ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট বসছে


সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট বসছে

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এটি জানানো হয়েছে মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে।

সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এই অধিবেশন আহ্বান করেছেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির আদেশ উদ্ধৃত করে এইভাবে বলা হয়েছে, আগামী ২৭ আগস্ট বিকেল ৩টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশন অনুষ্ঠিত হবে।

সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হওয়ার সুযোগ নেই। এই আইনি বাধ্যবাধকতা থেকেই সংসদীয় এই অধিবেশন আহ্বান করা হয়েছে। অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল উত্থাপন এবং নীতিগত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, চাকরি শেষে কোর্সের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, চাকরি শেষে কোর্সের সুযোগ

দেশ ও বিদেশের বাজারে তরুণ ও মেধাবীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৪তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)।

চলমান চাকরির বাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত করা এসব কোর্সে নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক ও সমমান ডিগ্রিধারী শিক্ষার্থীরা বিনামূল্যে অংশ নিতে পারবেন।

বাংলাদেশ সরকার ও সৌদি আরবের জেদ্দাস্থ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৯ বছর ধরে নিজস্ব অর্থায়নে এই আইটি প্রফেশনালস ট্রেইনিং প্রোগ্রাম পরিচালনা করছে।

এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ১৮ হাজার ৯৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে। যাদের মধ্যে ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি সংস্থায় কর্মরত আছেন।

প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের এই আন্তর্জাতিক মানের প্রফেশনাল কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। শুধু তা-ই নয়, কোর্স সফলভাবে শেষ করা উত্তীর্ণদের নিজেদের ‘প্লেসমেন্ট সেল’–এর মাধ্যমে দেশ-বিদেশের সংস্থায় সরাসরি কর্মসংস্থানের সহায়তা দেওয়া হয়ে থাকে।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:

আবেদনকারী প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে পূর্ববর্তী কোনো রাউন্ডের কোনো কোর্সে ইতোমধ্যেই যোগদান করেছিলেন এমন প্রার্থী পুনরায় আবেদন করলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া চার বছর মেয়াদি ডিপ্লোমাধারীদের সকল ধরনের ক্লাস কেবল ঢাকায় পরিচালিত হবে।

স্নাতক ও সমমান ডিগ্রিধারীদের কোর্সসমূহ হলো:

১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার

২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস

৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট

৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট

৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন

৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সসমূহ হলো:

১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড

২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট

৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন

৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস

৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট

৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স

৭. থ্রি–ডি ভিজুয়ালাইজেশন

আবেদনের নিয়ম ও সময়সীমা:

আগ্রহী প্রার্থীরা সরাসরি নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেই তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন। অনলাইন আবেদনের শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর। বিস্তারি দেখতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর ৩ দিনের জন্য রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর ৩ দিনের জন্য রিমান্ডে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের তিন দিন রিমান্ডের অনুমোদন দিয়েছেন আদালত।

বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শুনানি শেষে এই আদেশটি দেন সোমবার (১০ আগস্ট) দুপুরে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তার পরিকল্পনা অনুযায়ী, বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান তানভীরকে আদালতে হাজির করে সাত দিনের রিমানন্ডের আবেদন করেন।

তথ্য অনুযায়ী, ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাসা থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে, তিনি বগুড়ায় এনে সেদিনই আদালতে হাজির হন। প্রাথমিক শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মামলার এজাহার থেকে জানা গেছে যে, এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনার প্রেক্ষাপটে, তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি ও মানহানিকর পোস্ট করেছিলেন। যখন পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনার পর বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবানলের ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ায় বিদ্যালয় বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


দাবানলের ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ায় বিদ্যালয় বন্ধ

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : এল নিনোর প্রভাবে দীর্ঘ ও তীব্র শুষ্ক মৌসুমের শুরুতে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ার কয়েক ডজন বিদ্যালয় মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

বোর্নিও দ্বীপের পশ্চিম কালিমানতানে, যা ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও ব্রুনাইয়ের সঙ্গে ভাগ করে নিয়েছে, পন্টিয়ানাকের মেয়র শহরের ওপর ভেসে আসা ধোঁয়ার কারণে বিদ্যালয় বন্ধের নির্দেশ দেন।

ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সরকারি তথ্য অনুযায়ী, পন্টিয়ানাকে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কয়েক হাজার।

বায়ুর মান স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা বাসা থেকে শিক্ষা নেবে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন মেয়র এদি রুস্তি কামতোনো। তবে কতটি বিদ্যালয় এ সিদ্ধান্তের আওতায় এসেছে, তা তিনি উল্লেখ করেননি।

তিনি জানান, ‘আমরা এর প্রভাব অনুভব করতে শুরু করেছি। বিশেষ করে রাত ও সকালে। কারণ ধোঁয়ার আস্তরণ ইতোমধ্যে পন্টিয়ানাক শহর ঢেকে ফেলেছে।’

জাভা দ্বীপে দমকলকর্মীরা নবম দিনের মতো একটি জাতীয় উদ্যানে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছেন। গত সোমবার শুরু হওয়া দাবানলে ইতোমধ্যে ৯০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

শনিবার থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকা ব্রোমো তেঙ্গের সেমেরু জাতীয় উদ্যানের এই আগুন ইন্দোনেশিয়ার কয়েকটি বড় দাবানলের মধ্যে একটি। দেশজুড়ে প্রায় ৫০ হাজার দমকলকর্মী এসব আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আবহাওয়া সংস্থা বিএমকেজি জানায়, এল নিনোর প্রভাবে এ বছর ইন্দোনেশিয়ায় অস্বাভাবিকভাবে কঠিন শুষ্ক মৌসুম দেখা দিতে পারে। এতে খরা ও দাবানলের ঝুঁকি বাড়ছে।

চলতি বছরে দেশজুড়ে এখন পর্যন্ত ১ লাখ ৭ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্য মজুত পর্যাপ্ত রয়েছে।

পূর্ব জাভার ব্রোমো উদ্যানে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর বা ২ হাজার ২০০ একরের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে। এটি ১ হাজার ২০০টির বেশি ফুটবল মাঠের সমান এবং পুরো উদ্যানের প্রায় ২ শতাংশ এলাকা।

স্থানীয় দুর্যোগ কর্মকর্তা সাত্রিয়ো নুরসেনো এএফপিকে বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সব ধরনের ব্যবস্থা নিচ্ছি, যাতে আগুন নেভানো যায় এবং এলাকায় পানি ছিটানো যায়।’

তিনি জানান, ‘আমরা আশা করছি, আজ সব এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এরপর পানি ছিটিয়ে নিশ্চিত করা হবে, যাতে আগুন আবার না ছড়ায়।’

আগুন নিয়ন্ত্রণে প্রায় ২০০ দমকলকর্মী, বনরক্ষী, পুলিশ ও সেনাসদস্যকে সহায়তা প্রদান করছে তিনটি পানি নিক্ষেপকারী হেলিকপ্টার ও ফায়ার ট্রাক।

দুর্যোগ সংস্থা বিএনপির তথ্য অনুযায়ী, ছয়টি প্রদেশে দাবানল মোকাবিলায় ৪৮ হাজারের বেশি কর্মী মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তামন্ত্রী জামারি চানিয়াগো সোমবার বলেন, প্রয়োজন অনুযায়ী কৃত্রিম বৃষ্টির জন্য ইন্দোনেশিয়া ৪৩টি হেলিকপ্টার এবং সর্বোচ্চ ১৫টি নির্দিষ্ট ডানার বিমান মোতায়েন করেছে।

এ প্রক্রিয়ায় বিমান থেকে সিলভার আয়োডাইড ও লবণের মতো কণা ছড়িয়ে বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করা হয়। তবে এর জন্য আকাশে মেঘ থাকা প্রয়োজন।

এল নিনোর সবচেয়ে খারাপ প্রভাব মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। এ অবস্থায় বিএমকেজি জানায়, জুলাই মাসে দেশটির গড় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ২৬ দশমিক ২ ডিগ্রির চেয়ে বেশি।

১৯৯১ সালের পর জুলাই মাসে এটিই সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি।

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুজনিত ঘটনা। এর ফলে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসে।

ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি সাধারণত শুষ্ক আবহাওয়া সৃষ্টি করে।

সর্বশেষ এল নিনোর প্রভাবে ২০২৩ ও ২০২৪ সাল বৈশ্বিকভাবে রেকর্ড অনুযায়ী সবচেয়ে উষ্ণ দুই বছর ছিল।

চলতি বছরে ইন্দোনেশিয়ায় দাবানলে পুড়ে যাওয়া জমির পরিমাণ ২০২৩ সালের তুলনায় দ্বিগুণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাট জেলা হাসপাতালে ভয়াবহ আগুনে ৯টি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


বাগেরহাট জেলা হাসপাতালে ভয়াবহ  আগুনে ৯টি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে

বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালের গেটের সামনে একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আগুনে অ্যাম্বুলেন্সটির পাশেই রাখা ৯টি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সচালক ফরিদুল ইসলাম (৫৫) এবং একজন শিশু।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পুরোনো ভবনের সামনে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী, দুপুরের দিকে হঠাৎ করেই বিকট শব্দে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায়। আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়লে কাছে থাকা মোটরসাইকেলগুলোর মাঝেও আগুন ধরে যায়। মোটরসাইকেলের জ্বালানি তেল থেকে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে এবং একে একে ৯টি মোটরসাইকেল পুড়ে যায়। দগ্ধ অবস্থায় প্রাণ বাঁচাতে অ্যাম্বুলেন্সচালক ফরিদুল ইসলাম হাসপাতালে সামনের পুকুরে ঝাঁপ দেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আগুনের তীব্রতা ও কালো ধোঁয়ায় হাসপাতাল চত্বর সম্পূর্ণরূপে ছেয়ে যায়। ধোঁয়া হাসপাতালের ভবনের ভিতরে প্রবেশ করলে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম জাদু জানান, তার দুটি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। হঠাৎ করে অ্যাম্বুলেন্সে আগুন লেগে যাওয়ায় মোটরসাইকেলগুলো সরিয়ে নেওয়ার সুযোগটুকু পাওয়া যায়নি। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুজ্জামান জানান, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগুন যাতে হাসপাতালের মূল ভবনে ছড়িয়ে না পড়ে, সে কারণে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল বলেন, হাসপাতাল এলাকায় এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তার কথা বিবেচনা করে হাসপাতাল চত্বরে ঝুঁকিপূর্ণ যানবাহন এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থাগুলি নিয়মিত পরীক্ষা করা উচিত।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, পুরোনো ভবনের সামনে দাড়ানো অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধোঁয়া হাসপাতালের ভিতরে প্রবেশ করায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার খবর পাওয়ার পর হাসপাতাল পরিদর্শনে যান বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এবং পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

ঘটনার পর হাসপাতাল প্রাঙ্গণে থাকা পুরোনো অ্যাম্বুলেন্স নিয়েও প্রশ্ন উঠেছে। তাৎক্ষণিকভাবে হাসপাতালের গ্যারেজে রাখা চারটি পুরোনো অ্যাম্বুলেন্স জব্দ করে পুলিশ লাইনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরোনো অ্যাম্বুলেন্সগুলোর অবস্থান ও সেগুলোর গ্যাস সিলিন্ডারের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হবে।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। তদন্তে অ্যাম্বুলেন্সটির যান্ত্রিক ত্রুটি, গ্যাস সিলিন্ডারের অবস্থা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে হাসপাতালের রোগী, স্বজন ও চিকিৎসাসেবায় নিয়োজিতদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%