০২:৩৫ পি.এম
পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে মাহাবুব ব্যাপারী (৬০) নামে এক জেলে নিখোঁজ রয়ে গেছেন।
শনিবার (৪ জুলাই) আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিখোঁজ মাহাবুব ব্যাপারী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বুরজুক আলী ব্যাপারির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের নিচ থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতিকালে অসাবধানতাবশত মাহাবুব ব্যাপারী ট্রলার থেকে বলেশ্বর নদীতে পড়ে যান। এর পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ট্রলারের মাঝি হাফিজুল ব্যাপারি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে তারা রওনা দেওয়ার সময় হঠাৎ করেই মাহাবুব নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। সবশেষ খবর পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান বলেন, ‘আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। বরিশাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর আরও ব্যাপকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।’
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন