ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

লালদিয়া কনটেইনার টার্মিনালের চুক্তি বাতিল বা পুনঃআলোচনার কোনো পরিকল্পনা নেই: নৌপরিবহন মন্ত্রী


লালদিয়া কনটেইনার টার্মিনালের চুক্তি বাতিল বা পুনঃআলোচনার কোনো পরিকল্পনা নেই: নৌপরিবহন মন্ত্রী

সংসদ ভবন, ১৩ জুলাই, ২০২৬ : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের কনসেশন চুক্তি বাতিল বা পুনঃআলোচনার কোনো পরিকল্পনা সরকারের নেই। সরকারের পক্ষ থেকে এই বিষয়টিতে কোন পরিবর্তন আনার জন্য বা চুক্তিটি বাতিল করার জন্য কিছু ভাবা হয়নি। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের চুক্তিটি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সব প্রযোজ্য আইন ও ক্রয় নির্দেশিকা অনুসরণ করে সম্পাদিত হয়েছে।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন (লক্ষ্মীপুর-১)-এর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, এই চুক্তির মেয়াদ মোট ৩৩ বছর। এর মধ্যে তিন বছর নির্মাণকাল এবং ৩০ বছর পরিচালনাকাল। পরবর্তীতে আরও ১৫ বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি বলেন, ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে লালদিয়া কনটেইনার টার্মিনাল স্থাপন ও পরিচালনা’ প্রকল্পের কনসেশন চুক্তি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ আইন, ২০১৫, সরকার-টু-সরকার (জি-টু-জি) অংশীদারত্বে পিপিপি প্রকল্প বাস্তবায়ন নীতিমালা, ২০১৭ এবং পিপিপি প্রকল্পের ক্রয় নির্দেশিকা, ২০১৮ অনুযায়ী সম্পাদিত হয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের মধ্যে সরকার-টু-সরকার (জি-টু-জি) পিপিপি ব্যবস্থার আওতায় পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই চুক্তিটি সম্পন্ন হয়েছে।

তিনি জানান, পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো উন্নয়নে পিপিপির মাধ্যমে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সরকার ও ডেনমার্ক ২০২১ সালের ৩০ জুন একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে।

এর ধারাবাহিকতায় ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস, যা মার্স্ক গ্রুপ-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, ২০২৩ সালের ২১ মে কর্ণফুলী নদীর ডান তীরে লালদিয়া চরে কনটেইনার টার্মিনাল নির্মাণের জন্য আগ্রহপত্র (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) জমা দেয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মন্ত্রী বলেন, প্রকল্পটির জন্য ২০২৩ সালের ২৯ নভেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) নীতিগত অনুমোদন দেয়।

পরবর্তীতে ২০২৪ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিত প্রথম বাংলাদেশ-ডেনমার্ক পিপিপি যৌথ প্ল্যাটফর্ম সভায় ডেনমার্ক সরকার এপিএম টার্মিনালসকে বাস্তবায়নকারী অংশীদার হিসেবে নিশ্চিত করে।

তিনি জানান, ২০২৪ সালের ১০ জুন পিপিপি কর্তৃপক্ষ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-কে প্রকল্পটির ট্রানজ্যাকশন অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেয়।

অগ্রাধিকারপ্রাপ্ত দরদাতার সঙ্গে সব ধরনের যাচাই-বাছাই ও আলোচনা শেষে ট্রানজ্যাকশন অ্যাডভাইজার ২০২৫ সালের ১০ নভেম্বর প্রয়োজনীয় অনুমোদন ও আইনগত যাচাইয়ের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে চূড়ান্ত কনসেশন চুক্তি জমা দেয়।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

এরপর ২০২৫ সালের ১২ নভেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি (এসিইএ) চুক্তিটি অনুমোদন করে।

১৬ নভেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টার অনুমোদন লাভ করে এবং ২০২৫ সালের ১৭ নভেম্বর এপিএমটি বিভি-কে কার্যাদেশ (লেটার অব অ্যাওয়ার্ড) দেওয়া হয় এবং একই দিন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও এপিএমটি বিভির মধ্যে কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়।

তিনি জানান, চট্টগ্রাম বন্দরের খালি জমিতে টার্মিনালটি নির্মিত হবে। এটি বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আধুনিক প্রযুক্তি স্থানান্তরে সহায়তা করবে।

নৌপরিবহন মন্ত্রী বলেন, ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠানটি এ প্রকল্পে ৫৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। তিনি পুনর্ব্যক্ত করেন যে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের চুক্তি বাতিল বা পুনর্বিবেচনার কোনো পরিকল্পনা সরকারের নেই।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ : কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ করে দেশটির ঢাকাস্থ দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোক প্রকাশের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গুলশানে কাতার দূতাবাসে গিয়ে সরকারের পক্ষে এই শোকবইয়ে স্বাক্ষর করেন। এই সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

মন্ত্রীর শোকবার্তায় কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে দুঃখ ও গভীর শোক প্রকাশ করা হয়। তিনি বাংলাদেশ সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে কাতারের সরকার, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানান।

তিনি বলেন, কাতারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ, সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত মূল্যায়ন করে।

মন্ত্রী ঘোষণা করেন, প্রয়াত সাবেক আমিরের সম্মানে বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে। এছাড়া, জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল কাতারের বর্তমান আমির, রাজপরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে দোহা সফর করবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন

প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলার রহমতপুরে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকা গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ এর কার্যক্রম পরিদর্শন করেছেন।

আজ প্রধানমন্ত্রীর প্রশিক্ষণ এলাকায় পৌঁছানোর সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং মেজর জেনারেল এম. খায়ের উদ্দীন তাঁকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী এ সময় যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান, রণকৌশল প্রয়োগ, মৌখিক আদেশ, উদ্ভাবিত বিভিন্ন সমরাস্ত্র প্রযুক্তির ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি সেনাসদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং চলমান প্রশিক্ষণের মান, পেশাদারিত্ব ও অভিযানিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। সেনা সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের জনগণের গভীর আস্থার কথা উল্লেখ করেন।

তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


কুমিল্লা উত্তর জেলা বিএনপি

কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদনকৃত কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ. এফ. এম. তারেক মুন্সী'র নেতৃত্বাধীন ৪১ সদস্য বিশিষ্ট বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে মোট আটজনের কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তগণ হলেন আবুল হাশেম আহ্বায়ক হিসেবে, এবং যুগ্ম আহ্বায়কগণ হলেন সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুন।

এছাড়া, আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেলিমেডিসিনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


টেলিমেডিসিনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য টেলিমেডিসিন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শসেবা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবার সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

আজ জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী অক্ষমতাজনিত রোগের অন্যতম প্রধান কারণ হিসেবে মানসিক রোগের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বিষণ্নতা ও উদ্বেগজনিত মানসিক সমস্যা বর্তমানে দীর্ঘমেয়াদি অক্ষমতা ও কর্মক্ষমতা হ্রাসের অন্যতম প্রধান কারণ। যদিও মৃত্যুর প্রধান কারণ হিসেবে এখনো হৃদরোগ এবং ক্যান্সার শীর্ষে রয়েছে।

তিনি জানান, জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯ অনুযায়ী দেশে প্রাপ্তবয়স্কদের প্রায় ১৬ দশমিক ৮ শতাংশ এবং শিশু-কিশোরদের প্রায় ১২ দশমিক ৬ শতাংশ মানসিক সমস্যায় আক্রান্ত। তবে তাদের মধ্যে ৯২ শতাংশেরও বেশি ব্যক্তি কোনো ধরনের চিকিৎসাসেবা গ্রহণ করেন না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যার তুলনায় দেশে মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ-সুবিধা এখনো অপর্যাপ্ত। বর্তমানে প্রতি ১ লাখ জনগণের বিপরীতে মানসিক স্বাস্থ্যকর্মী রয়েছেন মাত্র ১ দশমিক ১৭ জন এবং সরকারি খাতে নিবন্ধিত মনোরোগ বিশেষজ্ঞের সংখ্যা প্রায় ৩৫০ জন।

তিনি জানান, এ ঘাটতি পূরণে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা এবং পাবনা মানসিক হাসপাতালকে দেশের প্রধান বিশেষায়িত মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্যসেবার প্রাতিষ্ঠানিক ভিত্তি আরো শক্তিশালী করতে 'মানসিক স্বাস্থ্য আইন, ২০১৮' প্রণয়ন করা হয়েছে এবং জাতীয় মানসিক স্বাস্থ্য কৌশলপত্র ও কর্মপরিকল্পনা (২০২০-২০৩০) বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরে মানসিক স্বাস্থ্য কার্যক্রম পরিচালনার জন্য পৃথক পরিচালক পদ সৃষ্টির প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেন্টাল হেলথ গ্যাপ অ্যাকশন প্রোগ্রাম-এর আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমানে এই প্রশিক্ষণ কার্যক্রম খুলনা, যশোর, ঝিনাইদহ, নোয়াখালী, বান্দরবান, সিলেট, শেরপুর, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রামÑ এই ১০ জেলায় চলমান রয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগিতায় যশোর, ঝিনাইদহ, সিলেট ও চাঁপাইনবাবগঞ্জÑ এই চার জেলায় আত্মহত্যা প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথ কর্মসূচির আওতায় বাংলাদেশ বিশ্বের নির্বাচিত ৯টি দেশের একটি। এ কর্মসূচির মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবার সমন্বয় করে জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%