ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সেবামূলক প্রতিষ্ঠানে ‘মিট দ্য প্রেস’ চালুর ঘোষণা জহির উদ্দিন স্বপনের


সেবামূলক প্রতিষ্ঠানে ‘মিট দ্য প্রেস’ চালুর ঘোষণা জহির উদ্দিন স্বপনের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি জানিয়েছেন, সরকারের আওতাধীন সব জনসেবা বিভাগ ও দপ্তরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘মিট দ্য প্রেস’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরে রাজনৈতিক উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, ‘জনগণের দোরগোড়ায় তথ্য পৌঁছে দেওয়া এবং সরকারি সেবার গতিশীলতা বাড়াতে সরকারের আওতাধীন যতগুলো জনসেবা বিভাগ বা দপ্তর আছে, সেগুলোতে নিয়মিত ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হবে। এর মাধ্যমে প্রশাসন ও সংবাদমাধ্যমের সমন্বয়ে জনগণের কাছে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ পাবে।’

তিনি আঞ্চলিক মৎস্য খাত সম্প্রসারণের বিষয়ে আরও বলেন, গৌরনদীর সরকারি হ্যাচারির সক্ষমতা বাড়িয়ে মাছের রেণু থেকে উন্নতমানের পোনা উৎপাদন করা হবে, যা স্থানীয় জনগণের পোনার চাহিদা পূরণ করে জেলা ও জাতীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোবর আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান এবং পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় গৌরনদীর বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও সরকারি পুকুরে আনুষ্ঠানিকভাবে এই পোনা অবমুক্ত করা হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শব্দদূষণ কমাতে দেশে ১ লাখ ৩৯ হাজার মানুষ প্রশিক্ষিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


শব্দদূষণ কমাতে দেশে ১ লাখ ৩৯ হাজার মানুষ প্রশিক্ষিত

দেশে উচ্চশব্দের ক্ষতিকর প্রভাব কমানোর লক্ষ্যে সরকারি প্রকল্পের আওতায় ১ লাখ ৩৯ হাজার ৬৪০ জনকে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের (ঢাকা মহানগর) পরিচালক ও প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ বাসস-কে জানিয়েছেন, প্রকল্পের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৫০ হাজার শিক্ষার্থী, ৭২ হাজার ২০০ জন পরিবহনচালক ও শ্রমিক, ৮ হাজার ১৪০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী, ১ হাজার ৯২০ জন কারখানা ও নির্মাণশ্রমিক, ১ হাজার ৮০০ জন সাংবাদিক এবং ৫ হাজার ৫৮০ জন পেশাজীবী, ব্যবসায়ী, ইমাম, শিক্ষক ও বেসরকারি সংস্থার প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছে।

ফরিদ আহমেদ জানান, প্রশিক্ষণপ্রাপ্তরা এখন শব্দদূষণ সম্পর্কে সচেতন এবং তারা তাদের পরিবারের সদস্য ও প্রতিবেশীদেরও সচেতন করছেন।

তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের সহপাঠী ও পরিবারের সদস্যদের মধ্যে শব্দদূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছেন এবং ইমামরা মুসল্লিদেরকে এ বিষয়ে সচেতন করছেন।

শহরাঞ্চলে শব্দের মাত্রা কমানোর জন্য পরিবেশ অধিদপ্তর ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশগ্রহণমূলক প্রকল্প’ বাস্তবায়ন করছে। অতিরিক্ত যানবাহনের হর্ন ও পরিবেশগত শব্দ নিয়ন্ত্রণের জন্য দেশব্যাপী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে জনসচেতনতামূলক প্রচার, অংশীজনদের প্রশিক্ষণ, নীরব এলাকা ঘোষণা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অন্তর্ভুক্ত রয়েছে।

শব্দদূষণ প্রতিরোধ ও কমাতে তাদের ভূমিকা বিবেচনায় নিয়ে এসব জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা সৃষ্টি প্রকল্পের অন্যতম প্রধান কার্যক্রম হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ফরিদ আহমেদ জানান, ২০২৫-২৬ অর্থবছরে আরো ৩৬ হাজার ১২০ জনকে শব্দদূষণের ব্যাপারে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে অবহিতকরণ এবং দায়িত্বশীল আচরণে উৎসাহিত করার জন্য প্রকল্পের আওতায় ব্যাপক প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রচারণার অংশ হিসেবে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে নিয়মিত শব্দদূষণবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শব্দদূষণবিষয়ক টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি), খুদে বার্তা ও বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে।

শারীরিক সচেতনতামূলক উপকরণের মাধ্যমে প্রকল্পটির জনসম্পৃক্ততা আরও জোরদার করা হয়েছে। শব্দদূষণ বিষয়ক সচেতনতামূলক বার্তা প্রচারের জন্য মোট ১২৮টি বিলবোর্ড ও ২১০টি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

এছাড়া ৭ লাখ লিফলেট, ৭ লাখ অন্যান্য উপকরণ ও ১ হাজার প্রশিক্ষণ ম্যানুয়াল ছাপিয়ে বিতরণ করা হয়েছে। সচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রমের পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে সারাদেশে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত সারা দেশে প্রায় ২ হাজার ৫০০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ৭ হাজার ২৯৭টি মামলার মাধ্যমে কর্তৃপক্ষ ১ কোটি ৮ লাখ ১৩ হাজার ১৫৭ টাকা জরিমানা আদায় করেছে এবং ৬ হাজার ৯৮৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করেছে।

প্রকল্পের আওতায় জনসচেতনতামূলক বেশকিছু উদ্যোগও গ্রহণ করা হয়েছে। শব্দদূষণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে ২০২৩ সালের ১৫ অক্টোবর ঢাকায় ‘এক মিনিট নীরবতা’ পালন করা হয়েছে।

নির্ধারিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে প্রচারণা চালানো হচ্ছে। পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে ডিওই ‘যুব উৎসব’ উদযাপনের অংশ হিসেবেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

ফরিদ আহমেদ বলেন, প্রশিক্ষণ, গণমাধ্যমে প্রচারণা, জনসম্পৃক্ততা ও আইন প্রয়োগের মাধ্যমে প্রকল্পটি জনসচেতনতা আরো বাড়াতে এবং বাংলাদেশের সর্বত্র শব্দদূষণ কমাতে সহায়ক আচরণ গ্রহণে মানুষকে উৎসাহিত করতে কাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


বগুড়ায় সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট

বগুড়া শহরের একটি গহনার দোকানে গিয়ে এক ব্যক্তি সোনার চেইন নিয়ে পালিয়ে গেছেন, তার কাছে ছিল এক হাজার টাকার জাল নোটের বান্ডিল।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শহরের আনোয়ারা সুপার মার্কেটের তামান্না জুয়েলার্সে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক এম এ বারী জানান, মঙ্গলবার বেলা দুইটার দিকে এক ব্যক্তি ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন এবং গহনা দেখতে চান। একপর্যায়ে তিনি আট আনা তিন রতি ওজনের একটি সোনার চেইন পছন্দ করেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ২২ হাজার টাকা। চেইনটি হাতে নেওয়ার পর ওই ব্যক্তি এক হাজার টাকার নোটের একটি বান্ডিল আমার দিকে বাড়িয়ে দেন। যখন আমি টাকা গোনার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন তিনি আবার আসছি বলে টাকার বান্ডিলটি রেখে দ্রুত চেইন নিয়ে দোকান থেকে পালিয়ে যান। পরে বান্ডিলের টাকাগুলো পরীক্ষা করে দেখা যায়, তার সবই জাল। সেখানে ১ লাখ ১১ হাজার টাকা মূল্যের জাল নোট ছিল।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু গণমাধ্যমকে জানান, একজন প্রতারক ভুয়া নোট দিয়ে সোনার চেইনটি নিয়ে সটকে পড়েছে। তিনি অবিলম্বে এই প্রতারককে শনাক্ত করে গ্রেপ্তার ও খোয়া যাওয়া সোনার গহনা উদ্ধারের দাবি জানান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গণমাধ্যমকে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও আনুষঙ্গিক তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের আলোচনা সভা ৭ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের আলোচনা সভা ৭ অক্টোবর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (৬ অক্টোবর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, "ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী দেশপ্রেমিক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি: আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য; এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা সুরক্ষার অঙ্গীকার" শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রদল।

আলোচনা সভাটি বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনের নিচতলায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

২০১৯ সালের ৭ অক্টোবর গভীর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলের একটি কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পর বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আন্দোলন শুরু হয়, যার ফলস্বরূপ বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিনি কলগুলোকে লাভজনক করতে বায়ো প্রডাক্ট তৈরির নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


চিনি কলগুলোকে লাভজনক করতে বায়ো প্রডাক্ট তৈরির নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি নির্দেশনা দিয়েছে যে, লোকসানকৃত চিনি কলে উৎপাদিত চিনি ব্যতীত অন্যান্য দ্রব্য দিয়ে বায়ো প্রডাক্ট তৈরি করে কীভাবে চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায় সে বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করতে হবে।

কমিটি একইসঙ্গে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কতগুলি শূন্য পদ রয়েছে এবং ইতোমধ্যে কোন কোন প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তার একটি প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপন করার জন্য নির্দেশনা প্রদান করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই নির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতাধীন বিভিন্ন সার কারখানার উৎপাদন, উৎপাদন সক্ষমতা, গৃহীত নতুন প্রকল্পসমূহ, বন্ধ সার কারখানাগুলো পুনরায় চালু, গ্যাস সরবরাহ, কারখানা পরিচালনায় বিদ্যমান সমস্যা এবং সার উৎপাদনের ব্যয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাকে প্রকল্প বাস্তবায়নে গতি বৃদ্ধি, অর্থের যথাযথ ব্যবহার এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দ্রুত দূর করার সুপারিশ করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের প্রতিটি কলকারখানার বাৎসরিক আয়-ব্যয়, জনবলের শুন্য পদ এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতির একটি প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়।

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে বৈঠক শুরু হয়ে প্রথমে কমিটির প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়। এ সময় বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন, প্রকল্পের অগ্রগতি, অর্থ ছাড় ও ব্যয়ের হার এবং বাস্তবায়নে বিদ্যমান সমস্যাসমূহ সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিভিন্ন জেলা পর্যায়ের কার্যালয় সম্প্রসারণ ও শক্তিশালীকরণ, আঞ্চলিক কার্যালয়সমূহের আধুনিকায়ন এবং শিল্প খাতের অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

কমিটি শিল্পখাতে উৎপাদন বৃদ্ধি, সরকারি বিনিয়োগের সর্বোত্তম ব্যবহার, শিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে চলমান প্রকল্পগুলোর কাঙ্ক্ষিত সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে। পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনা এবং অসমাপ্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও শিল্প মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, কাজী রফিকুল ইসলাম, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মনজুর এলাহী, মো. এনামুল হক এবং মাসুদ সাঈদী অংশগ্রহণ করেন।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন করপোরেশন, দপ্তর, সংস্থা, বোর্ড ও ফাউন্ডেশনের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%