমার পরিবারের দোয়া, শিক্ষকদের দিকনির্দেশনা এবং বিভিন্ন সময়ে পাওয়া অনেক মানুষের সহযোগিতা রয়েছে। তবে যদি কাউকে কৃতিত্ব দিতেই হয় সেটা অবশ্যই আল্লাহর। আল্লাহ চেয়েছিলেন বলেই আমাকে তিনি সম্মানিত করেছেন।

আরটিভি: নতুন করে যারা জজ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করবে, সাফল্যের ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার কী পরামর্শ থাকবে?

আরিফুল হক সিয়াম: আমি প্রথমেই বলব, এটাকে শুধু একটি চাকরির পরীক্ষা হিসেবে না দেখে একটি দীর্ঘমেয়াদি প্রস্তুতি হিসেবে নিতে হবে। প্রথমত, আইনের মৌলিক বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে হবে। শুধু ধারা মুখস্থ করলে হবে না, ধারাটির উদ্দেশ্য কী, প্রয়োগ কীভাবে হয়, আদালতের সিদ্ধান্ত কী এবং একটি বিধানের সঙ্গে অন্য বিধানের সম্পর্ক কী এসব বুঝতে হবে।

দ্বিতীয়ত, লিখিত পরীক্ষার জন্য লেখার অনুশীলন করতে হবে। ভালো জানা আর পরীক্ষার খাতায় ভালোভাবে উপস্থাপন করা এক বিষয় নয়।

তৃতীয়ত, প্রতিদিনের পড়াশোনায় ধারাবাহিকতা রাখতে হবে। প্রতিদিন ১২-১৪ ঘণ্টা পড়ার লক্ষ্য করে তিন দিন পর থেমে যাওয়ার চেয়ে প্রতিদিন অল্প হলেও নিয়মিত পড়া অনেক বেশি কার্যকর।

চতুর্থত, নিজের ভুলগুলোকে ভয় পাওয়া যাবে না। মডেল টেস্ট, লিখিত পরীক্ষা বা মক ভাইভায় কোথায় ভুল হচ্ছে সেটা বের করে সংশোধন করতে হবে।

সবশেষে বলব, অন্যের প্রস্তুতির সঙ্গে নিজের প্রস্তুতির তুলনা না করে নিজের গতিটা ধরে রাখুন। এই পরীক্ষায় মেধার পাশাপাশি ধৈর্য, ধারাবাহিকতা এবং আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সৃষ্টিকর্তার কাছে চাওয়া। তাই নিয়মিত তার কাছে চাইতে হবে, তাকে ডাকতে হবে।

আরটিভি: ভবিষ্যতে বিচারক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় লক্ষ্য কি হবে?

আরিফুল হক সিয়াম: আমার সবচেয়ে বড় লক্ষ্য হবে একজন ন্যায়পরায়ণ, নিরপেক্ষ এবং দায়িত্বশীল বিচারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। একই সঙ্গে আমি মনে করি, ন্যায়বিচার শুধু সঠিক রায় দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; সময়মতো বিচার দেওয়া, পক্ষপাতমুক্ত থাকা, আইনকে সঠিকভাবে প্রয়োগ করা এবং বিচারপ্রার্থী মানুষের প্রতি মানবিক থাকা, সবকিছুই বিচারিক দায়িত্বের অংশ।

আমি বিশ্বাস করি একজন বিচারকের হাতের কলম একজন যোদ্ধার হাতের তরবারির চাইতেও বেশি ভারী। আর আল্লাহ আমাকে সেই ভার সহ্য করবার শক্তি যেন দেন সেই দোয়া সকলের কাছে আমি চাই।

আরটিভি: বিভিন্ন ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে।

আরিফুল হক সিয়াম: আপনাকেও ধন্যবাদ। আরটিভির পাঠকদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানের মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ী আবুল কালামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


বান্দরবানের মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ী আবুল কালামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের শৌচাগার থেকে আবুল কালাম আবু (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে, মসজিদের শৌচাগারের টিনের চালের আড়ের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় আবুল কালামের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম আবু রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের দক্ষিণ বড়বিল এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে ছিলেন। তিনি বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি মুদির দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা সকালে মসজিদের শৌচাগারের টিনের চালের আড়ের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় আবুল কালামের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল করিম বান্টু বলেন, "আবু অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এ ঘটনায় আমরা ব্যবসায়ীরাও আতঙ্কিত। এটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা, নাকি অন্য কোনো ঘটনা, তা এখনই বলা কঠিন।"

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মনজুরুল আহসান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়িক আর্থিক সমস্যা কিংবা পারিবারিক কোনো সমস্যার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, "প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।"

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর বাইশারীর ছাদুঅং পাড়ার একটি বৌদ্ধ বিহারের মাঠ থেকে কাঠ ব্যবসায়ী জাফর আলম বাবুলের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

মাত্র ১০ দিনের ব্যবধানে একই এলাকায় দুই ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আবুল কালামের মৃত্যু ও জাফর আলম বাবুলের মৃত্যুর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে নেওয়ার সময় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন। নিহত পুলিশ সদস্যের নাম মো. ফখরুল ইসলাম, বয়স ৪২ বছর। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।

মৃত ফখরুল ইসলাম কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পাঁচথুবী ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত সানাউল হকের পুত্র। প্রায় দেড় মাস আগে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সিআইডিতে পোস্টিং পান। এর পূর্বে, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এএসআই মো. ফখরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত সিআইডি অফিসে দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তার সহকর্মীরা তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবিব এ বিষয়ে জানান, ওই পুলিশ সদস্যকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদ্রোগের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, সিআইডিতে কর্মরত একজন পুলিশ সদস্য মারা গেছেন। খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। জেলা পুলিশের পক্ষ থেকে তার মরদেহ পরিবারের কাছে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমিষের ঘাটতি পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষের গুরুত্ব’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


‘আমিষের ঘাটতি পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষের গুরুত্ব’

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উল্লেখ করেন, দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশের আনাচেকানাচে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকে পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার আরও বলেন, বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকা মৎস্য উৎপাদন ও আহরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ ভবন লেকে মাছ চাষের মাধ্যমে গ্রামাঞ্চলের জনগণকে উৎসাহিত করা হচ্ছে। এর মাধ্যমে এদেশের জনগণ মৎস্য সম্পদ উৎপাদনে আগ্রহী হবেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ-মাংসের উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, ‘আমাদের সন্তান থাকুক দুধে-ভাতে’ ও ‘মাছে-ভাতে বাঙালি’ বাস্তবায়নে দেশের সব আনাচে-কানাচে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।

সংসদ ভবন লেকে মোট ১২০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে। এরই ধারাবাহিকতায় আজ ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%