সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:০০ এম
বরিশাল নগরীর চৌমাথা লেকের সৌন্দর্য নতুন মাত্রা পেয়েছে। পদ্মফুল আকৃতির দৃষ্টিনন্দন ‘লোটাস লাইট’ লেকের চারপাশে স্থাপন করা হয়েছে। সন্ধ্যার পর যখন এসব বাতি জ্বলে ওঠে, তখন লেকের পানিতে আলোর প্রতিফলনে একটি মনোরম পরিবেশ তৈরি হয়। এতে নগরবাসী ও আগত দর্শনার্থীরা আকৃষ্ট হচ্ছেন। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী অহিদ মুরাদ জানান, আফ্রিকার দেশ ইথিওপিয়ায় সৌন্দর্যবর্ধক সড়কবাতির ব্যবহারের উদাহরণ দেখে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন চৌমাথা লেককে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেন।
তিনি উল্লেখ করেন, চৌমাথা লেকে পর্যায়ক্রমে আরও ‘লোটাস লাইট’ স্থাপন করা হবে। এ ছাড়া পার্ক সংস্কার, বটগাছে ঝাড়বাতি স্থাপন, দর্শনার্থীদের বসার স্থান তৈরি, চারপাশে সবুজায়ন এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। সিটি করপোরেশনের বিদ্যুৎ কর্মকর্তা মুরাদ হোসেন জানান, ঢাকার পর বরিশালেই প্রথমবারের মত এ ধরনের লোটাস লাইট স্থাপন করা হয়েছে। এর আগে, গত মে মাসে চৌমাথা লেকে মিউজিক্যাল ও ড্যান্সিং ফোয়ারা চালু করে সিটি করপোরেশন। বর্ণিল আলো, পানির নৃত্য ও সংগীত উপভোগ করতে উদ্বোধনের পর থেকেই লেক এলাকায় মানুষের সমাগম বৃদ্ধি পেতে থাকে। এবার লোটাস লাইট যুক্ত হওয়ায় রাতে লেকের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, সন্ধ্যার পর লেকের চারপাশে হাঁটতে আসা মানুষ দাঁড়িয়ে থেকে আলোকসজ্জা উপভোগ করছেন। পরিবার নিয়ে আসা মানুষ, শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের কাছে স্থানটি ধীরে ধীরে বিনোদনের আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হচ্ছে।
ঘুরতে আসা সোনিয়া আক্তার জানান, চৌমাথা লেকের পরিবেশ আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। পরিবার নিয়ে সন্ধ্যায় এখানে সময় কাটাতে ভালো লাগে। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও বসার ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন। বরিশাল সরকারি হাতেম আলী কলেজের শিক্ষার্থী রাব্বি ইসলাম বলেন, লোটাস লাইট ও ফোয়ারা চালুর পর রাতে লেকের পরিবেশ অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে এটি নগরবাসীর জন্য একটি ভালো বিনোদনকেন্দ্র হয়ে উঠবে।
নগরবাসী বলছেন, কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত বরিশাল শহরটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর। এই নদীর তীরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী বন্দর রয়েছে। ঐতিহ্যবাহী শহরের নাগরিক জীবনে বিনোদন ও নান্দনিক পরিবেশের প্রয়োজন রয়েছে। কর্মব্যস্ত দিনের পর পরিবার নিয়ে কিছুটা সময় কাটানোর মতো নিরাপদ ও সুন্দর স্থান নগরীতে সীমিত। এ কারণে তারা চৌমাথা লেকের পাশাপাশি বিবির পুকুরপাড় ও পদ্মপুকুরকেও সৌন্দর্যবর্ধনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টদের প্রতি।
তাদের মতে, শুধু আলোকসজ্জা ও ফোয়ারা নয়, বসার ব্যবস্থা উন্নত করা, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, হাঁটার পথ এবং লেকের পানি পরিষ্কার রাখা ও অবৈধ দখলমুক্ত পরিবেশ বজায় রাখা গেলে চৌমাথা লেক বরিশালের অন্যতম প্রধান নাগরিক বিনোদনকেন্দ্রে পরিণত হতে পারে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, চলমান সৌন্দর্যবর্ধন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা গেলে চৌমাথা লেক নগরবাসীর বিনোদনের পাশাপাশি বরিশালের অন্যতম নান্দনিক স্থান হিসেবে পরিচিতি পেতে পারে। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরবাসীর বিনোদন ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতে চৌমাথা লেককে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে লেক ও এর আশপাশের সৌন্দর্যবর্ধন করা হবে। নগরবাসীর জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ বিনোদন পরিবেশ গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ১৬৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে, এই সময়ের মধ্যে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার শনিবার (১২ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ১৩ জন, পটুয়াখালীতে ১৫ জন, পটুয়াখালীর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন, ভোলায় ১৬ জন, পিরোজপুরে ৬৪ জন, বরগুনায় ২৭ জন, ঝালকাঠিতে ৪২ জন এবং বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে বরিশালে ১০ জন, পটুয়াখালীতে ছয়জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, ভোলায় ১০ জন, পিরোজপুরে ৪৩ জন, বরগুনায় ২৪ জন, ঝালকাঠিতে ৫২ জন এবং শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
সূত্রমতে, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল বিভাগে মোট ৮ হাজার ১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭ হাজার ৫৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই সময়ে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫২০ জন। জেলা ও হাসপাতালভিত্তিক হিসেবে, বরিশালে ৮২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৮৯ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন। পটুয়াখালীতে ভর্তি ৭৭৬ জনের মধ্যে ৭১৬ জন সুস্থ হয়েছেন, বর্তমানে চিকিৎসাধীন ৬০ জন। পটুয়াখালী শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৩ জন; ছাড়পত্র পেয়েছেন ৩১৭ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন। ভোলায় মোট ৪৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৩৫ জন ছাড়পত্র পেয়েছেন এবং ৩১ জন চিকিৎসাধীন রয়েছেন। পিরোজপুরে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৫ জন, ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪৩ জন এবং বর্তমানে চিকিৎসাধীন ১১১ জন। এ জেলায় একজনের মৃত্যু হয়েছে। বরগুনায় এ পর্যন্ত ১ হাজার ১০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৪৪ জন ছাড়পত্র পেয়েছেন এবং ৬৩ জন চিকিৎসাধীন। ঝালকাঠিতে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন; ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮১৫ জন এবং চিকিৎসাধীন ৫০ জন। ঝালকাঠিতে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৫৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪২৫ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ১৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এই হাসপাতালে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, বিভাগে মোট ৮ হাজার ১১৬ ডেঙ্গু রোগীর মধ্যে ৭ হাজার ৫৮৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ১২ জনের মৃত্যু হয়েছে। ফলে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২০ জন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বরিশালের মেহেন্দীগঞ্জে কবির বেপারী নামের এক কৃষককে হত্যা করেছে বোরকা পরা দুর্বৃত্তদের একটি দল, যারা গলা ও হাত-পায়ের রগ কেটে তাকে হত্যা করে। এই ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার কাজীরহাট থানার ভাসানচর ইউনিয়নের গাজীরহাট এলাকায়। ঘটনার সত্যতা ওই রাতেই নিশ্চিত করেন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান।
নিহত কৃষক কবির বেপারী (৫৫) মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী বেপারীর ছেলে। স্থানীয়রা এবং নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার বিকেলে কবির বেপারী বাড়ি থেকে ইজিবাইকযোগে গাজীরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের নিকট পৌঁছানোর পর পূর্ব থেকে ওৎ পেতে থাকা বোরকা পরা দুর্বৃত্তরা ইজিবাইকটি থামিয়ে তাকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর শুরু করে।
এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কবিরকে আঘাত করে এবং তার হাত-পায়ের রগ কেটে দেয়। পরে তারা গলা কেটে কবিরের মৃত্যু নিশ্চিত করে এবং মরদেহ পাশের একটি ডোবায় ফেলে পালিয়ে যায়। কিছু সময় পর পথচারীরা রক্তাক্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে নিহতের স্বজন ও পুলিশকে খবর দেন।
কাজীরচর ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ সরদার নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে বলেন, পূর্ববিরোধের কারণে বোরকা পরা দুর্বৃত্তরা কবির বেপারীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। হামলার পর দুর্বৃত্তরা ঘটনাস্থলে বোরকা ফেলে রেখে যায়। ওসি মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শনিবার ময়মনসিংহের ১১ নম্বর ভালুকা আসনের সাবেক এমপি আলহাজ্ব এম,এ ওয়াহেদের শ্যালক জামাল হোসেনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। জামাল হোসেন বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং চার মাস আগে দেশে আসেন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলামকে ফোন করে জামাল হোসেনের আটক হওয়ার কারণ জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন। তবে থানার সূত্রে জানা যায়, ওয়াহেদ টাওয়ার থেকে ওসির নির্দেশে তাকে আটক করে থানায় হাজতে রাখা হয়েছে।
সচেতন মহল এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং বলছে, রাজনৈতিক কারণে যদি তাকে আটক করা হয়ে থাকে, তাহলে এটি মানবাধিকার লঙ্ঘনের সামিল। কারণ, আওয়ামী লীগের বড় নেতারা প্রকাশ্যে থানার সীমানায় ঘোরাফেরা করছেন, অথচ তাদেরকে আটক করা হচ্ছে না। পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বরিশালের বাবুগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ মো. ইউসুফ প্যাদা (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বাবুগঞ্জ থানার এসআই (নিঃ) মো. মজিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান শুরু করেন।
অভিযান চলাকালীন উপজেলার রহমতপুর এলাকায় ইউসুফ প্যাদাকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইউসুফ প্যাদা রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজগুরু গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মুজাহার প্যাদার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় ইউসুফ প্যাদার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ