১০:৫৭ পি.এম
ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি শনিবার বিকেলে যশোর শহরের চৌরাস্তা মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নার্গিস বেগম বলেছেন, দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল এক দিনে দূর করা সম্ভব নয়। বর্তমান সরকারের হাতে আলাদিনের কোনো প্রদীপ নেই যে ঘষামাজা করলেই রাতারাতি সব বদলে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যথাযথ সংস্কারের মাধ্যমেই রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলা হবে।
নার্গিস বেগম বিরোধী দলগুলোর উদ্দেশে বলেন, ‘সংসদ ও রাজপথের বিরোধিতাকারীদের গঠনমূলক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাই। যারা আজ বিএনপিকে হুমকি দিচ্ছেন, তাদের সেই হুংকার দিয়ে কোনো লাভ হবে না। কারণ, বিএনপি জন্ম নিয়েছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের বাক ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার সুমহান লক্ষ্য নিয়ে। যেকোনো সংকট মোকাবিলা করার রাজনৈতিক দক্ষতা ও দৃঢ়তা দলের রয়েছে।’
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার দর্শন তুলে ধরে নার্গিস বেগম বলেন, ‘কেবল ফ্যাসিবাদের প্রধান দোসররাই নয়, বরং প্রতিটি অন্যায় ও অপরাধের সঙ্গে জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে। জবাবদিহিমূলক, বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার জনগণের কাছে করা হয়েছিল, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী সেই লক্ষ্য অর্জনে কাজ শুরু করেছেন।’
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাজিদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে, গণসমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের ১৬টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। এতে চারপাশের এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন