ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডেঙ্গুতে আক্রান্ত ৭ বছরের অনুশ্রীর শেষ কথা: 'বাবা, আমি বাসায় যাব'


ডেঙ্গুতে আক্রান্ত ৭ বছরের অনুশ্রীর শেষ কথা:

ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ বছরের শিশু অনুশ্রী দাস মারা গেছে। মৃত্যুর পূর্বে আইসিইউতে বাবাকে দেখে তার শেষ কথাটি ছিল, "বাবা, আমি বাসায় যাব।"

অনুশ্রী পহাড়তলীর রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সুবল চন্দ্র দাস ও লিপি দম্পতির দুই সন্তানের মধ্যে ছোট।

গত ১৪ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হয় অনুশ্রী। পরে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। শুরুতে তার শারীরিক অবস্থা খুব একটা খারাপ ছিল না, কিন্তু কয়েক দিনের মধ্যে সে দুর্বল হয়ে পড়ে এবং খাওয়া-দাওয়াও কমে যায়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

শুক্রবার অনুশ্রীর অবস্থার হঠাৎ অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে শিশু আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। মেয়ের জন্য আইসিইউ বেড খুঁজতে সুবল চন্দ্র দাস চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেন। মেডিকেল সেন্টার, মেট্রোপলিটন হাসপাতাল, সার্জিস্কোপ ও মা ও শিশু হাসপাতালে খোঁজ নিলেও কোথাও বেড খালি পাননি বলে তিনি জানান।

পরে পহাড়তলীর ইম্পেরিয়াল হাসপাতালে অনুশ্রীকে ভর্তি করা হয়।

সুবল চন্দ্র বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তিনি হাসপাতালের আইসিইউতে মেয়েকে দেখতে যান। তখন অনুশ্রীর প্লাটিলেটের মাত্রা নেমে আসে ২৩ হাজার ৫০০-তে।

বাবাকে দেখে অনুশ্রী বলেছিল, "বাবা, আমি বাসায় যাব।" এটিই ছিল মেয়ের সঙ্গে তার শেষ কথা।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

শনিবার সকালে অনুশ্রীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসকরা জানান, তার লিভার ও কিডনিও আক্রান্ত হয়েছে। তাকে লাইফ সাপোর্টে নেওয়ার প্রয়োজন হয়।

শনিবার বিকেল ৩টা ২২ মিনিটে ফেসবুকে সুবল লেখেন, "আমার অনুশ্রী লাইফ সাপোর্টে।" এর প্রায় দুই ঘণ্টা পর তিনি জানান, "আমার মেয়ে অনুশ্রী আর নেই।"

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ইম্পেরিয়াল হাসপাতালে অনুশ্রীর মৃত্যু হয়। রাতে সীতাকুণ্ডের শংকর মঠ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় বলে সুবল জানান।

মেয়ের অসুস্থতার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশ্রীর জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছিলেন সুবল। বিভিন্ন ধর্মের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করার পাশাপাশি মুসলিম বন্ধুদের মসজিদে গিয়ে মেয়ের জন্য দোয়া করার অনুরোধও জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

এর কয়েক সপ্তাহ আগে, গত ২ আগস্ট পরিবারের সঙ্গে অনুশ্রীর সপ্তম জন্মদিন উদযাপন করেছিলেন সুবল-লিপি দম্পতি। সেই অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোস্ট করে বাবা মেয়েকে নিজের "বেঁচে থাকার প্রেরণা" বলে উল্লেখ করেছিলেন।

অসুস্থতার সময় মেয়ের খাওয়া নিয়েও উদ্বিগ্ন ছিলেন তিনি। এক ফেসবুক পোস্টে সুবল লিখেছিলেন, "টানা দুই দিন অনুশ্রী কিছু খেতে পারেনি। যে মেয়ে বাবার হাত থেকে খেতে ভালোবাসত, অসুস্থতার কারণে তাকেই আর খাওয়াতে পারছিলেন না।"

শেষ বিদায়ের আগে মেয়েকে নিজের হাতে সাজিয়ে দেন সুবল। সেই ছবিও ফেসবুকে পোস্ট করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে সুবল বলেন, "আমার মেয়ে চলে গেছে। তাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি।"

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা, চাঞ্চল্যকর তথ্য সামনে এল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২০ পি.এম


খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা, চাঞ্চল্যকর তথ্য সামনে এল

খুলনায় চুরির অভিযোগের ভিত্তিতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পরে, চারতলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু ঘটে। তবে এটি নিশ্চিত হওয়া যায়নি যে, তিনি নিজেই ছাদ থেকে পড়ে গেছেন, নাকি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে।

নিহত আজমুল হোসেন খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামে। শুক্রবার দিবাগত রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীরের পূর্ব পাশে অবস্থিত একটি ছাত্র মেসে এই ঘটনাটি ঘটে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শনিবার রাতে আজমুলের দাফন তার নিজ গ্রামে সম্পন্ন হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে ওই মেসের তৃতীয় তলার শিক্ষার্থীরা খাবারের পরিমাণ কম পড়েছে বলে সন্দেহ করেন। এরপর তারা আশপাশের কয়েকজনকে নিয়ে পুরো মেসে খাবার খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে চতুর্থ তলার ‘ডি-৮’ কক্ষে আজমুলের খাটের নিচে অর্ধেক খাওয়া ভাত ও মাছ পাওয়া যায়।

এরপর, আজমুলকে চুরির অভিযোগে কয়েকজন মারধর শুরু করেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। তাকে বাঁচাতে স্থানীয় কয়েকজন এগিয়ে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কিছুক্ষণ পর আজমুলকে ছাদে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে ভবনের নিচে পড়ে থাকতে দেখা যায়।

মেসের এক শিক্ষার্থী জানান, ‘চোর ধরা পড়েছে’ এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের মেস থেকেও কয়েকজন সেখানে আসেন। তাদের মধ্যে কেউ কেউ আজমুলকে জিনিসপত্র ফেরত দিতে বলেন। এক পর্যায়ে তার বাবাকে ফোন করে টাকা দাবি করা হয়েছিল বলেও ওই শিক্ষার্থী দাবি করেন। তবে আজমুল কীভাবে ছাদ থেকে নিচে পড়ে গেলেন, সে সম্পর্কে তিনি কিছু জানেন না।

স্থানীয় তিনজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, আজমুলকে মারধরের সময় তিনি খুবই উত্তেজিত অবস্থায় ছিলেন। পরে তাকে ছাদে নিয়ে যাওয়া হয়। তবে ছাদে যাওয়ার পর সেখানে কী ঘটেছিল, তা তারা দেখেননি।

এদিকে, মেসে গিয়ে রোববার তৃতীয় ও চতুর্থ তলার সব কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। নিহত আজমুলের ‘ডি-৮’ কক্ষও তালাবদ্ধ ছিল। মেসের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত মেহেদীর কক্ষও বন্ধ পাওয়া যায় এবং তার মোবাইল নম্বর বন্ধ রয়েছে।

মেসের রান্নার কাজে নিয়োজিত ফাতেমা জানান, তৃতীয় তলার নয়জন শিক্ষার্থী নিয়মিত মিলের খাবার খেতেন। আজমুল সেই মিলের অংশ ছিলেন না। শুক্রবার রাতে নয়জনের জন্য লাউ দিয়ে মাছ রান্না করেছিলেন তিনি। খাবার কম পড়ার পর শিক্ষার্থীরা খাবার খুঁজতে শুরু করেন বলে জানান তিনি।

স্থানীয় শিক্ষার্থীরা জানান, ওই এলাকায় এর আগে মুঠোফোন, ল্যাপটপ, কাপড় ও স্যান্ডেলসহ বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটেছে। মেসে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য মালিকের কাছে অনুরোধ করা হলেও তিনি ব্যবস্থা নেননি বলে তাদের অভিযোগ।

আজমুলের মৃত্যুর ঘটনায় তার বাবা কুতুব উদ্দিন হরিণটানা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক চার শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানিয়েছেন, রোববার রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

আজমুলকে পিটিয়ে হত্যার অভিযোগ এবং পরে ছাদ থেকে পড়ে মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না যে, তিনি নিজে ছাদ থেকে লাফ দিয়েছিলেন, নাকি তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চ্যাটজিপিটিতে মুছে ফেলা তথ্য কি ফেরত আনা যায়?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২০ পি.এম


চ্যাটজিপিটিতে মুছে ফেলা তথ্য কি ফেরত আনা যায়?

চ্যাটজিপিটিতে প্রতিদিন ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের কথোপকথনে অংশগ্রহণ করেন। অনেক সময় এসব কথোপকথনের কিছু তথ্য ভবিষ্যতে কাজে লাগতে পারে, যদিও সেগুলো পরে অপ্রয়োজনীয় মনে হতে পারে। তাই, ব্যবহারকারীদের জন্য অপ্রয়োজনীয় চ্যাট মুছে ফেলার পাশাপাশি প্রয়োজনীয় কথোপকথন আর্কাইভ করার সুবিধা রয়েছে। তবে, চ্যাট মুছে ফেলার সময় ব্যবহারকারীদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, যখনই চ্যাটজিপিটিতে কোনো কথোপকথন মুছে ফেলা হয়, সেটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হয়। এরপর সাধারণত ৩০ দিনের মধ্যে ওই চ্যাটটি সিস্টেম থেকে স্থায়ীভাবে মুছে ফেলার প্রক্রিয়া সম্পন্ন হয়। ফলে, কোনো চ্যাট ডিলিট করার পর সেটি চ্যাটজিপিটির ইন্টারফেস বা ওপেনএআই সাপোর্টের মাধ্যমে পুনরুদ্ধার করা সম্ভব নয়।

‘ডিলিট অল চ্যাটস’ অপশনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তাই, যদি গুরুত্বপূর্ণ কোনো কথোপকথন ভবিষ্যতে প্রয়োজন হতে পারে বলে মনে হয়, তাহলে সেটি ডিলিট না করে আর্কাইভ করে রাখা নিরাপদ।

চ্যাট আর্কাইভ করবেন যেভাবে

কোনো চ্যাট মুছে না ফেলে মূল চ্যাট তালিকা থেকে সরিয়ে রাখতে চাইলে সেটি আর্কাইভ করা যেতে পারে। এর জন্য সংশ্লিষ্ট চ্যাটের পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘আর্কাইভ’ অপশন নির্বাচন করতে হবে।

আর্কাইভ করা চ্যাট অ্যাকাউন্টে সংরক্ষিত থাকে। ফলে, চ্যাটটি মূল তালিকায় দেখা না গেলেও পরবর্তী সময়ে আর্কাইভ থেকে সেটি খুঁজে বের করা এবং প্রয়োজন হলে আবার মূল চ্যাট তালিকায় ফিরিয়ে আনা সম্ভব।

সংযুক্ত অ্যাপের তথ্যের কী হয়?

চ্যাটজিপিটির কোনো কথোপকথনে গুগল ড্রাইভ, জিমেইল বা ক্যালেন্ডারের মতো সংযুক্ত অ্যাপের তথ্য ব্যবহার করা হলে ওই কথোপকথন মুছে দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

কোনো সংযুক্ত অ্যাপের তথ্য ব্যবহার করে তৈরি করা কথোপকথন মুছে ফেললে সংশ্লিষ্ট তথ্য চ্যাটজিপিটির অ্যাকাউন্ট থেকে মুছে যাওয়ার প্রক্রিয়ার আওতায় পড়ে। তবে, চ্যাটজিপিটি থেকে কোনো অ্যাপের সংযোগ বিচ্ছিন্ন করলেই সেই অ্যাপের মূল তথ্য মুছে যায় না। ফলে, মূল অ্যাপের তথ্য স্বাভাবিকভাবেই সেখানে থেকে যায়।

আর্কাইভ করা চ্যাট ফিরিয়ে আনবেন যেভাবে

আর্কাইভ করা চ্যাট পরে আবার ব্যবহার করা যেতে পারে। এজন্য চ্যাটজিপিটির Settings থেকে Data Controls-এ গিয়ে Archived Chats বা View Archived Chats অপশনে প্রবেশ করতে হবে।

সেখানে আর্কাইভ করা কথোপকথনগুলোর তালিকা পাওয়া যাবে। প্রয়োজনীয় চ্যাট নির্বাচন করে সেটিকে Unarchive করলে আবার মূল চ্যাট তালিকায় ফিরিয়ে আনা সম্ভব।

আর্কাইভ করা কোনো চ্যাট খুঁজে না পাওয়া গেলে চ্যাটজিপিটি রিফ্রেশ করা কিংবা অ্যাকাউন্ট থেকে লগআউট করে আবার লগইন করেও চেষ্টা করা যেতে পারে।

সুতরাং, গুরুত্বপূর্ণ কথোপকথন সংরক্ষণের ক্ষেত্রে ডিলিটের পরিবর্তে আর্কাইভ ব্যবহার করাই প্রয়োজনীয়। কারণ, মুছে ফেলা চ্যাট পরবর্তী সময়ে পুনরুদ্ধারের সুযোগ থাকে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রঙ্কসে সাশ্রয়ী ভাড়ায় অ্যাপার্টমেন্টের লটারি, আবেদনের সময়সীমা ৮ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২০ পি.এম


ব্রঙ্কসে সাশ্রয়ী ভাড়ায় অ্যাপার্টমেন্টের লটারি, আবেদনের সময়সীমা ৮ অক্টোবর

নিউইয়র্কের স্বপ্নের শহর আমেরিকায় সাধারণ আয়ের মানুষের জন্য মাথার ওপর একটি স্থায়ী ছাদ পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্প নিয়ে এসেছে একটি স্বস্তির খবর। ব্রঙ্কস এলাকার ওয়েস্ট ফার্মসে লটারির মাধ্যমে ১৪টি নতুন এক ও দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়ার ঘোষণা করা হয়েছে।

নিউইয়র্ক ওয়াইআইএমবিওয়াই ও এনওয়াইসি হাউজিং কানেক্ট-এর তথ্য অনুযায়ী, এই আবাসন প্রকল্পের নাম 'লংফেলো মারমিয়ন অ্যাপার্টমেন্টস'। আবেদন করার সুযোগ আগামী ৮ অক্টোবর পর্যন্ত থাকবে। ১৯০০ লংফেলো অ্যাভিনিউ এবং ১৯৬৮ মারমিয়ন অ্যাভিনিউয়ের দুটি পাঁচতলা ভবনে এই আধুনিক অ্যাপার্টমেন্টগুলো অবস্থিত। মাসিক ভাড়া আয়ভেদে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৬৯ ডলার থেকে ২ হাজার ৮ ডলার পর্যন্ত।

প্রকল্পটিতে ভাড়ার বিভিন্ন স্তর রাখা হয়েছে আয়ের তারতম্যের ভিত্তিতে। এক বেডরুমের তিনটি অ্যাপার্টমেন্টের জন্য ১ হাজার ৩৬৯ ডলার ভাড়ায় আবেদন করতে হবে পরিবারের বার্ষিক আয় ৫১ হাজার ২৫৮ থেকে ৭৬ হাজার ৩৫০ ডলারের মধ্যে। অন্যদিকে, ২ হাজার ৮ ডলার ভাড়ায় দুই বেডরুমের দুটি অ্যাপার্টমেন্ট পেতে হলে পরিবারের বার্ষিক আয় ৭৪ হাজার ৫৭২ থেকে ১ লাখ ৯ হাজার ৯২০ ডলার হতে হবে।

এছাড়াও, ১ হাজার ৬৮৭ ডলার ভাড়ায় এক বেডরুমের চারটি অ্যাপার্টমেন্ট এবং ১ হাজার ৬২৭ ডলারে দুই বেডরুমের একটি অ্যাপার্টমেন্টও রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো, এক ও তিন বেডরুমের চারটি বিশেষ অ্যাপার্টমেন্টের ভাড়া আবেদনকারীর মোট আয়ের মাত্র ৩০ শতাংশের ভিত্তিতে নির্ধারণ করা হবে। বর্তমানে যেসব পরিবারের কোনো নির্দিষ্ট আয় নেই, তারাও শর্তপূরণ সাপেক্ষে এই বিশেষ ইউনিটগুলোর জন্য আবেদন করতে পারবেন।

আবাসিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবনগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা, ইন্টারকম, আধুনিক বিদ্যুৎসাশ্রয়ী যন্ত্রপাতি ও যৌথ লন্ড্রি সুবিধা রাখা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ‘এনওয়াইসি হাউজিং কানেক্ট’-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা ডাকযোগে নির্ধারিত সময়, অর্থাৎ আগামী ৮ অক্টোবরের মধ্যে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো, ব্রেন্ট ক্রুড ১০৩.০৬ ডলারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো, ব্রেন্ট ক্রুড ১০৩.০৬ ডলারে

সৌদি আরবে ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হুতিদের রকেট ও ড্রোন হামলা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সৌদি আরব থেকে লোহিত সাগর হয়ে অপরিশোধিত তেল রপ্তানি ও জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার ইতিবাচক ইঙ্গিত বিশ্ব তেল বাজারে স্বস্তির সৃষ্টি করেছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববাজারে অপরিশোধিত তেল বা ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা দশমিক ৭৮ শতাংশ হ্রাস পেয়ে ১০৩ দশমিক ০৬ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা দশমিক ৮৯ শতাংশ কমে ৯৯ দশমিক ৪১ ডলারে বিক্রি হচ্ছে।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যে চরম সামরিক উত্তেজনার অংশ হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় হুতিরা। সশস্ত্র গোষ্ঠীটির মূল নিশানা ছিল সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো।

তবে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের ক্ষিপ্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের ছোড়া সব কটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই সাফল্যের সঙ্গে প্রতিহত করতে সক্ষম হয়েছে। অবকাঠামোর ওপর কোনো আঁচ না লাগায় এবং বিশ্ববাজারে সরবরাহে ঘাটতি না পড়ার খবরই মূলত বিশ্বজুড়ে তেলের দর কিছুটা নিম্নমুখী হওয়ার কারণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%