০৬:২১ পি.এম
রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে মো. সাগর (২৪) নামের এক বাংলাদেশি তরুণের মৃত্যু ঘটেছে। চলতি বছরের মে মাসে ৩০ লাখ টাকা পাওয়ার প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। এরপর থেকে তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না।
গত শনিবার (১৭ অক্টোবর) সাগরের মৃত্যুর খবর তার এক সহকর্মীর মাধ্যমে পরিবার জানতে পারে। নিহত সাগর কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার কবির হোসেনের ছেলে।
সোমবার (১৯ অক্টোবর) সাগরের বাবা কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাগর ছিল তার ৫ সন্তানের মধ্যে সবার ছোট। চান্দিনার একটি রড-সিমেন্ট দোকানে ভ্যানে করে মালামাল আনা-নেওয়ার কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। সাগর ২০২৫ সালের মাঝামাঝি রাশিয়া যাওয়ার পরিকল্পনা করেন। প্রায় ৬ লাখ টাকা খরচ করে রাশিয়ায় গিয়ে একটি বেকারিতে চাকরি নেন। পরে সেখানে এক দালালের খপ্পরে পড়ে যান সাগর, যে তাকে ৩০ লাখ টাকার প্রলোভন দেখিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বলেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
কবির হোসেন বলেন, "সাগর যখন আমাকে এসব বলল, আমি তাকে নিষেধ করেছিলাম। কিন্তু সে আমার কথা শোনেনি। রাশিয়ার হয়ে যুদ্ধে জড়ায় সে।" চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। গত শনিবার তার এক সহকর্মী ফোন করে জানায় সাগর মারা গেছে।
এই কথা বলার পর সাগরের বাবা ডুকরে কেঁদে ওঠেন। পরে তিনি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সাগর ঠিক কবে মারা গেছেন এবং তার মরদেহ দেশে আনা হবে কি না—এসব বিষয়ে জানতে চেয়ে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হক বলেন, "সাংবাদিকদের মাধ্যমে খবরটি শুনেছি। আমি খোঁজ নিয়ে পরিবারটির সঙ্গে কথা বলব।"
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন