সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:০২ পি.এম
সারাদেশে গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, দুই হাজার ৩৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিবেদনে সোমবার (২৮ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ মাসের সেপ্টেম্বরের মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসের ২৮ দিনে ১৩৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর মোট ৭৫ হাজার ৭৩০ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী এবং রংপুর বিভাগে একজন করে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৭০ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৬৪ জন ছাড়পত্র লাভ করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসের এই ২৮ দিনে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের মাস আগস্টে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। জুলাই মাসে ৩৬ এবং জুন মাসে ১৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তর মে মাসে ১ জন, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলগুলো হলো—জুলাই-৩৬ হল, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল, শহীদ আনাস হল ও খালেদা জিয়া হল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নবনিযুক্ত প্রভোস্টদের মধ্যে রয়েছেন—শহীদ আনাস’ হলের প্রভোস্ট দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল করিম, ‘জুলাই ৩৬’ হলের প্রভোস্ট আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. হামিদা খাতুন, ‘উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা’ হলের প্রভোস্ট বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান এবং ‘খালেদা জিয়া’ হলের প্রভোস্ট অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দ।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর পূর্ববর্তী প্রভোস্টদের মেয়াদ শেষ হয়ে যাবে, ফলে ৩০ সেপ্টেম্বর থেকে নবনিযুক্ত প্রভোস্টরা তাদের দায়িত্ব পালন শুরু করবেন। দায়িত্ব পালনের জন্য তারা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা লাভ করবেন।
এছাড়া, পূর্ববর্তী প্রভোস্টদের দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. জাহিদ হাসান, যিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভেরিফিকেশনে বাদ পড়েছিলেন, অবশেষে চাকরি লাভ করেছেন। সম্প্রতি প্রকাশিত নিয়োগের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পিরোজপুর যাওয়ার পথে ওয়েবসাইটে নিজের নিয়োগের তথ্য দেখতে পান জাহিদ। নিয়োগ থেকে বাদ পড়ার পর তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা ভেঙে পড়েছিলেন।
জাহিদ হাসান বলেন, "পিরোজপুর যাওয়ার পথে ওয়েবসাইট চেক করে যখন দেখলাম আমার নিয়োগ হয়েছে, তখন খুব ভালো লেগেছিল। আমি আসলে খুবই খুশি হয়েছি। আমার পরিবারের সবাইও অনেক খুশি হয়েছেন। বিশেষ করে আম্মা ও বাবা খুব আনন্দিত হয়েছেন। বাদ পড়ার পর আমার আম্মা কষ্টে কান্না করেছিলেন। আর নিয়োগ পাওয়ার পর তিনি আনন্দে কান্না করছেন।"
তিনি আরও বলেন, "যখন বাদ পড়েছিলাম, তখন এলাকার সবাই বলেছিলেন, তোর মতো ছেলে কীভাবে বাদ পড়ে? এখন নিয়োগ পাওয়ায় এলাকাবাসীও অনেক খুশি।"
জাহিদ বলেন, "আমার বিপদের সময় সংবাদমাধ্যম যে এত বড় ভূমিকা রেখেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। শুরুতে প্রথম আলোতে খবর প্রকাশিত হয়। এরপর ঢাকা ডায়েরিসহ আরও কয়েকটি গণমাধ্যমে বিষয়টি উঠে আসে। গণমাধ্যমে এই খবরগুলো প্রকাশিত না হলে হয়তো আমি নিয়োগটি পেতাম না। এ জন্য সংবাদমাধ্যমগুলোর প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ।"
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করা হয়। সেখানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ৮৩ জনের মধ্যে মেধাক্রমে ৫৪তম ছিলেন জাহিদ। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন কোটায়ও আবেদন করেছিলেন। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর নিয়োগপত্র পাওয়ার অপেক্ষায় ছিলেন জাহিদ।
তবে পুলিশ ও এনএসআইয়ের ভেরিফিকেশন শেষে প্রকাশিত নিয়োগের তালিকায় তার নাম না থাকায় তিনি বাদ পড়েন। নিজের বা পরিবারের কারও মামলা কিংবা রাজনৈতিক পদ-পদবি না থাকার কথা জানিয়ে ভেরিফিকেশনে বাদ পড়ার কারণ জানতে চেয়েছিলেন তিনি।
জাহিদ হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুষ্টিয়ায় ৬৫ বছর বয়সী নূরজাহান বেগমকে বাড়ি থেকে তুলে নিয়ে ইসলামি বিশ্ববিদ্যালয় থানা পুলিশ সারাদিন থানায় রেখে বিকেলে নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠিয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকুলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে পুলিশ নিয়ে যায়।
জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় মারামারি ও ভাঙচুরের কারণে নূরজাহান বেগমের বাড়িতে হামলা, ভাঙচুর এবং গোডাউনে আগুন দেওয়ার ঘটনায় তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) আদালতে একটি মামলা করেন। ওই মামলায় ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়।
পরে রোববার সকালে ওসি কথা বলবে জানিয়ে ইসলামি বিশ্ববিদ্যালয় থানার পুলিশ নূরজাহান বেগমকে নিয়ে যায়।
নূরজাহান বেগমের মেয়ে সেলিনা আক্তার শিল্পী গণমাধ্যমকে জানান, দুই সপ্তাহ আগে সামাজিক ও জমিসংক্রান্ত বিরোধের কারণে তাদের বাড়িতে এবং পাটের গোডাউনে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় এলাকার কিছু মানুষ। পরে কৃষকদলের স্থানীয় অফিসে ভাঙচুর করে এবং এলাকার আরও মানুষের বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের কিছু লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত।
তিনি বলেন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তার মা নূরজাহান বেগম বাদী হয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) কুষ্টিয়া আদালতে মামলা করেন।
শিল্পী বলেন, ‘রোববার সকালে একদল পুলিশ বাড়িতে ঢুকে পড়ে। তারা মাকে বলেন, আপনি আদালতে গোডাউন পোড়ানোর মামলা করেছেন। মামলার বাদী আপনি। এ বিষয়ে ওসি সাহেব আপনার সাথে কথা বলবে। আমাদের সঙ্গে চলুন। এই বলে কয়েকজন পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে মায়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। এখন শুনছি পুলিশ মাকে আদালতে পাঠিয়েছে।’
নূরজাহান বেগমের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ বাড়ি থেকে নিয়ে আসার পর তার মায়ের কোনো খবর পাচ্ছিলেন না। পরে থানায় গেলে তাকে জানানো হয়, মাকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। কী কারণে তাকে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এবং কেন আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে, এ বিষয়ে তারা কিছুই বুঝতে পারছেন না।
জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকুলা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত অফিস ভাঙচুর ও ভেতরে অবস্থানরত ব্যক্তিদের মারধরের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০/১২০ জনকে আসামি করে বুধবার (১৬ সেপ্টেম্বর) মামলা করা হয়। সেই মামলায় রোববার নূরজাহান বেগমকে সন্দেহভাজন গ্রেপ্তার দেখিয়ে বিকেলে ইবি থানা পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠান।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মামুনুর রশিদ দাবি করেন, নূরজাহান হামলার সঙ্গে জড়িত। এ কারণে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক কাজে গতিশীলতা আনতে ২৩ সদস্যের একটি সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে। এই উপকমিটির প্রধান হিসেবে সারজিস আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলামোটরে দলের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
বৈঠকটি পরিচালনা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দলীয় সূত্রে জানানো হয়েছে, রাজনৈতিক পর্ষদ থেকে দুইজন উপ-প্রধান থাকবেন। এছাড়া, প্রতি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদক নিয়োগ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ