ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪৭, নতুন ২৬ জন হাসপাতালে ভর্তি


চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪৭, নতুন ২৬ জন হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ ইসমাইল নামের একজন ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। এই ঘটনার ফলে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৭ জনে পৌঁছেছে বলে জানা গেছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইসমাইল মারা যান।

মৃত মোহাম্মদ ইসমাইল (৪২) বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অলি আহমদ বাড়ির মৃত আজম আলীর সন্তান ছিলেন। তিনি নগরীর আন্দরকিল্লা এলাকায় ব্যবসা পরিচালনা করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আরও পড়ুন: কক্সবাজারে সাগর ফাউন্ডেশনের মেধা বৃত্তি পেল ৩০ শিক্ষার্থী

মোহাম্মদ ইসমাইলের স্ত্রী শাহনাজ পারভীন জানিয়েছেন, দুই সপ্তাহ আগে তিনি জ্বরে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করালে তার ডেঙ্গু ধরা পড়ে। বাসায় চিকিৎসা নেওয়ার পর তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন। তবে শনিবার দুপুর ২টার দিকে হঠাৎ তীব্র পেটব্যথা শুরু হলে তাকে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছরে জেলায় মোট ৮ হাজার ৪৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১৬২ জন চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ, ২৫ জন নারী এবং ১২ জন শিশু রয়েছে।

আরও পড়ুন: স্বামী-সন্তানকে হারিয়ে কক্সবাজারে চলে গেলেন তানিয়া সুলতানা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে আনুষ্ঠানিক নিয়োগ পেলেন রাফায়েল নাদাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে আনুষ্ঠানিক নিয়োগ পেলেন রাফায়েল নাদাল

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : শনিবার রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন টেনিসের অবসরপ্রাপ্ত সুপারস্টার রাফায়েল নাদাল, ক্লাবের সাধারণ সভায় নিয়োগ অনুমোদিত হওয়ার পর।

২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ী নাদাল ২০১১ সাল থেকে রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সদস্য হিসেবে পরিচিত। ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তার সম্পর্কও অত্যন্ত ঘনিষ্ঠ।

নাদাল বলেন, ‘আমি সভাপতিকে ধন্যবাদ জানাতে চাই। যখন আমাকে সম্মানসূচক সদস্য করা হয়েছিল, সেটি ছিল আমার জন্য বিশেষ কিছু। আর আজকের এই নিয়োগ সেই পথচলায় আরও এক ধাপ এগিয়ে যাওয়া।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমার কাছে এটি অনেক বড় দায়িত্ব। রিয়াল মাদ্রিদ প্রজন্ম থেকে প্রজন্মে বাবা-মায়ের কাছ থেকে সন্তানের কাছে পৌঁছে যায়- এটি মানুষকে একত্র করে। আর এখন এই সুযোগ পাওয়া আমার জন্য বিশাল প্রাপ্তি।’

সভাপতি পেরেজ বলেন, নাদালের নিয়োগ ভবিষ্যতেও ক্লাবের সাফল্য ধরে রাখতে সহায়তা করবে।

তিনি মন্তব্য করেন, ‘তার অন্তর্ভুক্তি কেবল অসাধারণ একজন ব্যক্তিত্বকে দলে নেওয়া নয়; বরং এর অর্থ হলো, বিশ্বের অন্যতম সেরা কিংবদন্তি আমাদের সঙ্গে ভবিষ্যৎ গড়তে চান।’

‘আমি নিশ্চিত, তার উপস্থিতি আগামী প্রজন্মের জন্য আমাদের কাঙ্খিত রিয়াল মাদ্রিদ গড়ে তোলার কাজ অব্যাহত রাখতে সহায়তা করবে।’

৪০ বছর বয়সী নাদাল তার বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন একক শিরোপা জিতেছেন।

২০২৩ সালে নাদাল বলেছিলেন, একদিন তিনি রিয়াল মাদ্রিদের সভাপতি হতে চান। তবে ওই পদের জন্য তিনি যোগ্য কি না, তা জানেন না বলেও জানিয়েছিলেন।

এ বছর ক্লাবের নির্বাচনের আগে সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে প্রকাশিত খবর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন নাদাল। জুনে নির্বাচনে এনরিক রিকোয়েলমেকে হারিয়ে জয়ী হন পেরেজ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল উদ্বোধন

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে, দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা এবং পর্যটনশিল্পের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল-২০২৬’। এই কার্নিভালটি বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে এবং সৈকত এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। এতে পর্যটকদের জন্য বিনোদন, দেশীয় পণ্যের প্রদর্শনী, শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন ঝাউবাগানে আনুষ্ঠানিকভাবে এ কার্নিভালের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. শামীম আরা স্বপ্না।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম আরা স্বপ্না উল্লেখ করেন, কক্সবাজারে আসা পর্যটকদের একটি বড় অংশ সকালে সমুদ্রসৈকতে সময় কাটিয়ে গোসল ও আনন্দ-উল্লাস করেন। তবে সন্ধ্যা পর্যন্ত সময় কাটানোর জন্য পর্যাপ্ত বিনোদন ও সাংস্কৃতিক আয়োজনের অভাবে অনেক পর্যটক একঘেয়েমিতে ভোগেন। তিনি জানান, তিন মাসব্যাপী এ কার্নিভাল পর্যটকদের সেই সময়টুকু আনন্দময় করে তুলতে সাহায্য করবে।

তিনি আরও বলেন, কার্নিভালে শিশুদের খেলাধুলার ব্যবস্থা, দেশীয় পণ্যের স্টল, রাঙামাটি ও বার্মিজ পণ্য, জামদানি শাড়িসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বই পড়া, আড্ডা ও অবসর কাটানোর সুযোগও থাকবে। এতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উপকৃত হবেন।

সংসদ সদস্য শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারের যে বিপুল পর্যটন সম্ভাবনা রয়েছে, তা আন্তর্জাতিক অঙ্গনে আরও কার্যকরভাবে তুলে ধরতে হবে। কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক আসার সুযোগ বাড়বে। তখন সমুদ্রসৈকতের পাশাপাশি এ ধরনের আয়োজনও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কক্সবাজার একদিন বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে পরিচিতি পাবে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শামীম উজ্জামান বলেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে পর্যটন করপোরেশন কক্সবাজারে সৈকত, উপল, প্রবাল ও লাবণী নামে চারটি ইউনিট পরিচালনা করে আসছে। তবে এসব স্থাপনাকে প্রত্যাশিত পর্যায়ে উন্নীত করা সম্ভব হয়নি। অন্যদিকে, বেসরকারি উদ্যোক্তারা কক্সবাজারে আধুনিক হোটেল-মোটেল ও বিভিন্ন পর্যটনসেবা গড়ে তুলেছেন।

তিনি জানান, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য, পাহাড়-পর্বত, নদ-নদী, বনাঞ্চল, নৃতাত্ত্বিক বৈচিত্র্য, সংস্কৃতি ও খাদ্যশিল্প আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে চায় পর্যটন করপোরেশন। এর মাধ্যমে পর্যটনশিল্পের অবদান বাড়ানোর পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আরও বলেন, ২০২৫ সালে বিশ্ব পর্যটন খাত থেকে আয় হয়েছে ১১ দশমিক ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বৈশ্বিক জিডিপির প্রায় ৯ দশমিক ৮ শতাংশ। এ খাতে সরাসরি কর্মসংস্থানে যুক্ত ছিলেন ৩৬ কোটি ৬০ লাখ মানুষ। অথচ বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র ২ শতাংশ। এই বিশাল সম্ভাবনা কাজে লাগাতে হলে বাংলাদেশের পর্যটন আকর্ষণগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে পর্যটন করপোরেশনের পরিচালক গনিউল আজম বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কক্সবাজারের রয়েছে অসাধারণ সম্ভাবনা। তবে পর্যটন ব্যবস্থাপনায় দীর্ঘদিনের কিছু ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে কক্সবাজারকে প্রতিষ্ঠিত করতে এসব সীমাবদ্ধতা কাটিয়ে বিশ্বমানের পর্যটনসেবা ও ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।

তিনি জানান, এ লক্ষ্য সামনে রেখেই পর্যটন করপোরেশন নতুন এ উদ্যোগ নিয়েছে। সরকারি পর্যায়ে এ ধরনের আয়োজন বাস্তবায়ন সহজ না হলেও পর্যটনশিল্পের বিকাশে সাহস করে কাজ শুরু করা হয়েছে। উদ্যোগটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা থাকলেও সেগুলো ইতিবাচকভাবে বিবেচনা করে আয়োজনকে আরও উন্নত করতে চান তারা।

গনিওল আজম আরও বলেন, প্রাথমিক সাত দিনের পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্নিভালকে আরও গোছানো, আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে তোলা হবে। কক্সবাজারে আগত পর্যটকদের আনন্দ, বিনোদন ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজকদের প্রত্যাশা, তিন মাসব্যাপী এ কার্নিভালের মাধ্যমে কক্সবাজারের পর্যটন কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে। একই সঙ্গে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে এবং পর্যটনকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পর্যটনসংশ্লিষ্ট উদ্যোক্তা, আয়োজক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের কারখানায় অভিযান, দুই আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের কারখানায় অভিযান, দুই আটক

পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে ভেজাল রাশিয়ান মদ তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পাবনা 'খ' ঈশ্বরদী সার্কেলের সদস্যরা।

অভিযানের সময় ওই বাড়ির একটি কক্ষে তল্লাশি চালিয়ে ১০০ লিটার মদ, মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ২০০০ লিটার জাওয়া (মদ তৈরির উপকরণ) উদ্ধার করা হয়।

রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর নতুনহাট এলাকায় অবস্থিত একটি তিনতলা বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

মদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটককৃতদের মধ্যে রয়েছেন- ওই বাড়ির মালিক দিয়াড় সাহাপুর এলাকার উজ্জল হোসেন মালিথা (৪৫) এবং খুলনার খালিশপুর এলাকার জাভিদ জাফর (৫৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা 'খ' ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অবৈধভাবে ভেজাল মদ তৈরি করে আসছিলেন। তারা এসব মদ রাশিয়ান নাগরিক এবং স্থানীয়দের কাছে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তৈরিকৃত মদ, মদ তৈরির সরঞ্জাম ও উপাদান জব্দ করা হয়েছে। পাশাপাশি মদ তৈরির সঙ্গে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা মূলত রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের কাছে বিক্রির টার্গেট করেই এসব ভেজাল মদ তৈরি করে আসছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার কায়সার কামাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি মন্তব্য করেন, শিক্ষকদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় শুধুমাত্র শিক্ষক হিসেবে কাজ করতে হবে। নির্বাচনের দিন ব্যালটের মাধ্যমে রাজনৈতিক মতামত প্রকাশের সুযোগ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়।

রোববার (২২ নভেম্বর) বিকাল ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারজনের মধ্যে চেক ও সেলাইমেশিন বিতরণ উপলক্ষ্যে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

কায়সার কামাল বলেন, অতীতে বিভিন্ন নিয়োগে দলীয় দৃষ্টিভঙ্গির প্রভাব লক্ষ্য করা গেছে। তবে বর্তমানে যারা রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, তাদের বিবেকের ভিত্তিতে কাজ করতে হবে। যারা রাষ্ট্রের অর্থে বেতন-ভাতা পান, তাদের জনগণের সেবা নিশ্চিত করতে হবে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে। রাজনৈতিক বিভাজনের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না।

ডেপুটি স্পিকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষিত হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। মানুষের মধ্যে দেশপ্রেম, ইমান, মানবিকতা এবং অন্যের প্রতি মমত্ববোধ থাকা আবশ্যক। মা-বাবা নিজেদের অনেক চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য চেষ্টা করেন। তাদের এই ত্যাগ তখনই সার্থক হবে, যখন সন্তানরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, কারও বড় অট্টালিকা ও দামি গাড়ি থাকতে পারে, অথচ পাশের বাড়ির কেউ না খেয়ে আছে। রাস্তার পাশে কোনো শিশু অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের সহযোগিতায় এগিয়ে না আসা মানবিকতার পরিচয় নয়। সমাজে এ মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শিশুদের দেখাতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম, ভালোবাসা এবং মমত্ববোধ জাগিয়ে তুলতে হবে।

জুলাই-আগস্টের আন্দোলনে শিশুদের হতাহতের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, অনেক শিশু ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। মানুষের মধ্যে দেশপ্রেম এবং মানবিকতা না থাকলে নাগরিক হিসেবে সুযোগ-সুবিধা ভোগ করলেও দেশের জন্য কিছু করা সম্ভব হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%