মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৩৮ পি.এম
রাশিয়ার নতুন প্রজন্মের ‘গেরান-৫’ ড্রোন ঘণ্টায় প্রায় ৬০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এই জেটচালিত ড্রোনগুলো প্রায় ছয় হাজার মিটার উচ্চতায় উড়তে পারে এবং ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। উচ্চ গতির, দীর্ঘ পাল্লার এবং বিপুল সংখ্যায় ব্যবহারের কারণে এগুলো ড্রোন ও ক্রুজ মিসাইলের মধ্যে পার্থক্য অনেকটাই অস্পষ্ট করে তুলেছে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো ক্যাটরিনা বন্ডারের মতে, রাশিয়ার ‘গেরান-৫’ মূলত ইরানি শাহেদ-১৩৬ ড্রোনের রুশ সংস্করণ। রাশিয়ার আলাবুগা অঞ্চলে এগুলোর ব্যাপক উৎপাদন চলছে। নতুন জেটচালিত সংস্করণগুলোতে আগের পিস্টন ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে।
বন্ডার জানান, সংস্করণভেদে এসব ড্রোনের পাল্লা ৪৫০ কিলোমিটার থেকে ৯৫০ কিলোমিটারের বেশি হতে পারে। সাধারণভাবে ঘণ্টায় ৩০০ কিলোমিটার থেকে ৪০০ কিলোমিটার গতিতে চললেও গেরান-৪ প্রায় ৫০০ কিলোমিটার এবং গেরান-৫ প্রায় ৬০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে।
ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ধীরগতির, প্রোপেলারচালিত ড্রোন মোকাবিলার উপযোগী করে তৈরি করা হয়েছিল। মেশিনগান, গান-ট্রাক এবং তুলনামূলক কম খরচের ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করে আগে শাহেদ ড্রোনের একটি বড় অংশ ধ্বংস করা সম্ভব হয়েছিল। কিন্তু জেটচালিত গেরানের গতি ও উচ্চতার কারণে সেই ব্যবস্থা এখন অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে।
বন্ডারের ভাষ্য, ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোনগুলো সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার। ফলে ৬০০ কিলোমিটার গতিতে ছুটে চলা লক্ষ্যবস্তুকে ধাওয়া করে ধ্বংস করা কঠিন হয়ে পড়ছে। নতুন গেরান ড্রোনে ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তিও যুক্ত করা হচ্ছে, যা আক্রমণের শেষ পর্যায়ে ইন্টারসেপ্টর ড্রোনের ভিডিও সংযোগ বিচ্ছিন্ন করতে পারে।
ইউক্রেনীয় বিমান বাহিনীর ডেপুটি কমান্ডার ইউরি চেরেভাশেস্কো জানান, এসব ড্রোনের আরেকটি বড় ঝুঁকি হলো, এগুলো নিয়ন্ত্রিত। অপারেটরের নির্দেশ অনুযায়ী উড্ডয়নপথ ও উচ্চতা পরিবর্তন করা সম্ভব।
বিপুল সংখ্যায় হামলাই রাশিয়ার কৌশল
শুধু প্রযুক্তিগত সক্ষমতা নয়, বিপুল সংখ্যায় ড্রোন ব্যবহারের কৌশলও রাশিয়ার হামলাকে আরও জটিল করে তুলেছে। বন্ডারের তথ্য অনুযায়ী, জুনে রাশিয়া প্রায় ৪৫০টি জেটচালিত ড্রোন ব্যবহার করলেও আগস্টে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২ হাজার ৮৫০টিতে। এসব হামলার অনেক ক্ষেত্রেই ব্যবহৃত ড্রোনের প্রায় ৭০ শতাংশ ছিল জেটচালিত।
তিনি আরও বলেন, বিপুল সংখ্যায় ড্রোন ব্যবহারের ফলে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বাড়ে। ৮০০টি ড্রোনের ৯০ শতাংশ ধ্বংস করা গেলেও ৮০টি ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। একই সঙ্গে ডিকয়, বিভিন্ন দিক থেকে হামলা এবং উচ্চতা পরিবর্তনের মতো কৌশল ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত ও দুর্বল করার চেষ্টা করছে।
কিংস কলেজ লন্ডনের ড্রোন বিশেষজ্ঞ জেমস প্যাটন রজার্স বলেন, গেরান-৫ ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোনের বির্বতন একটি গুরুত্বপূর্ণ ধাপ। তুলনামূলক কম খরচে বেশি গতি ও দীর্ঘ পাল্লার সক্ষমতা থাকায় রাশিয়া দীর্ঘ সময় ধরে ধারাবাহিক হামলা চালাতে পারছে।
প্রতিরোধে নতুন ব্যবস্থা খুঁজছে ইউক্রেন।
জেটচালিত ড্রোন মোকাবিলায় ইউক্রেন নতুন প্রজন্মের ইন্টারসেপ্টর ড্রোন তৈরির চেষ্টা করছে। তবে ঘণ্টায় ৪০০ কিলোমিটারের বেশি গতিতে এসব ড্রোন নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে উঠেছে।
ইউক্রেন কম খরচে গাইডেড মিসাইল, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা এবং জেটচালিত ইনটারসেপ্টর ব্যবহারের পাশাপাশি ড্রোনগুলো উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় আঘাত করার কৌশলও বিবেচনা করছে।
বন্ডারের মতে, কোনো একটি ব্যবস্থা নিয়ে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। জেটচালিত ইনটারসেপ্টর, ইলেকট্রনিক যুদ্ধ, স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষা কাঠামো প্রয়োজন।
বদলে যাচ্ছে যুদ্ধের অর্থনীতি
বিশ্লেষকদের মতে, গেরান ৫-এর মতো ড্রোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শুধু এর গতি বা প্রযুক্তি নয় বরং তুলনামূলক কম খরচে দীর্ঘপাল্লার হামলা চালানোর সক্ষমতা।
বন্ডার গেরান ৫-কে কার্যত একটি ‘স্বল্পমূল্যের ক্রুজ মিসাইল হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, ড্রোনের মাধ্যমে ব্যাপক হামলা চালিয়ে প্রতিপক্ষের বিমান প্রতিরক্ষাকে ব্যস্ত ও দুর্বল করা যায়, আর ব্যয়বহুল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলগুলো গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত লক্ষ্যবস্তুর জন্য ব্যবহার করা যায়।
ড্রোন বিশেষজ্ঞ জেমস প্যাটন রর্জাসের মতে, ভবিষ্যতের বিমান প্রতিরক্ষার বড় শিক্ষা হলো-শুধু উন্নত ইন্টারসেপ্টর তৈরি করলেই হবে না। বিপুল সংখ্যক ড্রোনকে কম খরচে প্রতিহত করার ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ এবং সরবরাহ ব্যবস্থা ব্যাহত করার সক্ষমতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এই অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য দেশকেও ভবিষ্যতের বিমান প্রতিরক্ষা ও ড্রোন যুদ্ধের কৌশল নতুন করে ভাবতে বাধ্য করতে পারে।
সূত্র: এনডিটিভি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বেলায়েত হোসেন তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন।
তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
এর আগে, গত ৯ সেপ্টেম্বর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলাও পদত্যাগ করেন।
সেই সঙ্গে, ৭ সেপ্টেম্বর, একযোগে পদত্যাগ করেন ৫ জন আইন কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা এবং সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা।
এছাড়া, সম্প্রতি পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম।
গত জুনে, সরকারের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে জামায়াত সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ছিপছিপে চেহারা। শরীর জুড়ে লাবণ্যের ছাপ স্পষ্ট। বয়স যেন সংখ্যামাত্র। মালাইকা অরোরার ক্ষেত্রে তা যেন মিলে যায়। ৫২ বছর বয়সেও কীভাবে যৌবন ধরে রাখা যায় তা ভালো করেই জানেন ‘ছাঁইয়া ছাঁইয়া’ গার্ল। কখনও পশ্চিমী পোশাকে, আবার কখনও বা দেশি লুকে আজও যেন ছ্যাঁকা দেন মালাইকা।
অভিনেত্রীর সোশাল মিডিয়ায় রোজই দেখা যায় শরীরচর্চার ভিডিও। যা দেখে যেন বিস্মিত হন অনুরাগীরা। সম্প্রতি একটি ভিডিওতে তার রূপরহস্য খোলসা করেছেন অভিনেত্রী। ক্লিনজিং থেকে ময়েশ্চারাইজিং, ঠোঁটের যত্ন নেওয়ার ধরন সবই পুঙ্খানুপুঙ্খ ব্যাখা করেছেন। মোট সাতটি ধাপের কথা জানিয়েছেন তিনি। মালাইকা জানান, দিনের চেয়ে রাতের বেলার রুটিন বেশি দীর্ঘ তার।
দিনভর নানা অনুষ্ঠান থাকে তার। স্বাভাবিকভাবেই মেকআপ করতে হয় অভিনেত্রীকে। সারাদিন পর রাতে বাড়ি ফিরে তার প্রথম কাজ মেকআপ তোলা। প্রথমে তিনি ক্লিনজিং বাম ব্য়বহার করেন। হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে মুখ মুছে নেন। কিছুক্ষণ পর ক্লিনজার দিয়ে ফের মুখ পরিষ্কার করেন। এভাবে ডবল ক্লিনজিং প্রক্রিয়ায় ত্বক পরিষ্কার করেন মালাইকা।
মুখ পরিষ্কারের পর মালাইকা ফেস মিস্ট ব্যবহার করেন। এরপর হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত প্রসাধনী ব্যবহার করেন অভিনেত্রী। রূপচর্চার এখানেই শেষ নয়। হায়ালুরোনিক অ্যাসিড ত্বকের শুষ্কতা দূর করে। বলিরেখা দূর করে ত্বক করে আরও টানটান এবং উজ্জ্বল। চোখের ড্রপ এবং জয়েন্টের ইঞ্জেকশনেও ব্যবহার হয় হায়ালুরোনিক অ্যাসিড।
পেপটাইড সিরামও ব্যবহার করেন মালাইকা। এই পেপটাইড সিরাম প্রতিদিন ব্যবহারের ফলে ত্বকের নিজস্ব সুরক্ষা বলয় মজবুত হয়। কোলাজেন তৈরি হয়। তার ফলে ত্বকের বলিরেখা কমায়। ত্বক নরম ও উজ্জ্বল রাখতেও সাহায্য করে পেপটাইড সিরাম।
সিরামের শেষ পর্বে চোখের তলায় ক্রিম মাখেন মালাইকা। খানিকটা সিরাম হাতেও মেখে নেন অভিনেত্রী। তার ফলে চোখের তলার চামড়া আরও টানটান হয়। ফোলাভাব দূর হয়। চোখের তলায় কালি পড়ার সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়।
সবশেষে ময়েশ্চারাইজার ব্যবহার করেন মালাইকা। যা তার ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে। তাই শীত, গ্রীষ্ম, বর্ষা কখনই ময়েশ্চারাইজার মাখতে ভোলেন না অভিনেত্রী।
ত্বকের যত্নের পাশাপাশি ঠোঁটের ক্ষেত্রে কখনও কোনও অবহেলা করেন না মালাইকা। কারণ, লিপস্টিক ব্যবহারের ফলে ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে। তা থেকে রেহাই পেতে লিপবাম মাখেন। তাতে ঠোঁট থাকে নরম ও সুন্দর।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকার এক লাফে দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে। এই নজিরবিহীন মূল্যবৃদ্ধির ফলে গণপরিবহণ খাতে বড় ধাক্কা আসছে। নতুন জ্বালানির দামের সঙ্গে বাসের ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত। পরিস্থিতি সামাল দিতে এবং তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে গণপরিবহণের নতুন ভাড়া নির্ধারণের জন্য বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) জরুরি বৈঠক করতে যাচ্ছে।
এ বৈঠকটি সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংস্থাটির বনানী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে বাস মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
বৈঠকে আলোচনা হবে জ্বালানি তেলের নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা বাড়ানো হবে। জানা গেছে, পরিবহণ মালিক সমিতি কিলোমিটার প্রতি ২০ পয়সা করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিতে পারে।
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "জ্বালানির দাম কত শতাংশ বাড়লে ভাড়া কেমন বৃদ্ধি করা যাবে এমন প্রস্তাবনা আগে থেকেই আছে। সেইসঙ্গে আমাদের কিছু চাওয়া পাওয়া আজকের বৈঠকে আমরা তুলে ধরব। দেখা যাক, সরকার কী সিদ্ধান্ত নেয়।"
রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধির ঘোষণা দেয়। নতুন দামে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিনের দাম ১৫৫ টাকা, অকটেনের দাম ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে তিন দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে।
তিনি আরও উল্লেখ করেন, "বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে অস্বাভাবিক হারে দাম বাড়ানো হয়েছে।" দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন যাপন অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়বে। তিনি বলেন, "জনগণের কল্যাণের পরিবর্তে সরকার একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।"
সোমবার বাদ আসর কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশের পর কোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা শফিকুল আলম মফিক ও রফিকুল ইসলাম মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ