০২:০০ পি.এম
অতীত ভুলে না গিয়ে এবং অতীতকে আঁকড়েও না পড়ে থেকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানের ওয়েস্টিন ঢাকা হোটেলে অনুষ্ঠিত ভারতীয় হাইকমিশন কর্তৃক আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আবেদন জানান। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ভারতীয় হাইকমিশনার দুই দেশের অভিন্ন ইতিহাস ও সংস্কৃতিকে ভিত্তি করে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, নিঃশর্ত পারস্পরিক আস্থা একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
তিনি বলেন, প্রকৃত বন্ধু হচ্ছেন তারা, যারা একে অপরের সমস্যা বোঝে এবং একসঙ্গে সমস্যাগুলোর সমাধান করতে পারে।
দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেন বাংলাদেশ প্রধানমন্ত্রীর তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে।
হাইকমিশনার আরো জানান, দুই দেশের মধ্যে দূরত্ব কমাতে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, ‘আমরা কেবল একটি সীমান্তই ভাগাভাগি করি না; বরং আমরা একই স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং সমতার অংশীদার। একজন ছোট আর অন্যজন বড়— বিষয়টি এমন নয়, আমরা সবাই সমান।’
তিনি অতীতকে স্বীকার করে এবং পুরনো সমস্যাগুলো সমাধান করে দুই দেশকে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তার মতে, দুই দেশ স্থবির অবস্থায় থাকতে পারে না।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
হাইকমিশনার বলেন, অতীত ভুলে যাবেন না, অতীত আঁকড়েও পড়ে থাকবেন না, সামনে এগিয়ে যান।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা এবং মতামত ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে দুই দেশ যৌথভাবে সংশ্লিষ্ট সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে।
তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের ভারত ভ্রমণের জন্য দ্রুত, সম্ভব হলে তাৎক্ষণিকভাবে ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া চালুর আহ্বান জানান।
তিনি বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীরা আরও ঘন ঘন ভারতে যেতে পারবেন। দুই দেশের মধ্যে চিকিৎসা পর্যটন ইতোমধ্যে ভালোভাবে বিকশিত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের বেসরকারি খাতের আরও নিয়মিত ও স্বতঃস্ফূর্ত যোগাযোগ নিশ্চিত করতে আমরা আগ্রহী।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইআইয়ের মহাপরিচালক چন্দ্রজিৎ ব্যানার্জি, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন