ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স


১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদকে জানিয়েছেন যে, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়েছে।

আজ সংসদে জামালপুর-৫ আসনের সরকারি দলের সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের এক লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য উপস্থাপন করেন।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানতে চেয়েছিলেন, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কতজনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে এবং এর বছরওয়ারী হিসাব কেমন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে, উল্লিখিত সময়ের মধ্যে মোট ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে শর্টগানের লাইসেন্স ৭ হাজার ৩০৮টি, পিস্তলের ৫ হাজার ৩৪৭টি, রিভলবারের ৫৯৪টি, রাইফেলের ৯৪৮টি এবং অন্যান্য ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে ৫ হাজার ৪৪৪টি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের বছরওয়ারী হিসাব দেশের ৬৪টি জেলার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে সংগ্রহ করে পাঠাতে হবে। এই কারণে প্রয়োজনীয় সময় লাগায় বর্তমানে প্রশ্নটির আংশিক উত্তর দেওয়া সম্ভব হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় পথচারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় পথচারীর মৃত্যু

চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২৬ : রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামের এক পথচারী নিহত হয়েছেন।

এই ঘটনা বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নগরীর খুলশী থানাধীন পলিটেকনিক মোড় এলাকায় ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ফেনী জেলার দাগনভূঞার উপজেলার জয় নারায়ণপুর এলাকার নুর নবীর পুত্র।

পুলিশের সূত্রে জানা যায়, সকাল বেলায় দেলোয়ার হোসেন পলিটেকনিক মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, ভোরে প্রাইভেটকারের ধাক্কায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


শিশুদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ত্রাণমন্ত্রী

লালমনিরহাট, ২৭ আগস্ট, ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা অপরিহার্য।

আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে বেকার নারীদের আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয় এবং অসহায় ও ছিন্নমূল চার শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, লবণ, চিনি, হলুদ ও মরিচের গুঁড়াসহ বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এছাড়া, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে প্রায় ১০০টি ফুটবল তুলে দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, একটি সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা ও খেলাধুলাকে সমান গুরুত্ব প্রদান করা আবশ্যক। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে।

বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে শিশু-কিশোরদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয়ের প্রবণতার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম জোরদার করা এবং খেলার মাঠগুলো সচল রাখা প্রয়োজন।

আসাদুল হাবিব দুলু বলেন, কেবল ভালো ফলাফল করলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে না। তাকে নৈতিকতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষায়ও গড়ে তুলতে হবে। খেলাধুলা এসব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার চর্চা বাড়ানোর আহ্বান জানান।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, নারীদের শুধু সহায়তা দিলেই হবে না, তাদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একটি পরিবারের একজন নারী আয় করতে পারলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ার পাশাপাশি সন্তানদের শিক্ষা ও জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়ে।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস, ইউনিয়ন পরিষদের সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাল থেকে শুরু নারী এশিয়া কাপের দশম আসর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


কাল থেকে শুরু নারী এশিয়া কাপের দশম আসর

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : আগামীকাল থেকে মাঠে শুরু হচ্ছে নারী এশিয়া কাপের দশম আসর। এবারের আসরটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এখন পর্যন্ত নারী এশিয়া কাপের চারটি ওয়ানডে এবং ছয়টি টি-টোয়েন্টি ফরম্যাটের আয়োজন করা হয়েছে।

দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া দশম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে হংকং ও থাইল্যান্ড। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আসন্ন টুর্নামেন্টে আটটি দলকে দুই গ্রুপে বিভক্ত করা হয়েছে।

‘বি’ গ্রুপে বাংলাদেশের অবস্থান। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া।

বাংলাদেশ আগামী ৩১ আগস্ট গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবারের নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল খেলার লক্ষ্য স্থির করেছেন। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। কারণ আমরা বেশ কয়েকবার সেমিফাইনাল থেকে বাদ পড়েছি। এবার আমরা সেমির বাঁধা টপকাতে চাই।”

তিনি আরও বলেন, “দল হিসেবে আমাদের ব্যাটিং বেশ ভালো হচ্ছে। বিশেষ করে এই টুর্নামেন্টে টপ-অর্ডাররা যদি ভালো ব্যাট করতে পারে তবে আমার মনে হয়, আমাদের ফাইনালে খেলার ভালো সুযোগ থাকবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

এখন পর্যন্ত বাংলাদেশ একবার এশিয়া কাপের শিরোপা জিতেছে। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ। এছাড়া ২০১২ ও ২০২৪ সালে সেমিফাইনাল থেকে বিদায় নেয় টাইগ্রেসরা।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং হংকং রয়েছে। গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে।

দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে। আগামী ১০ (এ১-বি২) ও ১১ (এ২-বি১) সেপ্টেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৩ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে এশিয়া কাপের পর্দা নামবে।

এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে ভারত। বাংলাদেশের সাথে একবার শিরোপা ঘরে তুলেছে শ্রীলংকা।

এছাড়া শ্রীলংকা পাঁচবার, ভারত ও পাকিস্তান দু’বার করে রানার্স-আপ হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ৮৬৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ৮৬৮ জন

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে, ৮৬৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৯ জন, খুলনা বিভাগে ২০৫ জন, রংপুর বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন এবং বরিশাল বিভাগে ১১০ জন রোগী রয়েছেন।

চলতি বছরের ২৬ আগস্ট পর্যন্ত, সারাদেশে মোট ৩২ হাজার ২৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে কারও মৃত্যু হয়নি। তবে, চলতি বছরে ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে।

এ বছরের মধ্যে, মোট ৩০ হাজার ৭৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ২ হাজার ৮৩ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু ঘটেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%