ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী


পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের মাত্র এক বছর পর ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো এর পদত্যাগপত্র অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন প্রধানমন্ত্রীর নাম এখনও ঘোষণা করেননি, ফলে মন্ত্রিসভার এই পরিবর্তনের উদ্দেশ্য সম্পর্কে বিরোধী আইনপ্রণেতারা প্রশ্ন তুলেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) পার্লামেন্টে ৪০ বছর বয়সী অর্থনীতিবিদ ইউলিয়া সিভিরিদেঙ্কোর পদত্যাগপত্র গ্রহণের প্রস্তাব পাস হয়েছে। তবে নতুন প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এই কারণে পরিবর্তনের লক্ষ্য কী, তা স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন বেশ কিছু আইনপ্রণেতা।

বিদায়ী ভাষণে ইউলিয়া সিভিরিদেঙ্কো বলেন, চলতি বছরের প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপের দাবিদার। তিনি তাঁর প্রতি সমর্থন ও আস্থা প্রদানের জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো উল্লেখ করেন, "আপনারা জানেন, আমি সব সময়ই বিশ্বাস করেছি— সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফলাফল।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সাদা পোশাক পরে পার্লামেন্টে দেওয়া ওই ভাষণে তিনি জানান, নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শীতকাল মোকাবিলা করা। এটি অত্যন্ত জরুরী, কারণ ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ও গ্যাস অবকাঠামোর ওপর রাশিয়ার হামলা ক্রমশ বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

বিরোধী আইনপ্রণেতা ওলেক্সি হনচারেঙ্কো বলেন, সরকারকে কেন বিদায় দেওয়া হচ্ছে, তা সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে পারছে না কেউ। আরেক বিরোধী আইনপ্রণেতা কিরা রুদিক মন্তব্য করেন, নতুন সরকার পূর্ববর্তী সরকারের চেয়ে খুব বেশি ভিন্নভাবে কাজ করবে বলে তাঁর আশা নেই।

এই সময় ইউক্রেনে দুর্নীতির অভিযোগ উঠেছে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে, যদিও ইউলিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সমালোচকরা বলছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট কঠোর ব্যবস্থা নেননি।

বিরোধী দল হলোসের আইনপ্রণেতা ইয়ারোস্লভ ঝেলেজনিয়াক বিদায়ী সরকারের সমালোচনা করে বলেন, "আমাদের প্রতিদিন ফলাফলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার সেই প্রতিশ্রুতি রেখেছে— প্রতিদিন উপস্থাপনা, প্রতিদিন সম্মেলন এবং প্রতিদিন দুর্নীতির মামলায় নতুন একজন সন্দেহভাজনের নাম।"

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

আইনপ্রণেতাদের ধারণা, রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি নাফতোগ্যাসের প্রধান সেরহি কোরেৎসকিই নতুন প্রধানমন্ত্রী হতে পারেন। এ বিষয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিসভা পুনর্গঠনের ঘোষণা দেওয়ার পর জেলেনস্কি কোরেৎসকি এবং প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভের সঙ্গে বৈঠক করেন। ফেদোরভকে সরানো হলে সেটি একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হবে, কারণ চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়ানোর কৌশলে কিয়েভ জোর দিচ্ছে।

অন্যদিকে, ইউক্রেনের প্রধানমন্ত্রী মূলত অভ্যন্তরীণ নীতিনির্ধারণের দায়িত্বে থাকেন। যুদ্ধকালীন অর্থনীতি পরিচালনা, রুশ হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন এবং পশ্চিমা দাতাদের চাওয়া অর্থনৈতিক সংস্কার এগিয়ে নেওয়া তার দায়িত্বের মধ্যে পড়ে।

ইউলিয়া সরকারের মেয়াদকালে, ইউক্রেনকে কঠিন শীত মোকাবেলা করতে হয়েছে। রাশিয়ার ধারাবাহিক হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও সরকার সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ ও তাপের ব্যবস্থা সচল রাখার চেষ্টা করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে জটিল সম্পর্কও সামাল দিতে হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের লক্ষ্যে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করেছে ইউক্রেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

যুদ্ধ চলাকালে নির্বাচন নিষিদ্ধ রাখায় রাজনৈতিক পরিবর্তনের বার্তা দেওয়ার জন্য জেলেনস্কির হাতে মন্ত্রিসভা পুনর্গঠন কার্যত প্রধান উপায় হয়ে দাঁড়িয়েছে।

কিয়েভভিত্তিক ইউরোপিয়ান পলিসি ইনস্টিটিউটের নীতিবিষয়ক ফেলো লেসিয়া বিদোচকোর মতে, এ ধরনের রদবদল দেখিয়ে দেয় প্রেসিডেন্টকে কেন্দ্র করে অতিমাত্রায় কেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থার সীমাবদ্ধতা। যেহেতু যুদ্ধের শুরুতে এটি কার্যকর ছিল, এখন এর কার্যকারিতা ক্রমেই কমে আসছে।

তিনি বলেন, ‘এই রদবদলের আসল পরীক্ষা হবে, জেলেনস্কি নতুন মন্ত্রী নিয়োগ দেন কি না; বরং তাদের কার্যকরভাবে কাজ করার জন্য তিনি যথেষ্ট ক্ষমতা অর্পণ করতে প্রস্তুত কি না।’

এর আগে বিভিন্ন মন্ত্রিসভা পুনর্গঠনে জেলেনস্কি একই ব্যক্তিদের ভিন্ন ভিন্ন পদে দায়িত্ব দিয়েছেন। যেমন ইউলিয়ার পূর্বসূরি ড্যানিস শিমহাল এক বছর আগে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর প্রথমে প্রতিরক্ষামন্ত্রী এবং পরে জ্বালানিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরএফএল গ্রুপ চাকরি দিচ্ছে, খাবারসহ আবাসন সুবিধা রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৫ এম


আরএফএল গ্রুপ চাকরি দিচ্ছে, খাবারসহ আবাসন সুবিধা রয়েছে

আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিরা আগামী ১১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: এমটিও-কস্ট অ্যাকাউন্টস। এই পদের জন্য লোকবল নিয়োগ করা হবে ১৫ জন।

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমে বিবিএ/এমবিএ।

অন্যত্র যোগ্যতা: মাইক্রোসফট এক্সেলে দক্ষতা আবশ্যক। এছাড়া ইআরপি (ERP) সিস্টেম সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর অভিজ্ঞতা। তবে যাদের অভিজ্ঞতা নেই, তারাও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: অফিস। প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

কর্মস্থল: রাজশাহী। বেতন: আলোচনা সাপেক্ষে হবে।

অন্যান্য সুবিধাসমূহ: ৬ মাস প্রবেশন বা শিক্ষানবিশকাল শেষে কর্মদক্ষতার ভিত্তিতে বেতন পর্যালোচনা, আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড। দুপুরের ও রাতের খাবারের সুবিধা থাকবে, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে পণ্য কেনার সুবিধা বহির্ভূত ছাড়সহ বাকিতে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় দেখা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:০৪ এম


রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় দেখা যাবে

রাস্তার ধারে যেখানে-সেখানে প্রস্রাব, থুতু বা পানের পিক ফেলা রোধে দীর্ঘদিন ধরেই চলছে প্রচার-প্রচারণা, জরিমানাসহ নানা ধরনের অভিযান।

কিন্তু এসবের পরও কাঙ্ক্ষিত ফল পাওয়া না মেলায় এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া পৌরসভা বোর্ড।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বড় ডিজিটাল স্ক্রিন স্থাপন করা হয়েছে। শহরজুড়ে থাকা সিসিটিভি ক্যামেরায় যদি কেউ রাস্তার ধারে বা দেয়ালের পাশে প্রস্রাব করতে ধরা পড়েন, তাহলে সেই দৃশ্য সরাসরি ওই বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে। অর্থাৎ, ওই ব্যক্তিকে শহরের সাধারণ মানুষ প্রকাশ্যেই দেখতে পাচ্ছেন।

পৌরসভার এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে 'Hall of Shame'। কর্তৃপক্ষের আশা, প্রকাশ্যে লজ্জিত হওয়ার ভয়ে মানুষ এমন অসচেতন ও অস্বাস্থ্যকর আচরণ থেকে বিরত থাকবে এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে আরও সচেতন হবে।

এই পদক্ষেপকে অনেকেই অভিনব ও কার্যকর উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন। তাদের মতে, শুধুমাত্র জরিমানা করে যখন কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি, তখন সামাজিকভাবে জবাবদিহি তৈরি করতে এমন ব্যবস্থা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তবে উদ্যোগটি নিয়ে সমালোচনাও রয়েছে। কিছু নাগরিক ও অধিকারকর্মী ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক অধিকারের বিষয়টি সামনে এনে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এ ধরনের প্রকাশ্য প্রদর্শন ব্যক্তির গোপনীয়তার অধিকার লঙ্ঘন করতে পারে।

এখন দেখার বিষয়, তিনসুকিয়া পৌরসভার এই ব্যতিক্রমী উদ্যোগ শহরে রাস্তার ধারে প্রস্রাব করার প্রবণতা কমাতে কতটা সফল হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্ডানে মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:০৮ এম


জর্ডানে মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের এফ-১৮ যুদ্ধবিমান, সেনাদের আবাসন ভবন এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণের হ্যাঙ্গারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক অভিযানের ঘোষণা করেছে। এর ফলে হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) ভোরে তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরান যেটি দাবি করেছে, এটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ এবং জর্ডানে এটি ছিল সপ্তম দফার হামলা।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা সতর্ক করে বলেছে যে, ইরানের স্থলভাগ, আকাশসীমা কিংবা সমুদ্রসীমায় যেকোনো ধরনের হামলার পাল্টা জবাব দেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরান ‘সায়েকেহ’ অভিযানের অষ্টম ধাপ শুরু করেছে। এর অংশ হিসেবে অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন করে বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, আল-আজরাক বিমানঘাঁটিতে এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান এবং সামরিক সরঞ্জাম রাখার হ্যাঙ্গারে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেহরান।

কিন্তু এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

অন্যদিকে, ইরানের বিভিন্ন গণমাধ্যম দেশটির অন্তত সাতটি স্থানে নতুন করে বিস্ফোরণের খবর দিয়েছে। এসব বিস্ফোরণের ঘটনা ঘটে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে নতুন দফার হামলার ঘোষণা দিয়েছে। সেন্টকমের দাবি, এসব অভিযানের লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল করা। পাশাপাশি মঙ্গলবার দিবাগত রাত থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় নৌ অবরোধ পুনরায় কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সংঘাত প্রশমন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক হলেও, উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক অভিযান এখনও অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বহুল আলোচিত নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে আজ বুধবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:১৪ এম


বহুল আলোচিত নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে আজ বুধবার

বহুল আলোচিত নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে আজ বুধবার বৈঠকে বসছে পুনর্গঠিত সচিব কমিটি।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকেই সচিব কমিটির প্রস্তাবিত সুপারিশমালা চূড়ান্ত অনুমোদন পেতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১০০ ভাগ এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪০ ভাগ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

কোনো কারণে যদি আজ এটি চূড়ান্ত করা সম্ভব না হয়, তবে পরবর্তী বৈঠকে তা চূড়ান্ত করে সরাসরি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো হবে।

নবম পে-স্কেল বাস্তবায়নের পথে নানা ধরনের জটিলতায় এর গেজেট প্রকাশ পিছিয়ে যাচ্ছে। যদিও সরকারি ঘোষণা অনুযায়ী জুলাই থেকেই এটি বাস্তবায়ন হবে। বেতন কমিশনের সুপারিশ, সরকারের সীমিত আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্টের প্রভাব এবং ভাতা কাঠামো-সবকিছু সমন্বয় করতে গিয়েই জটিলতা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে সব গ্রেডে প্রায় একই হারে বার্ষিক বেতন বৃদ্ধি দেওয়ার পদ্ধতি থেকে সরে আসছে সরকার। নতুন কাঠামোতে তুলনামূলকভাবে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বেশি সুবিধা পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরেই এই নতুন স্কেলের মূল বেতনের পুরো অংশ সরকারি কোষাগার থেকে দেয়া হবে এবং সব ধরনের ভাতা আগামী অর্থবছরে দুই ধাপে পরিশোধ করার পরিকল্পনা করা হয়েছে। তবে নতুন পে-স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমানে চালু থাকা ২০০০ থেকে ৩০০০ টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

কারণ, মূল বেতন এক লাফে দ্বিগুণ বা তার চেয়েও বেশি বৃদ্ধি পাওয়ায় এই বিশেষ ভাতার আর কোনো যৌক্তিকতা থাকবে না।

এদিকে বর্তমান নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সব গ্রেডেই গড়ে ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেয়া হয়। তবে নতুন খসড়া অনুযায়ী, ষষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল রাখার প্রস্তাব করা হয়। এদিকে পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, তৃতীয় ও চতুর্থ গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্টের সুপারিশ করা হয়েছে। প্রথম গ্রেডের ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারণের কথা চলছে। এছাড়া জাতীয় বেতন কমিশনের সুপারিশে চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৫ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকায় আনা হচ্ছে। আর সন্তানদের জন্য মাসিক শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। এক্ষেত্রে কমিশনের সুপারিশ ছিল ২ হাজার টাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%