বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৪:২১ পি.এম
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবার আরেক মামলায় আসামি হতে যাচ্ছেন। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে, এমনটি জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ার ছয়জনকে হত্যার মামলায় মানবতাবিরোধী অপরাধে গত ৩০ জুন রায় হয় জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর। রায়ে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১০ বছরের কারাদন্ড দিয়েছেন। তবে, এটি এখানেই শেষ হচ্ছে না। মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এবার আসামি হতে যাচ্ছেন হাসানুল হক ইনু।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালে রাতের আঁধারে শাপলাচত্বরে ঘটে যাওয়া হত্যাযজ্ঞে হাসানুল হক ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে। এই মামলায় তাকেও আসামি করা হবে।
চলতি মাসের শেষ সপ্তাহে তদন্ত প্রতিবেদন ও ফরমাল চার্জ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গেল বছরের ২৬ নভেম্বর হেফাজতে ইসলাম শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে শাপলা চত্বরের হত্যাযজ্ঞ নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আর্জেন্টিনা দল ফ্লোরিডায় নকআউট পর্বের নিজেদের প্রথম ম্যাচ খেলতে গেছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে কড়াকড়ি করা হয়েছে যে, পুরো আর্জেন্টাইন দলকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়েছে। তল্লাশি থেকে বাদ পড়েননি মেসিও।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার বেস ক্যাম্প। দলের পরবর্তী ম্যাচটি মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে তারা কেপ ভার্ডের মুখোমুখি হবে।
এই ম্যাচ খেলতে মিসৌরির বিমানে ওঠার আগে মেসিদের নিয়মমাফিক নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
একটি ছোট ভিডিও ক্লিপ ইন্টারনেটে আলোচনা সৃষ্টি করেছে। ওই ক্লিপে দেখা যাচ্ছে, আলবিসেলেস্তে খেলোয়াড়রা নিজেদের লাগেজ বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের কাছে রেখে সামনে এগোচ্ছেন। মেসিকে মেটাল ডিটেক্টর দিয়ে পুরো শরীর তল্লাশি করা হচ্ছে।
অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, রদ্রিগো ডি পলকেও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে এবং কোনো এক কারণে মেসি অট্টহাসিতে ফেটে পড়ছেন।
বিশ্বকাপের এবারের টুর্নামেন্টের বড় চমক কেপ ভার্ড। তারা তিনটি ম্যাচ খেলে কোনো একটি জিততে পারেনি তবে হারেনি। সবথেকে ছোট দেশ হিসেবেও বিশ্বকাপের নকআউটে উঠে এসেছে। এই দলের বিপক্ষে আর্জেন্টিনাকে ভুগতে হতে পারে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় এই দুই দল মুখোমুখি হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশে হাম এবং হামের উপসর্গ যেহেতু মৃত্যু মিছিল থামছেই না, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) এই ভাইরাসের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯টি শিশু।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর প্রত্যেকেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে এই সময়ে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সাড়ে তিন মাস ধরে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ ২ জুলাই পর্যন্ত সারা দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে মোট ৭২৪টি শিশুর প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। আর বাকি ৬৩১টি শিশু মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে।
অধিদফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪টি শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৬৫ জন। আক্রান্তদের মধ্যে গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২টি শিশু। বিপরীতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭৭ জন।
গত সাড়ে তিন মাসের সামগ্রিক চিত্র আরও ভয়াবহ। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে। এর মধ্যে ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে ১২ হাজার ২৮৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এই সময়ে আক্রান্ত ও উপসর্গ আক্রান্ত মিলিয়ে মোট ৮৬ হাজার ৪১১টি শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে আশার কথা হলো, তাদের মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হামের টিকা সময়মতো নিশ্চিত না করা হলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। বিশেষ করে পুষ্টিহীনতায় ভোগা শিশুদের মধ্যে এই ভাইরাসের জটিলতা অনেক বেশি দেখা দিচ্ছে। উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও কমানো হয়েছে। জুলাই মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম কমানোর এই নতুন ঘোষণা দিয়েছে।
সন্ধ্যা ৬টা থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, জুলাই মাসে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২ জুন সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে, বৃহস্পতিবার জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
গত ২ জুন সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি বিধিমালা ভঙ্গ করে বিদ্যালয়ের নতুন, পুরোনো ও অব্যবহৃত সরকারি পাঠ্যপুস্তক ভাঙারির দোকানে বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম মো. আকতার হোসেন। তিনি বিদ্যমান সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
শুক্রবার (২৬ জুন) দুপুর বেলা পৌর শহরের বহেরাতলা এলাকার একটি ভাঙারির দোকানের সামনে থেকে ট্রাকে বই ভর্তি করার সময় স্থানীয় জনতা একাধিক বইসহ একটি ট্রাক আটক করে। এই ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক মো. কবির হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার (২৬ জুন) দুপুরে পৌর শহরের বহেরাতলা এলাকার জনৈক হান্নানের ভাঙারির দোকানের সামনে বগুড়াগামী একটি ট্রাকে আনুমানিক ৮ হাজার কেজি নতুন-পুরোনো বই, গাইড বই ও কার্টন বিক্রির উদ্দেশ্যে তোলা হচ্ছিল। এই সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা বই এবং কার্টনসহ ট্রাকটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, সেখানে ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষের জন্য বিপুল পরিমাণ নতুন ও অব্যবহৃত সরকারি পাঠ্যপুস্তক উপস্থিত রয়েছে।
ঘटनাস্থলে উপস্থিত জাকারিয়া নামের এক হকারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকতার হোসেনের কাছ থেকে তিনি বইগুলো কিনেছেন। এই মর্মে হকার জাকারিয়া তাৎক্ষণিকভাবে একটি লিখিত বক্তব্যও প্রদান করেন।
এজাহারে আরও উল্লেখ থাকা তথ্যে বলা হয়, গত ২৩ জুন প্রধান শিক্ষক মো. আকতার হোসেন ও তার সহযোগীরা সরকারি বিধিমালা উপেক্ষা করে এবং কোনো ধরনের নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ না করে বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত ও ভোকেশনালসহ বিভিন্ন বিষয়ের মোট ২ হাজার ৩৭৯টি সরকারি বই গোপনে হকার জাকারিয়ার কাছে মাত্র ৮ হাজার ৮০৫ টাকায় বিক্রি করেন। বইগুলোর মোট ওজন ছিল ৫৮৭ কেজি।
এজাহারে অভিযোগ আনা হয়েছে, সরকারি কর্মচারী হিসেবে এই ধরনের ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে বই বিক্রির অর্থ আত্মসাৎ করা হয়েছে। আলাদা করে বই বিক্রির আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে বুধবার (১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে প্রাথমিক স্তরের বইগুলো উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেওয়া হয় এবং গাইড বইগুলো সংশ্লিষ্ট প্রাপকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অন্যদিকে, মাধ্যমিক স্তরের ২ হাজার ৩৭৯টি সরকারি বই মঠবাড়িয়া থানা পুলিশ জব্দ করেছে। বইগুলো যথাযথভাবে যাচাই-বাছাই এবং বিতরণ কার্যক্রম শেষ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পরামর্শক্রমে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদী জানিয়েছেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ