রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:২৮ পি.এম
পটুয়াখালীর মহিপুরে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে মেহেদী হাসান ফারুক, যিনি ছাত্রদল নেতার পদে রয়েছেন, তাকে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে কলাপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব ফাহিম, রাশেদসহ কয়েকজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ফারুক বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মহিপুর বাজার থেকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ফারুককে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। স্থানীয়দের দাবি, তাদের হাতে ওয়াকিটকি ছিল। পরে তাকে কলাপাড়ার একটি হোটেলের পূর্ব পাশে নির্জন স্থানে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, একটি বিয়েতে সাক্ষী হওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ফারুককে তুলে নিয়ে মারধর করা হয়েছে।
মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল জানান, ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তিনি জানতে পারেন, ডিবি পুলিশ পরিচয়ে তার সহযোদ্ধা ফারুককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রাত ১টার দিকে কলাপাড়ার রুবান হোটেলের পাশ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অভিযোগের বিষয়ে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম বলেন, "মারধরের বিষয়টি আমি জানি। তবে ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে ফাঁসানো হয়েছে।" অভিযুক্ত মাসুদ রানাও ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওয়াকিটকি হাতে এক ব্যক্তির সঙ্গে তাকে দেখা গেছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি তুষার বলেন, "ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ বিষয়টি দেখেছি। ১৭ সেপ্টেম্বর আমি পারিবারিক কাজে চট্টগ্রামে ছিলাম। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।"
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, এ ঘটনায় তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনার সত্যতা অনুসন্ধানে কার্যক্রম চলমান রয়েছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। পুলিশি তদন্তে ঘটনার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ডিবি পরিচয় ব্যবহারের বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ৬ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: ফ্রন্ট ডেস্ক অফিসার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/ইংরেজিতে বিএ
অন্যান্য যোগ্যতা হিসেবে প্রার্থীদের ইংরেজি ও বাংলা উভয় ভাষায় যোগাযোগের ক্ষেত্রে শক্তিশালী দক্ষতা থাকতে হবে। এছাড়া, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন যেমন—ওয়ার্ড, এক্সেল ও আউটলুক ব্যবহারে দক্ষতা প্রয়োজন।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে টি/এ, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, মুনাফার অংশ, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আয়ারল্যান্ড সিদ্ধান্ত নিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে নেশনস লিগের ম্যাচ বয়কট না করে মাঠে নামবে। তবে, গাজা যুদ্ধে নিহতদের স্মরণে আইরিশ ফুটবলাররা ম্যাচে কালো আর্মব্যান্ড পরিধান করবেন। পাশাপাশি, ম্যাচ-পূর্ববর্তী কিছু আনুষ্ঠানিকতা এড়িয়ে যাবে দলটি।
ইসরায়েল ও আয়ারল্যান্ড একই গ্রুপে নেশনস লিগে পড়ার পর থেকে আয়ারল্যান্ডে ম্যাচ বয়কটের দাবি জোরালো হয়ে ওঠে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে দেশে চলমান বিতর্ক ফুটবলেও প্রভাব ফেলে। ‘স্টপ দ্য গেম’ নামে একটি প্রচারণা শুরু হয়, যা ম্যাচ দুটি না খেলার দাবিতে পরিচালিত হয়।
শনিবার সকাল পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অনিশ্চয়তা ছিল। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। দলের ট্রেনিং সেশনেও বিলম্ব দেখা দেয়।
এরপর, হোটেলে খেলোয়াড়রা নিজেদের মধ্যে আলোচনা করেন। ম্যাচ খেলার বিষয়ে দলের মধ্যে উদ্বেগ থাকায় গোলকিপার গাভিন বাজুনু নিজেকে সরিয়ে নেন। পরে খেলোয়াড়দের ভোটাভুটির মাধ্যমে ম্যাচটি খেলার সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে, ম্যাচটি খেললেও আয়ারল্যান্ড তাদের অবস্থান স্পষ্ট রাখছে। হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরিধান করবেন আইরিশ খেলোয়াড়রা।
ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) প্রধান নির্বাহী ডেভিড কোরেল বিষয়টি নিশ্চিত করেছেন। দেরিতে শুরু হওয়া সংবাদ সম্মেলনে তিনি বলেন, খেলোয়াড়দের অন্যতম অনুরোধ ছিল, চলতি আন্তর্জাতিক বিরতিতে বাকি সময়ে তারা গণমাধ্যমের কার্যক্রমে অংশ নেবেন না। একই সঙ্গে গাজা সংঘাতে নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোরেল আরও জানান, রিপাবলিক অব আয়ারল্যান্ড ম্যাচ-পূর্ববর্তী কিছু আনুষ্ঠানিকতায় অংশ নেবে না। খেলোয়াড়দের ইচ্ছা অনুযায়ী, ইসরায়েলের বিপক্ষে দুই ম্যাচের ফি এবং বৃহস্পতিবার ডাবলিনের আভিভা স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া অর্থের একটি উল্লেখযোগ্য অংশ দাতব্য কাজে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অর্থাৎ, বয়কটের পরিবর্তে মাঠে নামলেও আয়ারল্যান্ড ম্যাচটিকে গাজায় নিহতদের প্রতি সংহতি প্রকাশের একটি বার্তা হিসেবে ব্যবহার করতে চায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ চীনের ইউনান প্রদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কৃষি, জ্বালানি, প্রযুক্তি এবং আঞ্চলিক যোগাযোগে সহযোগিতা জোরদারের জন্য একগুচ্ছ প্রস্তাব দিয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, চট্টগ্রাম-মিয়ানমার হয়ে ইউনানের রাজধানী কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা, বাংলাদেশি পণ্যের জন্য ইউনানে বন্ডেড ওয়্যারহাউস ও প্রদর্শনী সুবিধা দ্রুত চালু করা এবং সরাসরি কার্গো বিমান যোগাযোগ সম্প্রসারণের প্রস্তাব।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা সফররত চীনের ইউনান প্রদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব প্রস্তাব উপস্থাপন করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনানের এক্সিকিউটিভ ভাইস গভর্নর ঝাও জুনমিন।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটারের কার্যকর সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা হলে দুই অঞ্চলের মধ্যে পণ্য পরিবহনের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি বলেন, "প্রায় ২৪ ঘণ্টার মধ্যে পণ্য পরিবহনের সুযোগ তৈরি হলে বাংলাদেশ, মিয়ানমার ও দক্ষিণ-পশ্চিম চীনের মধ্যে আঞ্চলিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা আরও গতিশীল হবে।"
ইউনানকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভৌগোলিক নৈকট্য কাজে লাগিয়ে এ প্রদেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। ইউনানের প্রায় ৪ কোটি ৬৪ লাখ মানুষের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ করতে প্রস্তাবিত বিনামূল্যের বন্ডেড ওয়্যারহাউস ও প্রদর্শনী সুবিধা দ্রুত কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে দুই অঞ্চলের বাণিজ্য সম্প্রসারণের সাম্প্রতিক চিত্র তুলে ধরা হয়। এতে জানানো হয়, ২০২৫ সালে ইউনান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে।
ইউনানের এক্সিকিউটিভ ভাইস গভর্নর ঝাও জুনমিন বলেন, "দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম ইউনানের বিশেষ বাণিজ্য সুবিধা নীতির আওতায় এসেছে।" তিনি জানান, এর আওতায় বাংলাদেশি পণ্যের জন্য বন্ডেড ওয়্যারহাউস, প্রদর্শনী কেন্দ্র ও শুল্কসংক্রান্ত বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এসব সুবিধা দ্রুত কার্যকর হবে।
তিনি আরও বলেন, ইউনানের বাণিজ্য বিভাগ ও বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় বাংলাদেশি পণ্য প্রদর্শনের জন্য ইউনানে স্থান নির্বাচন করা হয়েছে। এ সুবিধা কাজে লাগাতে বাংলাদেশি উদ্যোক্তাদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ ও ইউনানের মধ্যে সরাসরি কার্গো বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়। বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ, ফলসহ বিভিন্ন কৃষিপণ্য ইউনানে রপ্তানি এবং ইউনান থেকে ফুল, সার ও পশুখাদ্য আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সাথে সরাসরি কার্গো বিমান যোগাযোগ স্থাপন করা গেলে দ্রুত পচনশীল কৃষিপণ্যের বাণিজ্যে নতুন সুযোগ তৈরি হতে পারে বলে বৈঠকে মত দেওয়া হয়।
বাংলাদেশের পাটের গুণগত মান ও উৎপাদনশীলতা বাড়াতে ইউনানের সাথে যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন বাণিজ্যমন্ত্রী। কৃষি খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি দুই অঞ্চলের কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
জ্বালানি, ই-কমার্স ও প্রযুক্তি খাতে বাংলাদেশ ও ইউনানের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রস্তাবও দেন বাণিজ্যমন্ত্রী। এসব খাতে যৌথ উদ্যোগ ও বিনিয়োগের মাধ্যমে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও সম্প্রসারণের আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বিশেষ করে ইউনানের নারী উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের আমন্ত্রণ জানান।
সিলেটের পুরনো কারাগারের জায়গায় পার্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি কুনমিংয়ের আধুনিক পার্কগুলোর আদলে সিলেটে একটি আধুনিক পার্ক গড়ে তুলতে ইউনান কর্তৃপক্ষের সহযোগিতা চান।
ঝাও জুনমিন বাংলাদেশের প্রস্তাবগুলোকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি ও অন্যান্য সম্ভাবনাময় খাতে দুই পক্ষের সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাণিজ্য মন্ত্রণালয় ও চীন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রাণ গ্রুপ জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: এমটিও-এইচআর
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট, হিউমান রিসোর্সে ম্যানেজমেন্টে বিবিএ
অন্যন্য যোগ্যতার মধ্যে রয়েছে এমএস অফিস (এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড) ব্যবহারে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ২৭ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ২৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ