রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৩০ পি.এম
কুমিল্লায় কিশোর অপ্রতিমের হত্যার বিচার দাবি করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের সময় শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে, সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং সকাল ১১টায় গন্ধমতিতে দ্বিতীয় জানাজা সম্পন্ন করে অপ্রতিমকে সেখানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে চতুর্থ শ্রেণির, কারণ ভালোবাসার মানুষকে বিয়ে করতে না পারা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত রিমা আক্তার (১৪) আন্ধারুপাড়া গ্রামের মৃত রিপন মিয়ার কন্যা। রিমার বাবা ছোটবেলায় মারা যাওয়ার পর মা জহুরা বেগম তিন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। তিন বোনের মধ্যে রিমা ছিল দ্বিতীয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রিমা একটি ব্র্যাক স্কুলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। সম্প্রতি তার বিয়ের জন্য পরিবারের মধ্যে আলোচনা চলছিল। তবে রিমা বিয়েতে রাজি ছিল না। পরিবারের সদস্যদের দাবি, সে প্রতিবেশী এক তরুণকে পছন্দ করত। রিমার আত্মহত্যার কারণ হিসেবে একটি চিরকুটে উল্লেখ করা হয়েছে যে, সে ওই তরুণকে বিয়ে করতে পারেনি।
চিরকুটে রিমা লেখে, ‘মা-তুমি আরে মাফ কইরা দিও। আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি চাইলে পালিয়ে যেতে পারতাম। কিন্তু তোমার মাথা ধরে যে আমি তোওবা কাটছি। তুমার কিছু হইলো তো আমারে কেউ ছাড়বো না, আমি মরলে কারো কিছু হয়তো না। মা-তুমি শুধু ভাবলা সম্পতির কথা, ভালো সংসার আর টাকা। কিন্তু মা-তুমি কি একবারও ভাবছিলা আমি তারে পাইলে সুখ পাবো।’
তিনি আরও লেখেন, ‘হাজারো দুঃখ-কষ্টে থাকলেও আমি শান্তি পাইতাম। কারণ তারে যে আমি ভালোবাসি। তারে ছাড়া যদি তুমরা অন্য কারো সাথে বিয়ে দিতা, সত্যি কইতাছি মরার মতো বাঁচতাম। আমারে মাফ কইরা দিও। এখানে কারো দোষ নাই। তাও যদি তুমরা তারে অপরাধী হিসাবে দোষ দেও তাইলে আমি মইরা গেলেও শান্তি পাইতাম না। ইতি, তোমার কপাল পোড়া রিমা।’
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে রিমার মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব এন.এস. (আইইউসানস)-এর উপদেষ্টা অধ্যাপক ড. এম. আবু জাফর খান শনিবার (১৯ সেপ্টেম্বর) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউসানসের সভাপতি আসাদুল্লাহ আল গালিব, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাকিব, দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আবু জাফর খান শুভেচ্ছা বিনিময়কালে আইইউসানসের উত্তরোত্তর সাফল্য, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কামনা করেন। তিনি সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানান যে, তারা শিক্ষা, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করে দেশ, জাতি ও সমাজের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবেন।
আইইউসানসের সভাপতি আসাদুল্লাহ আল গালিব মন্তব্য করেন, অধ্যাপক ড. এম. আবু জাফর খান স্যার ঝালকাঠি এন. এস. কামিল মাদরাসার একজন কৃতী শিক্ষার্থী হিসেবে নিজ মেধা, প্রজ্ঞা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে আজ দেশের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছেন। এই অর্জন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, "তাঁর আদর্শ ও কর্মময় পথ অনুসরণ করে আমরাও দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিবেদিত করতে চাই।"
আইইউসানসের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আবু জাফর খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে মো. হুমায়ুন কবির ডিউক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মজুমদারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা।
গ্রেপ্তার হওয়া হুমায়ুন কবির ডিউক শান্তিরাম ইউনিয়নের একজন বাসিন্দা। পুলিশ জানায়, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের বিষয়টি নজরে আসার পর তথ্য সংগ্রহ করে তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হুমায়ুন কবির ডিউকের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক একটি মন্তব্য পোস্ট করা হয়। পোস্টটি ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হুমায়ুন কবির ডিউককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সুন্দরগঞ্জ থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, হুমায়ুন কবির ডিউককে আত্মগোপনে যেতে সহযোগিতা করার অভিযোগে শান্তিরাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু সাঈদ খায়রুল আলম সবুজকে দলীয় পদ ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘ক্যাম্পাস টু করপোরেট সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে, যা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও বাস্তব কর্মজগতের মধ্যে সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যে আয়োজন করা হয়। একই সময়ে, শিক্ষার্থীদের ক্যারিয়ারভিত্তিক দিকনির্দেশনা ও পেশাগত উন্নয়নে সহযোগিতা বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এসটিসি অডিটোরিয়ামে ডিআইইউ বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ‘ক্যাম্পাস ও করপোরেটের মধ্যকার দূরত্ব কমানো’ এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ১৮০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেমিনারে করপোরেট জগতের বাস্তবতা, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, ক্যারিয়ার প্রস্তুতি ও পেশাগত উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন শিল্পখাতের অভিজ্ঞ ব্যক্তিরা।
বক্তাদের মধ্যে ছিলেন বেটোপিয়া গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম, জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের কান্ট্রি হেড মো. ইফতেখাইরুল আলম শেহাব, ড্যাফোডিল গ্রুপের গ্লোবাল হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং ও এআই বিজনেস হেড পলাশ আহমেদ এবং স্কিল জবসের আইটুআই প্রোগ্রামের প্রধান মো. মামুনুর রশিদ।
অনুষ্ঠানে ডিআইইউর ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান বুশরা ফেরদৌসসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্যারিয়ার নির্দেশনা, শেখার সুযোগ এবং পেশাগত উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতার পথ তৈরি হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
ডিআইইউ বিজনেস ক্লাবের সভাপতি শেখ সোয়েব জানান, আজকের আয়োজনটি তাদের জন্য অত্যন্ত আনন্দের ও অর্থবহ একটি উদ্যোগ। ‘ক্যাম্পাস টু করপোরেট সেমিনার ২০২৬’-এ ১৮০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ এ ধরনের ক্যারিয়ারভিত্তিক উদ্যোগের প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে তুলে ধরে।
তিনি আরও বলেন, ডিআইইউ বিজনেস ক্লাব সবসময়ই শিক্ষার্থীদের ক্যারিয়ার নির্দেশনা, দক্ষতা উন্নয়ন এবং বাস্তব কর্মজগতের সঙ্গে পরিচিত করার জন্য বিভিন্ন সেমিনার, কর্মশালা ও ইন্ডাস্ট্রি এক্সপোজারের আয়োজন করে আসছে। আজকের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অভিজ্ঞ শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে করপোরেট জগতের প্রয়োজনীয়তা ও নিজেদের প্রস্তুত করার বিষয়ে বাস্তব দিকনির্দেশনা পেয়েছে।
এমওইউ স্বাক্ষরের বিষয়ে শেখ সোয়েব জানান, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও নিয়মিত ও কার্যকর ক্যারিয়ারভিত্তিক নির্দেশনা নিশ্চিত করার লক্ষ্যে তারা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। তিনি বিশ্বাস করেন, এই সহযোগিতা শিক্ষার্থীদের জন্য আরও বেশি শেখার সুযোগ, ক্যারিয়ার নির্দেশনা এবং পেশাগত উন্নয়নের পথ তৈরি করবে।
তিনি আরও বলেন, ডিআইইউ বিজনেস ক্লাব ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজনকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ