রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:২২ পি.এম
রাজধানীর পাঁচতারকা হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁও জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন।
পদের নাম: ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা হিসেবে প্রার্থীদের ইংরেজি ও বাংলা উভয় ভাষায় মৌখিক এবং লিখিত যোগাযোগের ক্ষেত্রে ভালো দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: আলোচনাসাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইতালির মিলানে অনুষ্ঠিত ইউরোপের অন্যতম বৃহৎ সোর্সিং মেলা ‘রেডি টু শো’তে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান অ্যাপারেল, টেক্সটাইল ও চামড়াখাত থেকে অংশগ্রহণ করছে।
এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা তিন দিনের জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হয়েছে এবং ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রলায়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য প্রকাশ করা হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ দূতাবাস, রোম ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের ব্যবস্থাপনায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো মেলায় অংশগ্রহণ করছে।
‘রেডি টু শো’ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, যা বৈশ্বিক পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল ও ফ্যাব্রিক সরবরাহকারী, চামড়াজাত পণ্য প্রস্তুতকারক, প্রযুক্তি উদ্ভাবক, খুচরা বিক্রেতা, বায়ার, ব্র্যান্ড, ডিজাইনারসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগ দেয়। এটি মূলত গার্মেন্টস, টেক্সটাইল ও ফ্যাশন খাতের জন্য একটি পেশাদার বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বাণিজ্য মেলা।
বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে রপ্তানি বাজারের বহুমুখীকরণ ও সম্প্রসারণ, ভ্যালু-অ্যাডেড তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের প্রচার এবং নতুন আন্তর্জাতিক বায়ার আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ সৃষ্টি হবে।
মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হলো- রাইনো অ্যাপারেলস, ফোকাস অ্যাপারেলস বিডি, মাসকম কম্পোজিট লিমিটেড, নাইস কম্পোজিট টেক্সটাইল, ইকো হিলিং অ্যাকসেসরিজ, আহাভা কম্পোজিট লিমিটেড, স্পার্টান ফ্যাশন লিমিটেড, ঐলি ফ্যাশন লিমিটেড, মেসার্স হাওলাদার ট্রেডিং, ডে ফ্যাশন লিমিটেড, নিটেক্সপো ইন্টারন্যাশনাল, এশিয়া প্যাসিফিক জোন, চিটাগং ফোর ব্রাদার্স অ্যাপারেলস এবং সিম ফেব্রিকস লিমিটেড।
মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকদের ইউরোপীয় বাজারের ক্রেতা ও ব্র্যান্ডগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, নতুন ক্রেতা আকর্ষণ এবং বাণিজ্যিক সুযোগ তৈরি হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন।
ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন, ‘বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা পাওয়া কোনো সুবিধা নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার।’
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. জুবাইদা বলেন, জনগণের ব্যক্তিগত সচেতনতা বাড়াতে হবে ডেঙ্গু প্রতিরোধে। তিনি সকলকে ডেঙ্গু মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান।
স্বাস্থ্য খাতের উন্নয়নে দেশের দক্ষ চিকিৎসকদের পাশাপাশি আধুনিক মেডিকেল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘দেশের দক্ষ চিকিৎসকের পাশাপাশি যে মেডিকেল টেকনোলজি রয়েছে, তা দিয়ে স্বাস্থ্য খাত এগিয়ে নিতে হবে।’
তিনি আরও বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা জরুরি। তার ভাষ্য, ‘সবক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বর্তমানে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করতে বিশাল প্রতিনিধিদল নিয়ে দিল্লিতে অবস্থান করছেন। ঠিক সেই সময়ে অরুণাচল প্রদেশের সীমান্তে চীনা সেনাবাহিনীর দ্রুত অগ্রযাত্রার তথ্য সামনে এসেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, স্যাটেলাইট চিত্র এবং স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিতর্কিত সীমান্ত সংলগ্ন এলাকায় চীনা বাহিনী আন্তর্জাতিক সীমান্তের দিকে দ্রুত তাদের উপস্থিতি বাড়াচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের উজান সুবানসিরি জেলার গেলিমো ও তাকসিংয়ের মতো দুর্গম সীমান্ত এলাকায় স্যাটেলাইট চিত্রে নতুন ভবন, রাস্তা এবং হেলিপ্যাড নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। চীনের এই অবকাঠামোগত প্রসার স্থানীয় আদিবাসী জনগণের জন্য তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী ইয়াক চারণভূমি ও শিকারের স্থানগুলোতে প্রবেশাধিকার হারানোর কারণ হয়ে দাঁড়াচ্ছে।
স্থানীয় তাগিন ও নাহ আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা জানিয়েছেন, জুন মাস থেকে চীন তাদের সীমান্ত সংলগ্ন এলাকায় উপস্থিতি বাড়াতে শুরু করেছে। স্থানীয় ছাত্র সংগঠন ‘অল তাগিন স্টুডেন্টস ইউনিয়ন (এটিএসইউ)’ এবং একটি আঞ্চলিক রাজনৈতিক দলের পৃথক অনুসন্ধানকারী দল সীমান্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় বাহিনী তাদের টহল অবস্থান থেকে পিছু হটছে এবং চীনা সেনারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে নঙ্গা পাহাড়সহ বেশ কিছু ঐতিহ্যবাহী ও ধর্মীয় স্থান স্থানীয়দের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জেনেভা ভিত্তিক উন্মুক্ত গোয়েন্দা সংস্থা 'জেনস'-এর বিশ্লেষণে দেখা গেছে, তিব্বতের লুনজে কাউন্টির ঝারি শহরের কাছে সাম্প্রতিক নির্মাণকাজগুলো স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। এসব নির্মাণের কিছু অংশ উভয় দেশের বিতর্কিত বা দাবি করা সীমানার অভ্যন্তরে পড়ে, যা সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা পুরোপুরি অস্বীকার করা যায় না।
তবে ভারতের সেনাবাহিনী এই ধরনের চীনা অনুপ্রবেশের খবরকে 'ভিত্তিহীন ও অসত্য' বলে প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত পরিস্থিতির স্থিতিশীলতার ওপরই দুই দেশের সার্বিক সম্পর্কের গতিপ্রকৃতি নির্ভর করছে। অন্যদিকে, বেইজিংয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারত-চীন সীমান্ত পরিস্থিতি বর্তমানে সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে।
উল্লেখযোগ্য যে, ২০২০ সালের প্রাণঘাতী গালওয়ান সংঘর্ষের পর এটি শি জিনপিংয়ের প্রথম ভারত সফর। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ বজায় রেখে গোপনে ভূখণ্ড দখলের চীন সরকারের কৌশল বা ‘সালামি স্লাইসিং’-এর অংশ হিসেবেই এই সীমান্তবর্তী অবকাঠামোগত চক্রান্ত অব্যাহত রাখা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মৃত মায়ের সরকারি পাওনার ১০ লাখ টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হন ১৭ বছর বয়সী সন্তান শাহেদ শরীফ আহমেদ। তার কাছে এক লাখ টাকা ঘুষ চাওয়া হয়েছিল। এই ক্ষোভের সূত্র ধরেই সারাদেশের ঘুষের চিত্র তুলে ধরার উদ্দেশ্যে ‘ঘুষ.সাইট’ নামক একটি ওয়েবসাইট তৈরি করেন শাহেদ। তার অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মচারী এ এইচ এম নাদিরুল হাসান সবুজ ও মুহাম্মদ মজিবুর রহমানকে শোকজ করা হয়।
গত ৬ সেপ্টেম্বর ওই দুই কর্মচারীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তিন দিনের মধ্যেই শোকজ করা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনকে বদলি করা হয়।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে মনিকা পারভীনকে ময়মনসিংহ সদর উপজেলা থেকে বদলি করে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এটি ‘জনস্বার্থে’ করা হয়েছে।
তবে ঘুষ দাবির অভিযোগ, দুই কর্মচারীকে শোকজ, তদন্ত প্রতিবেদন জমা এবং এর পরপরই সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার বদলি নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত প্রক্রিয়া চলাকালীন সময়ে কেন তাকে বদলি করা হলো, তা নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে।
‘ঘুষ.সাইট’ নির্মাতা শাহেদের অভিযোগ, তার মা আমিনা খাতুন চাকরিরত অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর কল্যাণ তহবিল থেকে দুই লাখ টাকা এবং চাকরিরত অবস্থায় মৃত্যুর কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরও আট লাখ টাকা পাওয়ার কথা ছিল তাদের পরিবারের। সব মিলিয়ে ১০ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও সেই টাকা পেতে ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেছেন শাহেদ।
তিনি দাবি করেন, ‘ঘুষ না দিলে ফাইল এগোবে না’ বলেও তাদের জানানো হয়েছিল। পরবর্তীতে তিনি এ ঘটনায় অনলাইন প্ল্যাটফর্ম ‘ঘুষ.সাইট’ তৈরি করেন এবং সেখানে অভিযোগ করেন। এই প্ল্যাটফর্ম চালুর পর অল্প সময়ের মধ্যে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে। সারাদেশ থেকে জমা হতে থাকে হাজার হাজার ঘুষ দাবির অভিযোগ। টাকার অঙ্কে সেইসব ঘুষ দাবির পরিমাণ শত শত কোটি টাকায় পৌঁছে যায়। এতে সাইটের পাশাপাশি শাহেদের নিজের অভিযোগটিও নজরে আসে।
অভিযোগটি সামনে আসার পর ৩১ আগস্ট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের হিসাব সহকারী এ এইচ এম নাদিরুল হাসান সবুজ এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুহাম্মদ মজিবুর রহমানকে শোকজ করা হয়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের স্বাক্ষরিত শোকজ নোটিশে দুই কর্মচারীকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।
অভিযোগের বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে ৬ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়া হয়। কিন্তু এর তিন দিনের মাথায়, ৯ সেপ্টেম্বর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে মনিকা পারভীনকে ময়মনসিংহ সদর উপজেলা থেকে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-২) মোছাম্মদ রোখসানা হায়দার স্বাক্ষরিত আদেশে মনিকা পারভীনকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১৬ সেপ্টেম্বর থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
তবে আদেশে বদলির সুনির্দিষ্ট কারণ হিসেবে কোনো অভিযোগ, তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ‘জনস্বার্থে’ বদলির কথা বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের তিনজনকে শোকজের বিষয়ে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তদন্ত প্রতিবেদন গত রোববার জমা দেওয়া হয়েছে। এর বেশি এ বিষয়ে আমি আর কিছু বলতে পারছি না।’
বদলির বিষয়ে মনিকা পারভীন বলেন, ‘আমাদের কার্যালয় নিয়ে সম্প্রতি আলোচনা সৃষ্টি হয়েছে। তবে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে বদলি করা হয়েছে। বদলির নির্দিষ্ট কোনো কারণ আছে কি না, তা আমার জানা নেই।’
ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘যেকোনো কর্মকর্তা সরকারি আদেশে যেকোনো সময় বদলি হতে পারেন। শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনকে বদলির পেছনে আলাদা কোনো কারণ আছে কি না, আমার জানা নেই।’
ঘুষ.সাইটে করা অভিযোগ ও দুই কর্মচারীকে শোকজের সঙ্গে এই বদলির কোনো সম্পর্ক আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘুষ.সাইটে অভিযোগ ও শোকজের কারণেও হতে পারে। আবার নান্দাইলে শিক্ষা কর্মকর্তা হিসেবে যাওয়ার জন্য তিনি আবেদন করে থাকতে পারেন, এ কারণেও হতে পারে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শোকজ নোটিশ দেওয়ার পর থেকেই শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন এবং শাহেদের বাবা শরীফুল ইসলাম শামীমের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তারা জানতে পেরেছেন। ওই কর্মকর্তা বলেন, এসব চাপের কারণেই মনিকা পারভীনকে বদলি করা হয়ে থাকতে পারে। পাশাপাশি ঘুষ.সাইট চালু করে আলোচনায় আসার পর শাহেদও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
শাহেদ বলেন, ‘প্ল্যাটফর্ম চালু করে আলোচনায় আসার পর থেকে বিভিন্নভাবে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে। এসব চাপ ও নিরাপত্তা ঝুঁকির বিষয়ে এখনো থানায় মামলা বা লিখিত অভিযোগ করা হয়নি। তবে থানায় অভিযোগ করা হবে।’
প্রসঙ্গত, সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দাবির অভিজ্ঞতা থেকেই সাইফ কবির নামে এক তরুণকে নিয়ে ‘ঘুষ.সাইট’ তৈরির উদ্যোগ নেন শাহেদ শরীফ আহমেদ। গত ২১ আগস্ট চালুর পর থেকেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তাদের ওয়েবসাইটটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ