ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে প্রতিদিন গড়ে ১০ খুন, বাড়ছে জনমনে উদ্বেগ


দেশে প্রতিদিন গড়ে ১০ খুন, বাড়ছে জনমনে উদ্বেগ

বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর ধীরে ধীরে অপরাধ কিছুটা কমলেও, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে প্রতিদিন গড়ে অন্তত ১০ জন খুন হয়েছেন। গত দুই বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা কিছুটা বেশি হয়েছে। খুন, ছিনতাই ও ডাকাতির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে পুলিশের ঢাকা রেঞ্জে। যদিও পুলিশ সদর দফতরের দাবি, দিনে গড়ে ১০টি খুন বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাভাবিক। তবে অপরাধ বিশ্লেষকদের মতে, পুলিশের চেইন অব কমান্ড এখনো পুরোপুরি শক্তিশালী না হওয়ায় অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

গত ১২ জুন রাজধানীর রামপুরায় শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এর কিছুদিন আগে নিউমার্কেট এলাকায় আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনও গুলিতে নিহত হন।

অনুসন্ধানে জানা গেছে, আন্ডারওয়ার্ল্ডে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বেই এসব হত্যাকাণ্ড ঘটেছে। এ ছাড়া রাজধানীতে একের পর এক ডাকাতি ও দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। গত ২৬ জুন আদাবরে একটি বিকাশের দোকানে ঢুকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং কিশোর গ্যাংয়ের তৎপরতাও বেড়েছে। এসব ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক কাটছে না। সাধারণ মানুষ বলছেন, বর্তমান পরিস্থিতি সাধারণ নাগরিকদের জন্য উদ্বেগজনক। দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। টাস্কফোর্স বা বিশেষ কমিটি গঠন করা প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে খুন, ডাকাতি, চুরি ও নারী নির্যাতনের মতো অপরাধ কমে এবং মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ছয় মাসে দেশে খুনের ঘটনা ছিল দেড় হাজারের বেশি। ২০২৫ সালে সেই সংখ্যা আরও দুই শতাধিক বেড়ে যায়। আর চলতি বছর এখন পর্যন্ত খুন হয়েছে ১ হাজার ৭৭৫টি। একই সময়ে খুন, ছিনতাই ও ডাকাতির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে পুলিশের ঢাকা রেঞ্জে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম রেঞ্জ। আর মহানগরগুলোর মধ্যে খুন, ছিনতাই ও ডাকাতিতে শীর্ষে রয়েছে ঢাকা।

খুন, ছিনতাই ও চুরি যেন এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। পুলিশ সদর দফতরের তথ্য বলছে, দেশে প্রতিদিন গড়ে ১০টি খুন হচ্ছে। এমন পরিস্থিতিতে নগরবাসীর প্রশ্ন, কবে স্বাভাবিক হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি? কবে মানুষ আতঙ্ক ছাড়াই ঘর থেকে বের হতে পারবে?

তবে পুলিশ সদর দফতরের দাবি, প্রতিদিন গড়ে ১০টি খুন বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান চালানো হচ্ছে। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এ এইচ এম শাহদাত হোসাইন বলেছেন, গত দুই দশক ধরেই দেশে প্রতিদিন গড়ে প্রায় ৯ থেকে ১০টি খুনের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ওঠানামা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপরাধের মাত্রাও সহনীয় পর্যায়ে আছে। কোথাও আধিপত্য বিস্তার, কোথাও চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে অপরাধ হচ্ছে। প্রতিটি ঘটনার কারণ বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

অপরাধ বিশ্লেষকদের মতে, অপরাধ দমনে এখনো পুলিশের চেইন অব কমান্ড পুরোপুরি কার্যকর হয়নি। অনেক ক্ষেত্রে মাঠপর্যায়ের সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেন না। সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, মাঠপর্যায়ের সদস্যরা দেখছেন, সংকট তৈরি হলে অনেক সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা সরে যান বা আত্মগোপনে থাকেন। ফলে দায়িত্ব নেয়ার ক্ষেত্রে অনীহা তৈরি হয়েছে। অতীতের মতো সবাই নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন না। এ জায়গাতেই বড় ধরনের ঘাটতি রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক করতে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও জোর দিচ্ছে পুলিশ সদর দফতর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে নেতাকর্মীদের ঢল বরিশালে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


মাদারীপুরে নেতাকর্মীদের ঢল বরিশালে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে

বরিশালে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মাদারীপুরে নেতাকর্মীদের ঢল এসেছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে রাস্তার দুই পাশে নেতাকর্মীদের দীর্ঘ সারি ছিল। সেই সারিতে অংশ নিয়েছিলেন শিবচরের সর্বস্তরের নানা শ্রেণির মানুষ। প্রধানমন্ত্রীর তারেক রহমানকে একনজর দেখার জন্য এবং তাঁকে অভ্যর্থনা জানাতে ফুল হাতে অপেক্ষা করছিলেন তারা।

অবশেষে তিনি এলেন। উপস্থিত জনতাকে হাত নেড়ে তিনি শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের উদ্দেশে রওনা দেওয়ার সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ি সীমানা এলাকা থেকে পাঁচ্চর, বন্দরখোলা, সন্ন্যানীরচর, দত্তপাড়া সূর্যনগর এলাকা অতিক্রম করার সময়, তাঁকে বহনকারী লাল-সবুজের গাড়িতে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ। তাদের এ আয়োজন দেখে প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। বৃষ্টিকে উপেক্ষা করে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং গাড়িবহরে ফুল ছিটিয়ে তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পথ ধরে বিএনপির নেতাকর্মীরাও তাঁকে স্বাগত জানান। এছাড়া মাদারীপুরের রাজৈরের টেকেরহাট, সদর উপজেলার মোস্তফাপুর, কালকিনি উপজেলার ভুরঘাটাসহ বিভিন্ন এলাকায় ব্যানার-ফ্যাস্টুব হাতে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস করতে দেখা গেছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালের সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটা সৈকতে আবারও মৃ ত ইরাবতী ডলফিন ভেসে এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


কুয়াকাটা সৈকতে আবারও মৃ ত ইরাবতী ডলফিন ভেসে এসেছে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও একটি মৃত ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এসেছে। রবিবার (১২ জুলাই) দুপুরবেলা, জোয়ারের পানিতে জাতীয় উদ্যানসংলগ্ন সৈকত এলাকায় প্রায় ৮ ফুট দীর্ঘ ডলফিনটির মরদেহ স্থানীয়রা দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে প্রাণীটির মৃত্যু ঘটেছে।

খবর পাওয়ার পর উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা), বন বিভাগ এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে মৃত ডলফিনটির মরদেহ উদ্ধার করে মাটিচাপা দেওয়ার কাজ শুরু করা হয়।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কে. এম. বাচ্চু বলেন, আগের তুলনায় ডলফিনের মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও এখনও নিয়মিতভাবে এমন ঘটনার ঘটনা ঘটছে। তিনি ডলফিন মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে সরকার ও সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানকে কার্যকর গবেষণা পরিচালনার আহ্বান জানান।

তিনি আরও বলেন, উপকূলীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য উপরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ডলফিন সংরক্ষণ মানেই উপকূলীয় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত 'সুস্থ সাগর' প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, উদ্ধার হওয়া প্রাণীটি ইরাবতী প্রজাতির ডলফিন। ডলফিনটির শরীরে রক্তাক্ত দাগ থাকায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌযানের আঘাত, মাছ ধরার জালে আটকা পড়া কিংবা অন্যান্য মৎস্য আহরণ সরঞ্জামের সঙ্গে সংঘর্ষের কারণেই প্রাণীটির মৃত্যু হতে পারে।

তিনি আরও বলেন, শিল্পবর্জ্য, প্লাস্টিক, তেলসহ নদী ও মোহনার দূষণও এ প্রজাতির জন্য বড় ধরনের হুমকি। ডলফিন অভয়ারণ্য এলাকায় জালের ব্যবহার নিয়ন্ত্রণ ও স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, দীর্ঘদিন ধরে উপকূলজুড়ে ডলফিন সংরক্ষণে কাজ করে আসা সত্ত্বেও এ ধরনের মৃত্যুর ঘটনা থেমে যাচ্ছে না। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা কে. এম. মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরে মৃত ডলফিনটি যথাযথভাবে মাটিচাপা দেওয়া হয়েছে, যাতে দুর্গন্ধ ছড়িয়ে জনস্বাস্থ্যের কোনো সমস্যা সৃষ্টি না হয়।

উল্লেখ্য, কুয়াকাটা উপকূলে এর আগেও একাধিকবার মৃত ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে। পরিবেশবিদদের মতে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি উপকূলীয় সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য উদ্বেগজনক সংকেত এবং বিষয়টি নিয়ে দ্রুত কার্যকর গবেষণা ও সংরক্ষণমূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে নামছে বন্যার পানি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


বান্দরবানে নামছে বন্যার পানি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

বান্দরবান জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি নেমে যাওয়ার ফলে পুনরায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ণ। আশ্রয় কেন্দ্র ও নিরাপদ স্থানে অবস্থান করা বন্যাকবলিত মানুষেরা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে আসা শুরু করেছেন। কিন্তু কাদামাটি, ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি এবং প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের চরম দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। এখনও অনেক জায়গায় কাদামাটি জমাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং অবোরোধী সড়ক যোগাযোগ স্বাভাবিক না হওয়ার কারণে দুর্গত অঞ্চলে জনগণের দুর্ভোগ বেড়ে চলেছে।

এদিকে, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে জমে থাকা মাটি ও উপড়ে পড়া গাছপালা অপসারণ করছেন। রুমা, রোয়াংছড়ি, থানচি, আলীকদম সড়কে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বেড়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক রাখতে সেনাসদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে স্বেচ্ছায় উদ্ধার ও অপসারণ কার্যক্রম পরিচালনা করে চলেছেন।

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং পাহাড় ধসের কারণে ভয়াবহ দুর্যোগ পরিস্থিতির উদ্ভব হয়েছে। বান্দরবানে ৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ১০জন। এছাড়া, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় প্রায় অর্ধ-লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ৮ হাজার ৫শত পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগে বান্দরবানে ৬ জন মারা যাওয়ার খবর রয়েছে। লামায় পাহাড় ধসে ৫ জন এবং বাইশারী পানিতে ভেসে ১ জনের মৃত্যু হয়েছে। জেলার ২৬টি পয়েন্টে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পুরো জেলায় ২২০টি আশ্রয়কেন্দ্রে ৬ হাজার ২শত ৫০ জন আশ্রয় নিয়েছেন, আর পানিবন্দী হয়েছে প্রায় ৮ হাজার ৫শত পরিবার। জেলা প্রশাসন ইতোমধ্যে বন্যার্তদের জন্য নগদ ৮ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বান্দরবানের সাঙ্গু-মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গেল এক সপ্তাহ ধরে জেলার সাতটি উপজেলা, দুইটি পৌরসভা এবং ৩৪টি ইউনিয়নের প্রায় অর্ধ-লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলা শহরের নিম্নাঞ্চলসহ নদী তীরবর্তী বসতবাড়িগুলো পানিতে ডুবে গেছে। পাহাড় ধসের কারণে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যেই ১৯ জেলায় ঝড় ও অতিভারি বৃষ্টির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


সন্ধ্যার মধ্যেই ১৯ জেলায় ঝড় ও অতিভারি বৃষ্টির শঙ্কা

ঢাকাসহ দেশের ১৯টি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে। একই সঙ্গে এসব এলাকার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংেহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি, এ সময়ে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এ কারণে এসব সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, আবহাওয়ার আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা করা হয়েছে।

এছাড়া, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি এবং ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%