বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
০১:৫২ পি.এম
পাবনার ঈশ্বরদীতে ট্রাকের চাপায় মারা গেছেন বাহারুল ইসলাম (৩৬) নামের এক মোটরসাইকেল (স্কুটি) চালক।
বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে পাবনা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের ঢুলটি এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহত বাহারুল ইসলাম ঈশ্বরদী পৌরসভার মাহাতাব কলোনির মৃত আকিল উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, বাহারুল শ্বশুরবাড়ি থেকে স্কুটি চালিয়ে পাবনা-ঈশ্বরদী সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় ঈশ্বরদীর ঢুলটি এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন তিনি। এরপরই ওই ট্রাকের চাকার নিচে পড়ে তিনি পিষ্ট হয়ে মারা যান।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা আহত অবস্থায় বাহারুলকে উদ্ধার করেন। পরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, বাহারুল একজন ট্রাকচালকও ছিলেন। বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাকটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (প্রায় ৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের হোনাখালী রেলক্রসিং এলাকায় হাইটেক পার্কের লোহার ব্রিজসংলগ্ন ঢাকা-যমুনা সেতু রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে রেললাইন পাশে অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ওই যুবক রেললাইন দিয়ে চন্দ্রার দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। নিহতের সঙ্গে কোনো পরিচয়পত্র বা কাগজপত্র পাওয়া যায়নি। এছাড়া মরদেহে কোনো পোশাকও ছিল না বলে পুলিশ জানিয়েছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, ভোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব সুমনী আক্তারকে নাটোরের জেলা প্রশাসক পদে নিয়োগ করা হয়েছে।
অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধার জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, রংপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মন্ত্রী বলেন, ‘২৪ এর অভ্যুত্থানে হাজার শহিদের মধ্যদিয়ে সংবিধান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। জুলাই সনদে সব দল স্বাক্ষর করেছি। সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।’
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ‘এমপাওয়ারিং ইয়ুথ টু লিড’ শীর্ষক চাকরি মেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি নির্মাণে দেশের গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি।’
তিনি উল্লেখ করেন, ‘বিগতসময়গুলোতে জোর করে ক্ষমতা দখল, একদলীয় সরকার গঠনসহ বিভিন্ন কারণে দেশে গণতন্ত্র ব্যহত হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র সুসংহত হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিতর্ক ও সামাজিক ট্রলিং যেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পিছু ছাড়ছে না। বিশেষ করে ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন আলোচনা ও সমালোচনার কেন্দ্রে ছিলেন। এবার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এ অংশ নিয়ে নিজের অতীত অভিজ্ঞতা এবং সামাজিক ট্রলিংয়ের প্রসঙ্গ তুলে আবারও আলোচনায় এসেছেন রিয়া。
শোয়ের পঞ্চম পর্বে, সহ-প্রতিযোগী শ্বেতা তিওয়ারি রিয়াকে বিশ্বাসঘাতক মনে না করার কারণ জানতে চাইলে, নিজের জীবনের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী। রিয়া বলেন, বাস্তব জীবনে তাকে অনেক সময় বিশ্বাসঘাতক বা খুনি হিসেবে দেখানো হয়েছে। তাই এমন চরিত্রে স্বেচ্ছায় অভিনয় করতে চান না তিনি।
রিয়ার অভিযোগ, তাকে নিয়ে অতীতে ব্যাপকভাবে ট্রল ও মিম তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও জানান, দেশের সবচেয়ে বেশি ট্রল হওয়া মানুষগুলোর একজন সম্ভবত তিনি। তবে এসব অভিজ্ঞতা তাকে ভেঙে না দিয়ে বরং নিজের সিদ্ধান্তে আরও দৃঢ় করেছে, এমন ইঙ্গিতও দেন তিনি।
ভিডিওটি দেখতে ক্লিক করুন।
এদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর, ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে রিয়ার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে অব্যাহতির বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে।
‘দ্য ট্রেইটরস’-এর ওই পর্বে ভোটাভুটিতে রিয়া শেষ পর্যন্ত টিকে যান। তবে পারুল গুলাটি বাদ পড়েন। পুরনো বিতর্ক পেছনে ফেলে রিয়া আবারও বিনোদন জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। তবে তার সাম্প্রতিক বক্তব্য থেকে স্পষ্ট, অতীতের বিতর্ক ও সামাজিক ট্রলিংয়ের অভিজ্ঞতা এখনও তার মনে গভীর ছাপ রেখে গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ