মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৪২ এম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান তারেক রহমান।
প্রধানমন্ত্রী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে তাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে জিয়া উদ্যান এলাকায় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খণ্ড খণ্ড মিছিলে জড়ো হয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।
নেতারা মন্তব্য করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে সামনে রেখে দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। একইসঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার কারণে মৃতের সংখ্যা ৯৫৫ জনে পৌঁছেছে। বর্তমানে প্রায় ৪ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। দেশটির নুয়াকোট জেলার একটি বাড়ি থেকে একসঙ্গে ২৩ জনের মরদেহ উদ্ধারের ঘটনা এই দুর্যোগের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে।
মঙ্গলবার কর্তৃপক্ষ জানায়, নুয়াকোটের বেত্রাবতী এলাকার ওই বাড়ি থেকে সোমবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে বাড়িটি ভেসে যাওয়ার পর সেখানে এসব মরদেহ আটকা পড়ে ছিল।
গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধসের ফলে আকস্মিক বন্যা সৃষ্টি হয়। ভোতে কোশি ও ত্রিশূলী নদী ব্যবস্থায় প্রবল স্রোত নেমে এসে উত্তর ও মধ্য নেপালের বহু শহর ও গ্রাম প্লাবিত করে। এতে ঘরবাড়ি, যানবাহন, সড়ক ও সেতুর পাশাপাশি বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যার পর থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। তবে ঘন কাদা, ক্ষতিগ্রস্ত সড়ক ও বৈরী আবহাওয়ার কারণে অভিযান ব্যাহত হচ্ছে। জলবিদ্যুৎ প্রকল্পের কয়েকটি টানেলে ৯০০ জনের বেশি শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ১১টি প্রকল্পের ৯৩৩ শ্রমিক নিখোঁজ বা আটকা পড়েছেন। রাশুয়া ও নুয়াকোট জেলার কয়েকটি টানেলে এখনো উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পে প্রায় ৪০ থেকে ৪২ জন প্রকৌশলী কাজ করছিলেন। বন্যার পর তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ত্রিশূলী ৩বি প্রকল্পের ১১৮ শ্রমিকও নিখোঁজ রয়েছেন।
নেপাল সেনাবাহিনী কাদা ও পানি সরাতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ, খননযন্ত্র ও সার্চলাইট ব্যবহার করছে। তবে টানেলের ভেতরের পরিস্থিতি অত্যন্ত কঠিন হওয়ায় উদ্ধারকাজে সময় লাগছে।
এদিকে প্রতিবেশী ভারতের উত্তর প্রদেশের কুশীনগরের গণ্ডক নদী থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছয়জন নারী এবং সাতজন পুরুষ রয়েছেন। মরদেহগুলো নেপালে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
নিখোঁজ স্বজনদের সন্ধানে হাসপাতালগুলোতে ভিড় করছেন পরিবারের সদস্যরা। অনেক মরদেহ দীর্ঘ সময় পানিতে থাকার কারণে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। স্বজনদের কেউ পোশাক, গয়না, ট্যাটু বা ব্যক্তিগত সামগ্রী দেখে মরদেহ শনাক্ত করার চেষ্টা করছেন। প্রয়োজনে ডিএনএ পরীক্ষারও সহায়তা নেওয়া হচ্ছে।
নেপাল মরদেহ শনাক্ত ও উদ্ধারকাজে ফ্রিজার, ডিএনএ কিট, লাইডার, ড্রোন ও সেতু নির্মাণের সরঞ্জাম চেয়েছে। ভারত, চীন, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করছে।
জাতিসংঘ জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় প্রায় ৬৫ হাজার মানুষের জরুরি পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসেবা সহায়তা প্রয়োজন। এ ছাড়া ২২ হাজারের বেশি শিশুর সুরক্ষা সহায়তা দরকার। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯টি স্কুল; এর মধ্যে ৯টি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং ৮টি স্কুল বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ১০ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩২৩ জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩৯টি দেশের প্রায় ৫৯০ বিদেশি নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে বিব্রতকর পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দলের মধ্যে ব্যাপক পরিবর্তন এনেছে। চলমান সফরের অংশ হিসেবে সাতজন খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তাদের পরিবর্তে নতুন একদল ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলোয়াড়দের পাশাপাশি দলের প্রধান কোচ এবং বোলিং কোচকেও বরখাস্ত করা হয়েছে।
পিসিবি জানায়, দল থেকে অব্যাহতি পাওয়া সাত ক্রিকেটার হলেন— মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, আমের জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর এবং খুররম শাহজাদ। প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকে অব্যাহতি দিয়ে তাদের জায়গায় যথাক্রমে মাইক হেসন এবং অ্যাশলে নফকে নিয়োগ দিয়েছে পিসিবি।
নতুন দলে অন্তর্ভুক্ত করা সাতজন খেলোয়াড় হলেন— সাইম আইয়ুব, আবদুল্লাহ ফজল, আরাফাত মিনহাস, সাদ বেগ, মুহাম্মদ রানধাওয়া, রেজাউল্লাহ এবং মুহাম্মদ ইমরান জুনিয়র। এই সাতজনের মধ্যে সাইম আইয়ুব আটটি এবং আবদুল্লাহ ফজল দুটি টেস্ট খেলেছেন। বাঁহাতি স্পিন-অলরাউন্ডার আরাফাত মিনহাস খেলেছেন তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি। এছাড়া উইকেটরক্ষক-ব্যাটার সাদ বেগ ২০২৫-২৬ কায়েদ-ই-আজম ট্রফিতে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছিলেন এবং মোহাম্মদ ইমরান জুনিয়রেরও আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। তবে ডানহাতি পেস-বোলিং অলরাউন্ডার মুহাম্মদ রানধাওয়া এবং রেজাউল্লাহ এখনও কোনো পর্যায়ে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেননি। বার্মিংহামে তৃতীয় টেস্টের পূর্বে তারা সবাই পাকিস্তান দলে যোগ দেবেন।
হেডিংলি ও লর্ডসে সিরিজের প্রথম দুই টেস্টে হতাশাজনক পরাজয়ের পর পাকিস্তান এই বড় পরিবর্তনের পথে অগ্রসর হয়েছে। লর্ডসে রোববারের হারটি ছিল গত ১১টি অ্যাওয়ে টেস্টে পাকিস্তানের দশম এবং সব মিলিয়ে শেষ ২০ টেস্টে ১৫তম পরাজয়। বর্তমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রে পাকিস্তান দুটি জয় এবং ছয়টি পরাজয়ের সঙ্গে ১৬.৬৭ পয়েন্ট শতাংশের সঙ্গে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে বাবর আজমের নেতৃত্বে।
আগামী বার্মিংহাম টেস্টের জন্য বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানের হালনাগাদ স্কোয়াডে রয়েছেন— আবদুল্লাহ ফজল, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী, মুহাম্মদ ইমরান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মোহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), রেজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সাজিদ খান, সৌদ শাকিল, শান মাসুদ এবং উবাইদ শাহ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন এবং এক পুরুষ আহত হয়েছেন। হামলাকারী, যিনি ৪৯ বছর বয়সী এক নারী, পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
ঘটনাটি সোমবার বিকেল সাড়ে ৪টার ঠিক আগে টাইমস স্কয়ারের ওয়ান টাইমস স্কয়ার ভবনের বাইরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের একটি সাব-স্টেশনের পাশে ঘটে। এই এলাকায় পর্যটকদের জন্য ব্যাপক পুলিশি নিরাপত্তা ছিল।
নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, কুইন্সের বাসিন্দা ওই নারী একটি শপিং ব্যাগ থেকে দুটি ছুরি বের করে প্রথমে সাবওয়ে স্টেশন থেকে বের হওয়া ৬৮ বছর বয়সী এক পুরুষের পেটে ছুরিকাঘাত করেন। ওই ব্যক্তি তখন তাঁর স্ত্রীর সঙ্গে রাস্তা পার হওয়ার অপেক্ষায় ছিলেন। কিছু সেকেন্ড পর হামলাকারী ৩২ বছর বয়সী এক নারীর পেটেও ছুরিকাঘাত করেন। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে ওই নারী মারা যান, তবে আহত পুরুষের অবস্থা স্থিতিশীল রয়েছে।
পুলিশ কমিশনার জানান, হামলাকারীকে ছুরি ফেলে দেওয়ার জন্য পুলিশ সদস্যরা কয়েক মিনিট ধরে বোঝানোর চেষ্টা করেন। পরে তাকে নিয়ন্ত্রণে আনতে টেজার ব্যবহার করা হলেও তাতে কাজ হয়নি। একপর্যায়ে ছুরি হাতে ওই নারী পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে গেলে দুই কর্মকর্তা তাকে গুলি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ কর্মকর্তা ওই নারীকে ঘিরে রেখেছেন এবং তার হাতে দুটি বড় রান্নাঘরের ছুরি রয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকা হামলাকারীকে হাতকড়া পরানো হয় এবং পুলিশ সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
জেসিকা টিশ বলেন, টাইমস স্কয়ারের প্রাণকেন্দ্রে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পুলিশ কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপের কারণে আরও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। পুলিশের কাছে ওই নারীর মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার বিষয়ে নথিবদ্ধ তথ্য ছিল। ২০১৮ ও ২০১৯ সালের কয়েকটি ঘটনার তথ্য থাকলেও তাকে গ্রেপ্তারের কোনো রেকর্ড পুলিশের হাতে নেই।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী হামলার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। হতাহতদের নিকটাত্মীয়দের অবহিত করার পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।
ঘটনার পর সেভেন্থ অ্যাভিনিউয়ের একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, চলতি বছর শহরে সহিংস অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে। হত্যাকাণ্ডের ঘটনাও ২৪ শতাংশ কমে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে যাওয়ার পথে রয়েছে। তবে এ বছর টাইমস স্কয়ারে এটি দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। গত মে মাসে একই এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাত ভেঙে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এই সময়ের মধ্যে আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে। পরে জরুরি মেরামতের কাজ সম্পন্ন হওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনসংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলারের কাছে রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি রেলকর্মীরা শনাক্ত করেন। নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি নজরে আসায় দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম ফরিদ আহমদ জানান, খবর পাওয়ার পর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামতকাজ শুরু করেন। এই সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
রেললাইন ভেঙে যাওয়ার কারণে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে।
ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মিস্ত্রি মোস্তাক আহমেদ ও লায়েব উদ্দিন জানান, ভাঙা অংশ শনাক্ত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত মেরামতকাজ শুরু করা হয়। আপাতত মেরামত করা অংশ দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ মেরামত সম্পন্ন হলে ট্রেনের গতি স্বাভাবিক হবে।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়ার পর ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর আংশিক মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়। আটকে পড়া ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ