০৭:০৭ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দেড় বছর আগে ঘটে যাওয়া একটি চুরির ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চর চারতলা গ্রামের কিছকির বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেড় বছর আগে ঘটে যাওয়া একটি চুরির ঘটনা নিয়ে আক্কার বাড়ির কবির এবং কিছকির বাড়ির আলামিনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এর ফলস্বরূপ, রাতের বেলায় দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
এ সময় তারা টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। ঘটনার খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন