ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কিডনি ক্যানসারে আক্রান্ত ইবরার টিপু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে


কিডনি ক্যানসারে আক্রান্ত ইবরার টিপু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু দীর্ঘ সময় ধরে কিডনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। প্রায় দুই বছর ধরে তিনি এই মরণব্যাধির বিরুদ্ধে যুদ্ধ করছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

সম্প্রতি ইবরার টিপু মস্তিষ্কে অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় হাসপাতালে ছিলেন। যদিও পরে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে, তবে তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

এদিকে, জনপ্রিয় গীতিকার কবির বকুল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টে ইবরার টিপুর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ইবরার টিপু এখন ‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে লড়াই করছেন’। কবির বকুল আরও লেখেন, ‘আমার ভাই, আমাদের সবার প্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু খুব অসুস্থ। গত প্রায় দুই বছর ধরে কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে। কিছুদিন আগে তার ব্রেইন সার্জারিও হয়েছে। বেশ অনেক দিন হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় ফিরেছেন।’

ইবরার টিপুর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণার বরাত দিয়ে কবির বকুল জানান, হাসপাতাল থেকে অনেকটা জোর করেই তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। পরিবারের ধারণা, হাসপাতালে তার যথাযথ চিকিৎসা হচ্ছিল না।

কবির বকুল লেখেন, ‘তার স্ত্রী বিন্দু কণা জানালেন হাসপাতাল থেকে অনেকটা জোর করেই বাসায় নিয়ে এসেছেন টিপুকে। কারণ সেখানে তার সঠিক চিকিৎসাটা হচ্ছিল না বলেই পরিবার মনে করেছেন। একটু আগে ভিডিও কলে আমার সহধর্মিণী দিনাত জাহান মুন্নী কথা বলিয়ে দিলেন টিপুর সঙ্গে। তার সঙ্গে শেষ দেখা হয়েছিল এ বছর রোজার ঈদে।’

স্মৃতিচারণা করে কবির বকুল জানান, এ বছরের রোজার ঈদের সময় অসুস্থ শরীর নিয়েই নিউইয়র্কে তাদের বাসায় এসেছিলেন ইবরার টিপু।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে চরম হেনস্তার শিকার ইমন

দীর্ঘ দিন পর ভিডিও কলে কথা বলার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি লেখেন, মারাত্মক অসুস্থ অবস্থাতেও মানুষটির চোখে-মুখে সেই চিরপরিচিত মায়া লেপ্টে আছে। বহু দূরে অবস্থান করায় তার জন্য বিশেষ কিছু করতে না পারার আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, ভেতরের অনুভূতিতে তার বুক ভেঙে আসছে।

ইবরার টিপুর সংগীতজীবনের অবদানের কথা উল্লেখ করে কবির বকুল বলেন, তার সুর ও সংগীতায়োজনে তৈরি হয়েছে বহু জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’।

নিজের সংগীতজীবনে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল বলেও জানান প্রখ্যাত এই গীতিকার।

প্রিয় সহকর্মীর বর্তমান শারীরিক অবস্থা তাকে ব্যথিত করেছে উল্লেখ করে কবির বকুল পোস্টের শেষাংশে লেখেন, ‘আমার সংগীত জীবনে তার সঙ্গে অনেক কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার দেখা একজন মৃদুভাষী, সদাহাস্য সজ্জন মানুষ- হঠাৎ যেন তার পৃথিবী উলটে গেল। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ ভরসা।’

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি কি না?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি কি না?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরনের স্যুট নিয়ে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রে। সম্প্রতি এক সমাবেশে তার পরা স্যুটটি একটি তুলনামূলক কম দামি ব্র্যান্ডের বলে জানা গেছে। তবে বাংলাদেশের মানুষের আগ্রহের কারণ ভিন্ন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্যুটটি সম্ভবত চীন অথবা বাংলাদেশে তৈরি।

প্রতিবেদন অনুযায়ী, নেব্রাস্কা অঙ্গরাজ্যের গ্র্যান্ড আইল্যান্ডে ‘আমেরিকাকে আবার মহান করো’ শীর্ষক সমাবেশে নেভি ব্লু রঙের একটি স্যুট পরে হাজির হয়েছিলেন ট্রাম্প। সেখানে তোলা ছবিতে দেখা যায়, তার স্যুটটি ‘জস. এ. ব্যাংক’ ব্র্যান্ডের। এই ব্র্যান্ডটি তুলনামূলক কম দামের পোশাকের জন্য পরিচিত এবং অধিকাংশ পোশাকই চীন ও বাংলাদেশের মতো এশীয় দেশে তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের মতো একজন ধনকুবেরের পরনে এমন স্যুট দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। ফ্লোরিডার মার-এ-লাগোতে তার বিলাসবহুল ব্যক্তিগত ক্লাব রয়েছে। তিনি নিজের নামে এক লাখ ডলারের ঘড়িও বিক্রি করেন। ফোর্বসের ধনকুবেরদের তালিকায় নিজের অবস্থান নিয়ে তার সম্পদের পরিমাণ বাড়িয়ে দেখানোর অভিযোগও রয়েছে। এসব কারণে অনেকের মতে, ট্রাম্পের কাছে পোশাকের দাম ও আভিজাত্য গুরুত্বপূর্ণ।

রাজনৈতিক দিক থেকেও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার অন্যতম প্রধান বক্তব্য ‘আমেরিকা ফার্স্ট’, অর্থাৎ মার্কিন অর্থনীতি ও দেশের তৈরি পণ্যকে অগ্রাধিকার দেওয়া। অথচ তিনি যে ব্র্যান্ডের স্যুট পরেছেন, সেই ব্র্যান্ডের অধিকাংশ পোশাকই তৈরি হয় যুক্তরাষ্ট্রের বাইরে।

অন্যদিকে, ট্রাম্পের নিজস্ব অনলাইন দোকানে যুক্তরাষ্ট্রে তৈরি একটি টাই বিক্রি হয় ১২৫ ডলারে। এমন পরিস্থিতিতে দেশের প্রেসিডেন্টের পরনে আমদানি করা তুলনামূলক কম দামের স্যুট তার নিজের অর্থনৈতিক ও রাজনৈতিক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়ে আলোচনা করছেন বিশ্লেষকেরা।

তবে ট্রাম্পের এই পোশাক বেছে নেওয়ার পেছনে কোনো পরিকল্পনা ছিল কি না, নাকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার পোশাকের পছন্দে পরিবর্তন এসেছে—তা এখনো স্পষ্ট নয়। স্যুটটি বাংলাদেশে তৈরি কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত: হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত: হুমায়ুন কবির

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বশান্তি রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘকালীন গৌরবোজ্জ্বল ও পেশাদার অভিজ্ঞতার কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালনে সম্পূর্ণ প্রস্তুত।

শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে তিনি এ বক্তব্য দেন।

মক্কা ও মদিনা শরিফের নিরাপত্তা প্রসঙ্গে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরে তিনি বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পক্ষ থেকে কোনো ধরনের আপস করা হবে না। পবিত্র এই ভূমি যদি কখনো আক্রান্ত বা হুমকির সম্মুখীন হয়, তবে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক সহায়তা দিতে ঢাকা সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল ও পেশাদার অভিজ্ঞতা রয়েছে। সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিনিয়োগ। বাংলাদেশে বিনিয়োগের জন্য স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা হয়েছে। সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে শ্রমবাজার। দেশটিতে দক্ষ শ্রমিক পাঠাতে বাংলাদেশ আগ্রহী।

হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস ও আস্থা। বাংলাদেশ অন্য দেশের ওপর নির্ভরশীল হতে চায় না, বরং বিনিয়োগের অংশীদার হতে চায়। দেশে বিনিয়োগের জন্য স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা হয়েছে। এ ক্ষেত্রে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করে ঢাকা।

শান্তি রক্ষায় ভূমিকা রাখার সুযোগ থাকলে মক্কায় যোগ দেয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও জানান তিনি।

এদিকে, আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


সরকারের ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ

সরকার সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ গ্রহণ করেছে, যা কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানী নিশ্চিত করার লক্ষ্যে। এই উদ্যোক্তাদের মধ্যে ৬০ শতাংশ নারী এবং ৪০ শতাংশ পুরুষ অন্তর্ভুক্ত করা হয়েছে। খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সম্ভাবনাময় কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরেমশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের মাধ্যমে দেশের ৬৪ জেলার ২০৮টি উপজেলায় ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের আওতায় কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বীজ, নার্সারি, মাশরুম, ভার্মিকম্পোস্ট, পাটজাত ও দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন উপখাতে উদ্যোক্তা তৈরির পাশাপাশি পাঁচটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের জন্য ভ্যালুচেইনভিত্তিক সংগঠন গড়ে তোলার উদ্যোগও নেয়া হয়েছে। উদ্যোক্তাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ পাওয়া উদ্যোক্তাদের অন দ্যা জব প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও ইনকিউবেশন সাপোর্টের মাধ্যমে পাঁচটি কৃষিপণ্যের প্রক্রিয়াজাত ও রপ্তানি নিশ্চিত করতে কাজ করা হবে। প্রকল্প থেকে পাঁচটি কৃষিপণ্য যেমন— আলু, আম, কাঁঠাল, টমেটো ও সুগন্ধি চালের ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন করা হবে। ইতোমধ্যেই ভ্যালুচেইন প্রমোশনাল বডির নীতিমালা মন্ত্রণালয়ে অনুমোদিত হয়েছে বলে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

প্রশিক্ষিত উদ্যোক্তাদের ম্যাচিং প্রান্ট সহায়তা প্রদান করা হবে। ম্যাচিং প্রান্ট হিসেবে গৃহ পর্যায়ে খাদ্য প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি প্রদান করা হবে। এসব যন্ত্রপাতি ক্রয়ে প্রকল্প হতে ৭০ শতাংশ ভর্তুকি প্রদান করা হবে। বাকি ৩০ শতাংশ উদ্যোক্তারা নিজে বহন করবেন।

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার-ডিএএম অঙ্গের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক বলেন, মাশরুম, নার্সারি, ভার্মিকম্পোস্ট, পাটজাত পণ্য ও দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন কৃষিভিত্তিক খাতে উদ্যোক্তা তৈরির কাজ চলেছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত ৬ হাজার ৮৭৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি বছরে প্রায় ৭ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্য রয়েছে।

ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন, সারাদেশের ৬৪ জেলা ও ২০৮টি উপজেলায় এ কার্যক্রম চলছে। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করার পাশাপাশি তাদের ব্যবসায়িক দক্ষতা, ব্যবস্থাপনা জ্ঞান ও বাজারের সঙ্গে সংযোগ তৈরি করে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ দেওয়ার পর প্রশিক্ষিত উদ্যোক্তাদের ইনকিউবেশন সাপোর্ট প্রদান করা হচ্ছে। তাদের ব্যবসা পরিচালনার জন্য যে সকল বাধা রয়েছে, তা দূর করার প্রক্রিয়া নিয়ে ইনকিউবেশন প্রদানকারী প্রতিষ্ঠান কাজ করছে।

ডিএএমের আওতায় ইতোমধ্যেই বিভিন্ন কৃষিপ্রধান এলাকায় এ ধরনের ৭৬৭টি স্কুল গঠন করা হয়েছে।

এ প্রসঙ্গে ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘যে এলাকায় যে পণ্যের উৎপাদন বেশি, সেখানে সেই পণ্যকে কেন্দ্র করে মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল গড়ে তোলা হচ্ছে। আলুর ক্ষেত্রে ২২৭টি স্কুল করা হয়েছে। এ বছর আরও ৩৩৫টি স্কুল করার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, এসব স্কুলের মাধ্যমে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী, উদ্যোক্তা, হিমাগার মালিক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও অন্যান্য বাজার-অংশীজনকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা হচ্ছে। এর ফলে নির্দিষ্ট কৃষিপণ্যের পুরো বাজারব্যবস্থার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করা সহজ হবে।

উদ্যোক্তাদের দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কান্ডারি উল্লেখ করে পার্টনার প্রকল্পের কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ বলেন, উদ্যোক্তারা শুধু নিজে স্বাবলম্বী হন না, তারা সমাজের আরও দশজনকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দেন। বিশ্ব অর্থনীতিতে সম্মানের আসনে অধিষ্ঠিত হতে হলে বাংলাদেশের উদ্যোক্তাদেরও বিভিন্ন নতুন নতুন ধ্যান-ধারণা নিয়ে কাজ করে সেগুলোর সঠিক বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে কৃষি উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষিকে আধুনিক ও সম্মানজনক পেশায় পরিণত করা সম্ভব হবে। প্রশিক্ষণ নেয়া উদ্যোক্তারা তাদের প্রাণচাঞ্চল্য, কর্মস্পৃহা ও জীবনী শক্তি দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবেন।

কৃষি বিপণন অধিদপ্তরের ১২ দিনের প্রশিক্ষণ নিয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক দক্ষতা অর্জন করেছেন গাজীপুরের তামিমা আক্তার ন্যান্সি। জেলার সদর থানার পিরুজালী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের ন্যান্সী পড়ালেখার পাশাপাশি নিজের উদ্যোগে কিছু করার তাগিদ অনুভব করেন।

অল্প সময়ের মধ্যেই শুরু করেন কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, এতে সফলতা ও প্রশংসা পেয়ে জ্যাম, জেলি, আচার, কাঁঠাল ও মাছের চিপস তৈরি করে স্থানীয় বাজারে স্বল্প পরিসরে বিক্রি শুরু করেন। শুরুতে ন্যান্সির সঠিকভাবে পণ্য উৎপাদন, নির্বাচন ও সংরক্ষণে কিছু সমস্যা হলেও, পরে প্রশিক্ষণ নিয়ে তার উৎসাহ আরও বেড়ে যায়।

গাজীপুর কৃষি বিপণন কর্মকর্তার সহযোগিতায় ট্রেড লাইসেন্স ও স্বাস্থ্য সনদসহ প্রয়োজনীয় সব লাইসেন্স সংগ্রহ করেন ন্যান্সী।

তার প্রতিষ্ঠিত ‘ন্যান্সি অ্যাগ্রো অ্যান্ড ফুড’—এ বর্তমানে চারজন কাজ করছেন।

শুধু ন্যান্সিই নন, উদ্যমী ও তরুণদের আয়বর্ধন কাজে নিয়োজিত করতে দেশব্যাপী উদ্যোক্তা তৈরি করার এই উদ্যোগ নিয়েছে সরকার।

কৃষিখাতের সাথে সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করেন, কৃষি খাত দেশের সম্ভাবনাময় খাত। কিন্তু এ খাতে বাস্তবধর্মী ও ব্যাপকভিত্তিক পরিকল্পনার অভাব, কাঙ্ক্ষিত আধুনিকায়ন না হওয়া এবং নতুন উদ্যোক্তা গড়ে না ওঠায় পিছিয়ে পড়ে কৃষি খাত। অথচ খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কর্মসংস্থানের পাশাপাশি দেশের রপ্তানি বাড়াতেও ব্যাপক ভূমিকা রাখতে পারে কৃষি খাত। আর এরই অংশ হিসেবে বর্তমান সরকার উদ্যোক্তা তৈরীর এমন উদ্যোগ নিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি শিগগিরই ঘোষণা হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি শিগগিরই ঘোষণা হতে পারে

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি শিগগিরই ঘোষণা হতে পারে। ইতোমধ্যে দলের ভেতরে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, নতুন কমিটিতে তরুণ ও অভিজ্ঞ নেতাদের পাশাপাশি আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং তুলনামূলক ‘ক্লিন ইমেজের’ নেতাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।

সভাপতি বা আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তার দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ এবং দলের কঠিন সময়ে পাশে থাকার অভিজ্ঞতা সামনে রেখে মহানগরী উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে তার নেতৃত্বকে নতুন করে মূল্যায়ন করার কথা ভাবছে বিএনপি। এর আগে তিনি জাতীয়তাবাদী যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সভাপতি পদে আরও আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হিসেবে তিনি এফ রহমান হলের নির্বাচিত ভিপি ছিলেন। বিগত ১৭ বছর তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। মহানগর জুড়ে তার ‘ক্লিন ইমেজের’ নেতা হিসেবে খ্যাতি রয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান এবং ডিএনসিসির বর্তমান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনও সভাপতি পদে আলোচনায় রয়েছেন।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক কমিশনার আনারুজ্জামান আনোয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী ইউসুফ এবং সাবেক দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অভ্যন্তরীণ কোন্দল এবং সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে যুবদল ও ছাত্রদলের স্থানীয় শাখার কমিটিও বিলুপ্ত করা হয় এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়।

নতুন কমিটি ঘোষণার মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপিতে সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে শৃঙ্খলা ও কার্যক্রমে গতি ফেরানোর চেষ্টা করা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে দলটি সাংগঠনিকভাবে কার্যকর নেতৃত্বকে গুরুত্ব দিতে পারে বলে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। বিশেষ করে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক সক্ষমতা এবং অপেক্ষাকৃত পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ বিষয়ে বলেন, ‘ঢাকা মহানগর উত্তর বিএনপিকে আরও শক্তিশালী, গতিশীল ও শৃঙ্খলাবদ্ধ করতে নতুন কমিটি ঘোষণা করা হবে। রাজনৈতিক সংগঠনে পুনর্গঠন একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া। নতুন কমিটিতে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে আমি আশাবাদী।’

তবে আলোচনায় থাকা নামগুলো এখনো সম্ভাব্য হিসেবেই রয়েছে; বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সভাপতি বা সাধারণ সম্পাদক পদে কারও নিয়োগ নিশ্চিত নয়। দলটির বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন কমিটি অতি শিগগিরই ঘোষণা করার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%